নারীদের নির্দিষ্ট কিছু রোগ, বিশেষ করে এন্ডোমেট্রিওসিসে কৈশোর থেকেই ভুগছেন সাংবাদিক ও প্রাবন্ধিক সালোমে সাকে। চিকিৎসা গবেষণা ও চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নারীরা যে বৈষম্যের শিকার হন, তা নিয়ে সম্প্রতি অনুসন্ধান করেছেন তিনি। এ বিষয়ে নিজের অভিজ্ঞতা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেছেন এক সাক্ষাৎকারে।
নতুন অনুসন্ধানমূলক বই ‘সে তঁ ভত্র তেত’ (সবই আপনার মাথার মধ্যে)—এর ভূমিকায় নিজের যন্ত্রণার এক শক্তিশালী ও ব্যতিক্রমী বিবরণ দিয়েছেন সালোমে সাকে। বইটির পূর্ণ শিরোনামের অর্থ, ‘সবই আপনার মাথার মধ্যে: নারীর যন্ত্রণার প্রতি অবজ্ঞার অবসান’। সাংবাদিক ও কলাম লেখক হিসেবে তিনি নিজের অসহনীয় স্ত্রীরোগজনিত যন্ত্রণার অভিজ্ঞতা তুলে ধরেছেন। সাধারণ হলেও যথাযথ চিকিৎসা না পাওয়া বিভিন্ন রোগের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করতে হয়েছে তাঁকে।
প্রায়ই তীব্র ব্যথায় কুঁকড়ে থাকতেন তিনি। কিন্তু রোগ নির্ণয় বা চিকিৎসা—কোনোটিই পাচ্ছিলেন না। এই অভিজ্ঞতাই তাঁকে নারীদের শারীরিক যন্ত্রণা এবং চিকিৎসাসেবায় বৈষম্য নিয়ে অনুসন্ধানে আগ্রহী করে তোলে। রোগীদের অভিজ্ঞতা, চিকিৎসক ও গবেষকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি এই অবহেলার ইতিহাস, গবেষণার সীমাবদ্ধতা এবং সমান চিকিৎসাসেবা নিশ্চিত করতে নারী ও স্বাস্থ্যকর্মীদের সংগ্রামের বিষয়গুলো তুলে ধরেছেন।
প্রশ্ন: নিজের যন্ত্রণার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বইটি শুরু করার সিদ্ধান্ত নিলেন কেন?
সালোমে সাকে: বহু বছর ধরে আমি নিজের স্বাস্থ্যগত সমস্যাগুলো আড়াল করার চেষ্টা করেছি। ভয় ছিল, এসব কথা প্রকাশ করলে আমার পেশাগত গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। মনে হতো, আমি যদি এসব নিয়ে কথা বলি, তাহলে আমাকে শুধু ‘নারীদের সমস্যা ও মাসিকজনিত জটিলতা’ নিয়ে কথা বলা একজন হিসেবে দেখা হবে।
আমি নিজেকে এমন একজন হিসেবে তুলে ধরতে চেয়েছিলাম, যিনি কোনো দুর্বলতা প্রকাশ করেন না। প্রমাণ করতে চেয়েছিলাম, অর্থনীতি ও রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করা একজন দায়িত্বশীল সাংবাদিক আমি।
কিন্তু এখন নিজের অভিজ্ঞতা প্রকাশ করছি, কারণ একজন সাংবাদিক হিসেবে বৈষম্য নিয়ে অনুসন্ধান করব, অথচ নিজের সংগ্রামের কথা গোপন রাখব—এর মধ্যে এক ধরনের স্ববিরোধিতা রয়েছে। আমি বুঝতে পেরেছি, সমাজ এমনভাবে গড়ে উঠেছে যে এসব বিষয় নিয়ে কথা বলা হয় না। ফলে বৈষম্যও টিকে থাকে।
অবশ্যই নিজের অভিজ্ঞতা প্রকাশ করলে বিশ্বাসযোগ্যতা হারানোর ভয় আছে। তবে একই সঙ্গে স্বস্তিও অনুভব করছি। এখন অন্তত সত্যি করে বলতে পারি, বিছানায় যন্ত্রণায় কুঁকড়ে থাকার কারণে কোনো কর্মসূচিতে যেতে না পারলে কেন তা বাতিল করছি।
এই বই লজ্জার বিরুদ্ধে প্রতিবাদের একটি উপায়। নারীদের ব্যক্তিগত পরিসর থেকে তাঁদের যন্ত্রণার বিষয়টি বের করে আনারও চেষ্টা। এখন সময় এসেছে, নারীদের শারীরিক যন্ত্রণাকে এমন একটি রাজনৈতিক ও সামাজিক ইস্যু হিসেবে বিবেচনা করার, যা পুরুষদেরও উদ্বিগ্ন করে।
প্রশ্ন: আপনি তিনটি পরিচিত রোগে ভুগছেন, যেগুলো দীর্ঘদিন অবহেলিত ছিল এবং এখনো নিরাময়যোগ্য নয়। চিকিৎসাসেবা পাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?
