বাংলাদেশে পঞ্চাশের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত স্বাধীন বুদ্ধিজীবী শ্রেণি ছিলেন। তাঁরা যেমন কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য পোষণ করতেন না, তেমনি ছিলেন প্রগতিশীল ও সেক্যুলার। যদিও বুদ্ধিজীবী বললে প্রগতিশীল ও সেক্যুলার বলার আলাদা কোনো প্রয়োজন হয় না। কারণ, সেক্যুলার বা ইহজাগতিক চিন্তা-চেতনায় সমৃদ্ধ না হলে কোনো ব্যক্তি কখনো প্রকৃত অর্থে বুদ্ধিজীবী হয়ে উঠতে পারেন না।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পর, ১৯৭৬ বা ১৯৭৭ সাল থেকে বিভিন্ন ফোরামের মাধ্যমে বাংলাদেশের বুদ্ধিজীবীরা ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করতেন। প্রথমে দর্শক সারিতে বসে এসব অনুষ্ঠান দেখতাম। পরবর্তী সময়ে জুনিয়র রিপোর্টার হিসেবে অনুষ্ঠানগুলো কাভার করতে যেতাম। অনেকটা নিজের আগ্রহেই করতাম। তখন বাংলাদেশে ভারতবিরোধী সরকার ক্ষমতায় ছিল। পাকিস্তানের প্রতি তাদের আনুগত্যও ছিল অনেক বেশি। তাই পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে অন্যতম ভূমিকা পালনকারী এই নেত্রীর জন্মদিনের সংবাদ খুব বেশি প্রকাশিত হতো না।
যেসব বুদ্ধিজীবী এই অনুষ্ঠান আয়োজন করতেন, তাঁদের কয়েকটি ফোরামের মধ্যে একটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বোস অধ্যাপক মতিন চৌধুরীর প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধ হলে মতিন চৌধুরী জিয়াউর রহমানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।
স্মৃতিতে যতটুকু আছে, তাতে বঙ্গবন্ধু পরিষদসহ অন্যান্য সংগঠনের আয়োজিত ইন্দিরা গান্ধীর জন্মদিন পালনের অনুষ্ঠানে অধ্যাপক মুশাররফ হোসেন, জিয়াউর রহমান কর্তৃক বরখাস্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন, বিচারপতি কে এম সোবহান, ঐতিহাসিক সালাউদ্দিন আহমদ, সাংবাদিক, লেখক ও সমাজবিজ্ঞানী আবু জাফর শামসুদ্দিন, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মোজাফফর আহমদ, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী পীর হাবিবুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম পাটোয়ারী এবং অধ্যাপক আনিসুজ্জামান প্রমুখ বক্তব্য রাখতেন। দেশের অনেক বিশিষ্ট ও তরুণ কবি এসব অনুষ্ঠানে কবিতা পাঠ করতেন।
এর মধ্যে বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন ও সাংবাদিক-লেখক আবু জাফর শামসুদ্দিন প্রায়ই বলতেন, রুশ বিপ্লবের বছরে তাঁর জন্ম। বাঙালি না হয়েও তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ বিপ্লবের অন্যতম নায়ক।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পর কেন তাঁরা এভাবে নানা প্রতিকূলতার মধ্যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করতেন, তা ওই সময়ে পুরোপুরি বুঝতে পারতাম না। তবে একটা বিষয় বুঝতাম। তাঁরা ইন্দিরা গান্ধী ও তাঁর মহান পিতা জওহরলাল নেহরুর কথা উল্লেখ করে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেহরুর অবদান, ইন্দিরার ত্যাগ ও সংগ্রাম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অসাধারণ ভূমিকার কথা তুলে ধরতেন। তবে এসবের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করতেন ইন্দিরা গান্ধী ও তাঁর পিতার সেক্যুলারিজমের জন্য সংগ্রামের বিষয়টি।