সালোমে সাকে: অনেক নারীর মতো আমার চিকিৎসার ইতিহাসও বেশ জটিল। চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। কৈশোরেই এন্ডোমেট্রিওসিস ও পলিসিস্টিক ওভারি সিনড্রোমের (বর্তমানে যাকে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারি সিনড্রোম বা পিএমওএস বলা হয়) উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ব্যথা তীব্র হয়ে ওঠে। কিন্তু দীর্ঘদিন রোগ শনাক্ত করা সম্ভব হয়নি।
পিএমওএস একটি হরমোনজনিত সমস্যা। প্রতি ১০ জন নারীর একজন এতে আক্রান্ত হন। এর ফলে ইনসুলিন প্রতিরোধ, শরীরে অতিরিক্ত লোম গজানো, চুল পড়ে যাওয়া, ব্রণ এবং ওজনজনিত সমস্যা দেখা দিতে পারে।
অন্যদিকে, এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে জরায়ুর ভেতরের আবরণের মতো টিস্যু জরায়ুর বাইরে তৈরি হয়। প্রতিটি মাসিক চক্রের সময় এই টিস্যু থেকে রক্তক্ষরণ হয় এবং প্রদাহ সৃষ্টি করে। এর ফলে কখনো কখনো অসহনীয় ব্যথা হতে পারে।
গত কয়েক বছরে আমার ব্যথা এতটাই বেড়েছে যে তা সহ্য করা কঠিন হয়ে পড়েছে। চুলও পড়তে শুরু করে। রোগ শনাক্ত হওয়ার আগে অসংখ্য পরীক্ষা করাতে হয়েছে। কী ঘটছে, তা বুঝতে না পারা এবং কোনো উপশম না পাওয়ার অভিজ্ঞতা ছিল অত্যন্ত কঠিন।
লিপিডিমা নামের আরেকটি দীর্ঘস্থায়ী রোগও আমার রয়েছে। এতে ত্বকের নিচে অস্বাভাবিক ও সমানভাবে চর্বি জমে, বিশেষ করে পায়ে। এর সঙ্গে ব্যথা ও ভারী অনুভূতি থাকে। তুলনামূলকভাবে সম্প্রতি আমার এই রোগ শনাক্ত হয়েছে। তবে তিনটি রোগের মধ্যে এন্ডোমেট্রিওসিসই আমার দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।
প্রশ্ন: কখনো কি চিকিৎসক বা অন্য কারও কাছ থেকে নিজের যন্ত্রণাকে অস্বীকার করার অভিজ্ঞতা হয়েছে?
সালোমে সাকে: আমার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ছিল চিকিৎসায় অবহেলা। কারণ, এসব রোগ সম্পর্কে এখনো যথেষ্ট বোঝাপড়া তৈরি হয়নি। চিকিৎসকেরা পরীক্ষায় কিছু দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন। অথচ আমার ব্যথা এতটাই তীব্র ছিল যে কখনো কখনো মনে হতো, আমার জীবনই ঝুঁকির মধ্যে রয়েছে।
মনে হতো, এমন একটি সমস্যা নিয়ে সবাইকে বিরক্ত করছি, যা কেউ বুঝতে পারছে না। রোগ শনাক্ত হওয়ার পরও পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। কারণ, এসব রোগের এখনো কোনো নিরাময় নেই। এভাবে জীবনযাপন করা কঠিন।
অনুসন্ধানের জন্য অনেক নারীর সাক্ষাৎকার নেওয়ার পর বুঝেছি, এই অভিজ্ঞতা মোটেও বিচ্ছিন্ন নয়। বরং অনেকের কাছেই এটি পরিচিত বাস্তবতা। একই সঙ্গে আমি উপলব্ধি করেছি, কিছু সুবিধা আমার রয়েছে। শহরের কাছাকাছি থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে দ্রুত যেতে পারি। পরিচিতদের সুপারিশে ভালো চিকিৎসকও পেয়েছি। অতিরিক্ত চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্যও রয়েছে আমার।
এই অনুসন্ধান আমাকে নিজের বেদনাদায়ক অভিজ্ঞতাকে বৃহত্তর বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে সাহায্য করেছে। বুঝতে পেরেছি, আমি একা নই। এটি আমাদের সম্মিলিত সংকট। এর দায় কোনো ব্যক্তির নয়; বরং সমাজ ও স্বাস্থ্যব্যবস্থার কাঠামোগত সমস্যাই এর জন্য দায়ী।
প্রশ্ন: নারীর শরীরের প্রতি স্বাস্থ্যব্যবস্থার কাঠামোগত অবহেলার কথা বলেছেন। এটি কীভাবে প্রকাশ পায়?
সালোমে সাকে: সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তাঁদের কাছ থেকে এত বিপুল সাড়া পাব, তা ভাবিনি। নারীদের সবচেয়ে বড় ভয় ছিল—তাঁদের ব্যথাকে অতিরঞ্জিত বলে মনে করা হবে, এমনকি তাঁরা মিথ্যা বলছেন বলেও সন্দেহ করা হতে পারে।
সমাজে এখনো এমন ধারণা রয়েছে যে নারীরা অন্যের মনোযোগ পাওয়ার জন্য নিজেদের সমস্যাকে বড় করে দেখান। ফলে নারীরাও অনেক সময় নিজেদের যন্ত্রণাকে ছোট করে দেখাতে বাধ্য হন।
এই ভয় বহু শতাব্দীর পুরোনো চিকিৎসাব্যবস্থার উত্তরাধিকার। নারীবিদ্বেষী চিকিৎসাচর্চা দীর্ঘদিন ধরে নারীদের ওপর নিপীড়ন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করেছে। প্রাচীন মিসর ও গ্রিস থেকে শুরু করে উনিশ শতকে চিকিৎসাব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার সময় পর্যন্ত নারীর যন্ত্রণা ও তাঁদের কথিত হীনতাকে নানা উপায়ে ব্যাখ্যা ও বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে।
বর্তমানে চিকিৎসাব্যবস্থা রোগীদের উপশম দেওয়ার চেষ্টা করলেও পুরোনো সেই দৃষ্টিভঙ্গির প্রভাব রয়ে গেছে। ১৯৯০-এর দশক থেকে পরিচালিত বিভিন্ন গবেষণায় এর প্রমাণ পাওয়া গেছে। ২০২১ সালে একটি গবেষণায় নারী ও পুরুষের ব্যথার ভিডিও দেখিয়ে দর্শকদের কাছে ব্যথার মাত্রা নির্ধারণ করতে বলা হয়। দেখা যায়, দর্শকেরা নারীদের ব্যথার মাত্রা কম করে মূল্যায়ন করেছেন।
এমনকি এই বৈষম্য শিশু বয়স থেকেই শুরু হয়। একই শিশুর কান্নার রেকর্ডিং ছেলেশিশুর বলে পরিচয় করিয়ে দিলে দর্শকেরা সেটিকে বেশি কষ্টের প্রকাশ হিসেবে দেখেন। নারীর যন্ত্রণাকে এখনো অনেক ক্ষেত্রে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। এর ফলে রোগ শনাক্ত করতে দেরি হতে পারে।
প্রশ্ন: চিকিৎসা গবেষণার ক্ষেত্রেও কি এই বৈষম্য রয়েছে?