প্রথমে না বুঝলেও ধীরে ধীরে বুঝতে পারলাম, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান থেকে সেক্যুলারিজমকে হত্যা করা হয়েছে। সমাজ ও রাজনীতি থেকে সেক্যুলারিজমকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এমন একটি সময়ে তাঁদের এসব বক্তব্য গণমাধ্যম প্রচার করুক বা না করুক, যত কম শ্রোতাই উপস্থিত থাকুন না কেন, তাঁরা শ্রোতাদের সেক্যুলারিজমের পক্ষে রাখতে চাইতেন। একই সঙ্গে ব্যক্তিজীবন, রাজনীতি এবং সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় সেক্যুলারিজম কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরতেন। তাঁদের বক্তব্য ছিল, একটি রাষ্ট্র যতক্ষণ সেক্যুলার না হয়, ততক্ষণ তা পূর্ণাঙ্গ রাষ্ট্র হয়ে উঠতে পারে না। একইভাবে একটি রাজনৈতিক দল সেক্যুলার না হলে তাকে প্রকৃত অর্থে রাজনৈতিক দল বলা যায় না। এই সত্যগুলো তাঁরা তরুণদের সামনে তুলে ধরতেন।
মূলত ইন্দিরা গান্ধীকে স্মরণ করার মধ্য দিয়ে, তাঁর জীবন ও সংগ্রামের কথা বলার মধ্য দিয়ে তাঁরা বঙ্গবন্ধুর সৃষ্ট সেক্যুলার বাংলাদেশের কথা তুলে ধরতেন। তাঁরা বোঝাতে চাইতেন, সেই আদর্শে ফিরে না গেলে রাষ্ট্রটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হয়ে উঠবে না। বঙ্গবন্ধুর মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ যে আধুনিক রাষ্ট্রের চরিত্র হারিয়ে ফেলেছে, সেটিও তাঁরা পরোক্ষভাবে বলতেন। কখনো কখনো সরাসরিও বলতেন।
তাঁরা সেই সময়েই আশঙ্কা করতেন, ইন্দিরা গান্ধীর পরিণতিও বঙ্গবন্ধুর মতো হতে পারে। কারণ, তাঁদের ধারণা ছিল, ধর্মাশ্রয়ী রাজনীতি ও রাষ্ট্র সব সময়ই সাম্রাজ্যবাদের অনুগত থাকে। এ প্রসঙ্গে বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন মাঝে মাঝে বলতেন, “আমরা ভদ্রভাবে ধর্মাশ্রয়ী রাজনীতি বলি। কিন্তু বাস্তবে এদের বিষয়ে প্রকৃত পরিভাষাটি ব্যবহার করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলতেন, ‘ধর্মব্যবসায়ী রাজনীতি’।” বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন ব্যাখ্যা করতেন, বাস্তবে এরা ধর্মব্যবসায়ী। কারণ, এদের অধিকাংশই প্রকৃত ধর্মে বিশ্বাস করে না; শুধু রাজনৈতিক স্বার্থে ধর্মকে কাজে লাগায়।

ইন্দিরা গান্ধীর প্রতি আমার আকর্ষণ সেই শরণার্থী শিবির থেকেই। ওই বয়সে কাদা জলে দাঁড়িয়ে দূর থেকে তাঁকে মঞ্চে দেখেও তাঁর মুখের দিকে তাকিয়ে কোথায় যেন একটা আস্থা খুঁজে পেতাম। মনে হতো, তিনি যখন বলেছেন, আমাদের দেশ স্বাধীন হবে, আমরা নিজ দেশে ফিরে যাব, তখন শুধু দেশ নয়, বাড়িও ফিরে পাব। যে প্রিয় কুকুর ও বিড়ালগুলো ফেলে এসেছি, যাদের জন্য মন কাঁদত, মনে হতো তাদেরও ফিরে পাব। তাই তাঁকে ঘিরে কোনো আলোচনা সভা যেখানেই হোক না কেন, চলে যেতাম।
তাছাড়া তখন দেখেছি, বঙ্গবন্ধুহীন বাংলাদেশে প্রতিটি ভদ্র তরুণ-তরুণী ইন্দিরা গান্ধীর নাম শুনলে তাঁকে বঙ্গবন্ধুর মতোই একজন আপনজন বলে মনে করত। আর বুদ্ধিজীবীদের কথায় সবাই আঁতকে উঠত, যখন তাঁরা বলতেন, সাম্রাজ্যবাদ ও ধর্মীয় রাজনীতি হয়তো তাঁকে বাঁচতে দেবে না। তাঁকেও আলেন্দে কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রাণ দিতে হতে পারে।
সে সময়ে আমরা ওই সব আলোচনা সভায় বুদ্ধিজীবীদের বক্তব্যের মধ্য দিয়ে আরও একটি বিষয় শুনতাম। পাকিস্তানের পূর্বাঞ্চল হারানোর পর পশ্চিমের একটি দেশ, মধ্যপ্রাচ্যের একটি দেশ এবং ভারতের প্রতিবেশী একটি দেশ তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে। তারা ভারতের উত্তর-পূর্বাঞ্চল অশান্ত ও বিচ্ছিন্ন করার পরিকল্পনা থেকে কিছুটা সরে গিয়ে পাঞ্জাবকে ধর্মের নামে বিচ্ছিন্ন করার দিকে বেশি গুরুত্ব দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের জন্য আগে যে অর্থ বরাদ্দ ছিল, তার চেয়ে তিন গুণ বেশি অর্থ তারা পাঞ্জাবের জন্য বরাদ্দ দিয়েছে। এর ফলে ভারতে ধর্মীয় রাজনীতির বিস্তার ঘটবে এবং বঙ্গবন্ধুর মতো মিসেস গান্ধীর জীবনও বিপন্ন হতে পারে।
পরবর্তী সময়ে মিসেস গান্ধী ও ভারতের রাজনীতি নিয়ে বিভিন্ন বই পড়ার মধ্য দিয়ে বুঝতে পেরেছি, এ বিষয়ে আমাদের বুদ্ধিজীবীদের ধারণা কতটা স্বচ্ছ ছিল। শুধু মিসেস গান্ধী নন, তাঁর পরিবারও যে এ বিষয়ে অনেক বেশি অবগত ছিল, তা বোঝা যায় পুপুল জয়করের লেখা ‘ইন্দিরা গান্ধী: অ্যা বায়োগ্রাফি’ বইয়ের একটি ঘটনা থেকে।
দেহরক্ষীরা মিসেস গান্ধীকে গুলি করলে সেই শব্দ শুনে সোনিয়া গান্ধী প্রথমে ভেবেছিলেন, দেওয়ালি শেষ হয়ে যাওয়ার পরও হয়তো কেউ বাজি ফোটাচ্ছে। কিন্তু বাসার একজন কর্মী এসে খবর দিতেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তাঁর প্রথম উদ্বেগ ছিল শিশু রাহুলকে নিয়ে। মুহূর্তেই তাঁর মনে হয়েছিল, শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে রাসেলের মতো রাহুলকেও হত্যা করা হতে পারে।
সোনিয়া গান্ধীর মনের সেই আতঙ্কই একভাবে প্রমাণ করে দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ও ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড মূলত একই সূত্রে গাঁথা।
ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মদিনে (১৯১৭–১৯৮৪) বর্তমান ও অতীতের দিকে তাকালে বোঝা যায়, ইন্দিরা ও মুজিবের মূল ঐক্যের সূত্রটি ছিল সেক্যুলারিজম। এখানে এসে একটি অদ্ভুত মিলও পাওয়া যায়। ইন্দিরা গান্ধীর পরিবারের দুই সরকারপ্রধানকে মৌলবাদী রাজনীতির হাতে প্রাণ দিতে হয়েছে। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও মৌলবাদী রাজনীতির হাতে প্রাণ দিতে হয়েছে। তাঁর কন্যা শেখ হাসিনার সরকার যেভাবেই ক্ষমতাচ্যুত হয়ে থাকুক না কেন, তিনি প্রাণে বেঁচে থাকলেও তাঁর সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর দেশে মৌলবাদ বেড়েছে। সেক্যুলারিজমকে নির্বাসিত করার চেষ্টা চলছে।