সালোমে সাকে: চিকিৎসা গবেষণায় কিছু অগ্রগতি হয়েছে। তবে অতীতে নারীদের গবেষণার বিভিন্ন পর্যায় থেকে বাদ রাখা হতো। ১৯৭৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল ট্রায়ালের কয়েকটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ সীমিত করা হয়েছিল।
এরপর পরিস্থিতির কিছু পরিবর্তন হয়েছে। এন্ডোমেট্রিওসিসসহ নারীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে গবেষণায় অর্থায়নও হচ্ছে। কিন্তু বৈষম্য এখনো রয়ে গেছে।
উদাহরণ হিসেবে বলা যায়, পুরুষদের ১৯ শতাংশের মধ্যে দেখা যায় এমন ইরেকটাইল ডিসফাংশন নিয়ে যত গবেষণা হয়েছে, নারীদের ৯০ শতাংশের মধ্যে উপসর্গ দেখা যায় এমন প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম নিয়ে গবেষণার সংখ্যা তার পাঁচ ভাগের এক ভাগ।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কাজ করা নতুন প্রতিষ্ঠানগুলো এন্ডোমেট্রিওসিস নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর তুলনায় ২৮ গুণ বেশি অর্থায়ন পেয়েছে।
ইউরোপে নিয়ম অনুযায়ী, ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট রোগী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে হবে। তবে নারীদের অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি। অন্যদিকে, ফ্রান্সে এ ধরনের বৈষম্য পরিমাপের জন্য প্রয়োজনীয় তথ্যও এখনো অসম্পূর্ণ।
প্রশ্ন: গবেষণা ও চিকিৎসায় এই বৈষম্যের পরিণতি কী?
সালোমে সাকে: এই বৈষম্য শুধু অন্যায্য নয়, নারীদের জীবনকেও গুরুতর ঝুঁকিতে ফেলে। ফ্রান্সের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হৃদ্রোগ বা হার্ট অ্যাটাকের চিকিৎসা। পুরুষদের তুলনায় নারীরা গড়ে ৩০ মিনিট দেরিতে চিকিৎসা পান। এতে তাঁদের মৃত্যুঝুঁকি দ্বিগুণ হয়ে যায়।
ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা ইনস্টিটিউটের মতে, নারীদের ব্যথাকে কম গুরুত্ব দেওয়ার প্রবণতা এই বিলম্বের অন্যতম কারণ। বুকে চাপ অনুভব করার কথা জানালে কোনো নারীকে অনেক সময় উদ্বেগ কমানোর ওষুধ দেওয়া হয়। কিন্তু একই উপসর্গ নিয়ে কোনো পুরুষ গেলে তাঁকে তুলনামূলক সহজে হৃদ্রোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়।
লিঙ্গভিত্তিক এই পক্ষপাতের সঙ্গে সামাজিক শ্রেণি, গায়ের রং ও অতিরিক্ত ওজনের মতো বিষয়ও যুক্ত হয়। ২০২৪ সালে মন্টপেলিয়ের বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, শ্বেতাঙ্গ নারীদের ব্যথা অন্য বর্ণের নারীদের তুলনায় বেশি নির্ভুলভাবে মূল্যায়ন করা হয়। এর পেছনে অন্য বর্ণের নারীরা তাঁদের উপসর্গ বাড়িয়ে বলেন—এমন বর্ণবাদী ধারণা কাজ করে।
প্রশ্ন: ২০১৪ সালে ‘পে তঁ উতেরুস’ আন্দোলনের পর নারীরা স্ত্রীরোগ বিশেষজ্ঞদের কাছে তাঁদের নেতিবাচক অভিজ্ঞতার কথা প্রকাশ করতে শুরু করেন। অনেক চিকিৎসকও তাঁদের চর্চায় পরিবর্তন এনেছেন। এটুকু কি যথেষ্ট নয়?