এই উপমহাদেশে এই দুটি পরিবারের রাজনীতিকে বংশগতির রাজনীতি বলে দোষ দেওয়া হয়। ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে অটোক্র্যাটও বলা হয়। যাঁরা অথরেটিয়ান বলেন, তাঁরা হয়তো নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে এ কথা বলেন। তাঁদের বক্তব্য যে একেবারেই ভুল, তা-ও নয়। তবে এটাও সত্য, সারা পৃথিবীতে রাষ্ট্রনায়ক বা সরকারপ্রধানরা ভোটে নির্বাচিত হন ঠিকই, কিন্তু ক্ষমতায় গিয়ে কমবেশি সবাই অথোরেটিয়ান হয়ে ওঠেন। ইতিহাসে গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী প্রকৃত রাষ্ট্রনায়ক বা সরকারপ্রধানের দেখা খুব বেশি মেলে না।
ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পুপুল জয়কর তাঁকে খুব কাছ থেকে দেখেছেন। আই কে গুজরালও তাঁকে দেখেছেন। তাঁরা উভয়েই স্বীকার করেছেন, ওই অর্থে ইন্দিরা গান্ধী মানসিকতায় ওইভাবে গণতন্ত্রী ছিলেন না। তবে তিনি ভারতবর্ষ ও ভারতের মানুষকে রক্ষা করতে চাইতেন বাঘিনীর মতো। যেমন বাঘিনী তার সন্তানকে রক্ষা করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একজন পশ্চিমা সাংবাদিক ১৯৭২ সালে লিখেছিলেন, শেখ মুজিবুর রহমান তাঁর দেশ, তাঁর জাতীয়তাবাদ ও নিজেকে এতটাই একাত্ম করে ফেলেছিলেন যে তিনি বলতেন, “আমার বাঘ”, “আমার নদী”। অর্থাৎ ইন্দিরা গান্ধীর বাঘিনীর মতোই তাঁর মধ্যেও এক ধরনের সন্তান রক্ষকের চরিত্র ছিল।
শেখ হাসিনাকে নিয়ে এ মুহূর্তে মন্তব্য করা ঝুঁকিপূর্ণ। তবে শেখ হাসিনার রাজনৈতিক জীবনে ইন্দিরা গান্ধীর ছাপ আছে, এটা স্পষ্ট। তাঁর বিদায়ের পর বাংলাদেশে মৌলবাদ বেড়েছে, এটিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
তাই ইতিহাসের পাতায় এই উপমহাদেশে একটি বিষয় স্থির হয়ে গেছে—এই দুটি পরিবার সেক্যুলারিজমের জন্য এবং মানুষকে সেক্যুলারিজমের পথে আনার জন্য জীবন বিসর্জন দিয়েছে।
পৃথিবীর ইতিহাসে যাঁরাই মানুষকে ইহজাগতিক করে তুলতে চেয়েছেন, গ্যালিলিও ও সক্রেটিস থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে দেশে লেখক, বড় রাজনীতিবিদ ও চিন্তাবিদদের পেছনে হয় বুলেট ছুটেছে, নয়তো তাঁদের সামনে এসেছে ফাঁসির রজ্জু অথবা হেমলকের পেয়ালা।
এই দ্বন্দ্ব থাকবেই। কারণ, মৌলবাদীদের প্রয়োজন অন্ধকার আর সেক্যুলারিজমের জন্য প্রয়োজন আলো। তাই খুব সহজেই বলা যায়, পৃথিবীর এই দ্বন্দ্ব মূলত আলো ও আঁধারের দ্বন্দ্ব, বোধ ও অজ্ঞতার দ্বন্দ্ব।
পৃথিবীর কোনো দেশ থেকে, কোনো ভূখণ্ড থেকে অজ্ঞতা কবে দূর হবে, কেউ জানে না। এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন সংগ্রাম। তারপরও যাঁরা আলোর জন্য প্রাণ দিয়ে গেছেন, তাঁদের জন্ম ও মৃত্যুদিনে স্মরণ করা শুধু কৃতজ্ঞতা প্রকাশ নয়; বরং নিজেকে কণাপরিমাণ হলেও আলোর ছোঁয়ায় নিয়ে আসা।
লেখক: সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সাংবাদিক, সম্পাদক, সারাক্ষণ ও The Present World.
স্বদেশ রায়ের আরও লেখা
মৃত্যুর পরে
সরকারের কোর্টে প্রথম রাজনৈতিক বল ঠেলে দিলেন শেখ হাসিনা
বঙ্গবন্ধুকে অস্বীকার করলে যে বাংলাদেশ থাকে, তা ‘মিনি পাকিস্তান’
জেল হত্যা, পাকিস্তানি কালচার ও ৩ নভেম্বর জাতীয় নেতাদের হত্যা দিবস