সালোমে সাকে: সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের অভিজ্ঞতা প্রকাশের প্রবণতা এবং সাংবাদিকদের অনুসন্ধানের কারণে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসায় সহিংসতা এখন অনেক কম সহনীয় হয়ে উঠেছে। এ ক্ষেত্রে সাংবাদিক মেলানি দেশালোতের ২০১৭ সালের বই ‘দ্য ব্ল্যাক বুক অব গাইনোকোলজি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফ্রান্সের জাতীয় নৈতিকতা পরামর্শ কমিটিও গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে, স্ত্রীরোগসংক্রান্ত কোনো পরীক্ষা বা চিকিৎসার আগে রোগীর স্পষ্ট সম্মতি নেওয়া। তরুণ প্রজন্মের চিকিৎসকদের মধ্যেও রোগীদের বক্তব্যকে আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
তবে এখনো অনেক পথ বাকি। আমার অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুতর সহিংসতার অনেক ঘটনা উঠে এসেছে। প্যারিসের চিকিৎসক অধ্যাপক এমিল দারাইয়ের বিরুদ্ধে ৩০ জনের বেশি নারী অভিযোগ তোলার পরও তিনি চিকিৎসা পেশায় কাজ চালিয়ে যাচ্ছেন।
শারীরিক সহিংসতার বাইরেও ফ্রান্সের স্ত্রীরোগ চিকিৎসাব্যবস্থা গভীর সংকটের মধ্যে রয়েছে। এ খাতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রবণতা বছর বছর বাড়ছে। আমার সাক্ষাৎকার নেওয়া নারীদের বড় একটি অংশের পক্ষেই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়।
প্রশ্ন: এই বৈষম্য দূর করার উপায় কী?
সালোমে সাকে: এ ক্ষেত্রে অনেক উদ্যোগ নেওয়া সম্ভব। এর মধ্যে কিছু উদ্যোগ ইতিমধ্যে পরীক্ষিত হয়েছে, সেগুলো আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা যেতে পারে।
নারীদের যন্ত্রণা নিয়ে জাতীয় সম্মেলন ‘এতা জেনেরো দ্য লা দুলের দে ফাম’ গত ১৯ অক্টোবর তাদের সুপারিশ উপস্থাপন করেছে। সেখানে ৩৩টি পদক্ষেপের কথা বলা হয়েছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শের সময় ব্যথা মূল্যায়নের পদ্ধতি উন্নত করা থেকে শুরু করে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সচেতনতামূলক প্রচারণা চালানোর প্রস্তাব রয়েছে।
সবার আগে নিশ্চিত করতে হবে, সব নারী যেন ন্যায্য ও সহজলভ্য চিকিৎসাসেবা পান। চিকিৎসাচর্চায় পরিবর্তন আনতে হলে চিকিৎসকদের নিয়মিত ও পদ্ধতিগত প্রশিক্ষণ প্রয়োজন। এ ক্ষেত্রে রোগীদের নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন ধরে এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করা বিভিন্ন সংগঠনের কার্যক্রমেও সহায়তা দিতে হবে।
এ ছাড়া পরিবার, বন্ধু ও কর্মক্ষেত্র থেকে একজন নারী কী ধরনের সহযোগিতা পাচ্ছেন, তার ওপরও তাঁর যন্ত্রণা মোকাবিলার অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে। গুরুতর রোগে আক্রান্ত হওয়ার পর পুরুষদের তুলনায় নারীদের সঙ্গীরা তাঁদের ছেড়ে যাওয়ার ঝুঁকি ছয় গুণ বেশি—এ বিষয়টিও মনে রাখতে হবে। কর্মক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে যন্ত্রণায় ভোগা নারীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে।
প্রশ্ন: তরুণদের ক্ষোভ ও আকাঙ্ক্ষা নিয়ে আপনি অনুসন্ধান করেছেন। এ বছরের শরতে শিক্ষার্থীদের বিক্ষোভকে কীভাবে দেখছেন?
সালোমে সাকে: এই বিক্ষোভে আমি অবাক হইনি। গত কয়েক বছর ধরেই মানুষের অসন্তোষ স্পষ্ট হয়ে উঠছিল। আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, শিক্ষার্থীদের প্রধান দাবি শিক্ষায় অর্থায়ন বাড়ানো এবং আরও বিস্তৃতভাবে বললে, সরকারি সেবার উন্নয়ন নিশ্চিত করা।
এই একই দাবি সরকারি খাতের কর্মী এবং জনসংখ্যার বড় অংশেরও। বিভিন্ন জনমত জরিপেও তার প্রতিফলন দেখা যায়। রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এসব সেবার মান কমেছে এবং মানুষের জন্য সেগুলো পাওয়া কঠিন হয়ে উঠেছে।












