চীনা পণ্যে শুল্কের চাপ, বড়দিনের কেনাকাটার মৌসুমে বাড়ছে খেলনার দাম
যুক্তরাষ্ট্রে বড়দিন ও বছরের শেষের ছুটির কেনাকাটার মৌসুম শুরু হয়েছে। ঠিক এই সময়ে চীন থেকে খেলনা আমদানিতে বাড়তি শুল্কের চাপে পড়েছেন মার্কিন ব্যবসায়ীরা। শুল্ক কমানোর বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশায় এখন তাঁরা তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য তৃতীয় বৈঠকের দিকে।
চলতি বছর দুই নেতার মধ্যে তৃতীয়বারের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাঁদের বৈঠক হতে পারে। মার্কিন খেলনা আমদানিকারকদের আশা, এই বৈঠক থেকে চীনা পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাবে।
গত সেপ্টেম্বরে ঘোষিত যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তিতে প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের জন্য তুলনামূলক সুবিধাজনক শুল্কব্যবস্থার কথা বলা হয়েছিল। এর আওতায় রয়েছে খেলনা, মাছ ধরার বড়শি, চিকিৎসা সরঞ্জাম ও টেবিলের ব্যবহার্য সামগ্রী। তবে শুল্ক কমানোর সিদ্ধান্ত কখন এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি ওয়াশিংটন।
বর্তমানে চীন থেকে আমদানি করা খেলনার ওপর যুক্তরাষ্ট্রে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। গত বছর একপর্যায়ে এই শুল্কহার তিন অঙ্কে পৌঁছেছিল। ফলে শুল্ক নিয়ে অনিশ্চয়তা ব্যবসায়ীদের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে।
চীনের ওপর নির্ভরশীল মার্কিন খেলনা বাজার
যুক্তরাষ্ট্রের খেলনা বাজারে চীনের প্রভাব অত্যন্ত বড়। দেশটিতে বিক্রি হওয়া খেলনার প্রায় ৮০ শতাংশই আসে চীন থেকে। নিউইয়র্কভিত্তিক বাণিজ্য সংগঠন দ্য টয় অ্যাসোসিয়েশনের হিসাবে, শুল্ক সমন্বয়ের জন্য চিহ্নিত ৩০ বিলিয়ন ডলারের পণ্যের মধ্যে খেলনার অংশ প্রায় ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার।
বিশ্বের বৃহত্তম খেলনা উৎপাদনকারী দেশ চীন। ২০২৫ সালে দেশটি ৩৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের খেলনা রপ্তানি করেছে। এর মধ্যে ২৪ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
চীনের খেলনা রপ্তানি চলতি বছরও পুনরুদ্ধারের ধারা অব্যাহত রেখেছে। প্রথম নয় মাসে দেশটির খেলনা রপ্তানি হয়েছে ৭ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার।
ছোট ব্যবসায়ীদের টিকে থাকার লড়াই
শুল্ক নিয়ে অনিশ্চয়তা সবচেয়ে বেশি চাপে ফেলেছে ছোট আমদানিকারকদের। গত দুই বছরের শুল্ক পরিবর্তন, অর্থায়ন সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে অনেক প্রতিষ্ঠান আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
নিউইয়র্কের টিকনডেরোগা শহরের খেলনা প্রতিষ্ঠান দ্য কুইন্স ট্রেজারার্সের প্রতিষ্ঠাতা জোয়ান কার্তিগলিয়া এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। চীনে তৈরি খেলনার উৎপাদন চালু রাখার মতো অর্থ জোগাড় করতে না পেরে তিনি নিজের গুদামকে খুচরা বিক্রয়কেন্দ্রে রূপান্তর করেছেন। পাশাপাশি আয় বাড়াতে বিশেষ খাবারের একটি ব্যবসাও শুরু করেছেন।
গত বছর চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে তাঁর বিক্রি ক্ষতিগ্রস্ত হয়। গুদাম সংস্কারের ব্যয় এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সময় হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট পরিবহন বিঘ্নও তাঁর ব্যবসার ওপর বাড়তি চাপ তৈরি করে।
কার্তিগলিয়ার আশা, সেপ্টেম্বরে ঘোষিত বাণিজ্য চুক্তির আওতায় শেষ পর্যন্ত খেলনাকে শুল্কমুক্ত করা হবে। ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করে তিনি বলেন, এসব পদক্ষেপ তাঁর কাছে আমেরিকান স্বপ্নের সম্পূর্ণ বিপরীত; বরং এটি তাঁদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
বড় প্রতিষ্ঠানেও বাড়ছে হতাশা
শুধু ছোট ব্যবসায়ী নয়, বড় খেলনা প্রতিষ্ঠানগুলোও শুল্ক নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায়। ফ্লোরিডাভিত্তিক খেলনা প্রতিষ্ঠান বেসিক ফানের প্রধান নির্বাহী কর্মকর্তা জে ফোরম্যান জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানের ৯৫ শতাংশ পণ্যই চীন থেকে আমদানি করা হয়।
চীনের বাইরে যুক্তরাষ্ট্র বা দক্ষিণ-পূর্ব এশিয়ায় উৎপাদন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি। ফোরম্যানের মতে, কয়েক দশকে চীনের খেলনা উৎপাদনশিল্পে যে দক্ষ, নির্ভরযোগ্য ও বিস্তৃত সরবরাহব্যবস্থা গড়ে উঠেছে, অন্য কোথাও একই মান ও উৎপাদন দক্ষতা তৈরি করা কঠিন।
শুল্ক বৃদ্ধির প্রভাব ইতিমধ্যে ভোক্তা পর্যায়েও পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে খেলনার দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। উৎপাদন ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় কয়েকটি প্রতিষ্ঠান পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে।
ফোরম্যানের অভিযোগ, ট্রাম্প প্রশাসন রাতারাতি শুল্ক আরোপ করতে পারলেও তা কমানোর ক্ষেত্রে একই গতি দেখাচ্ছে না।
সব মিলিয়ে ট্রাম্প-শি বৈঠককে ঘিরে মার্কিন খেলনা ব্যবসায়ীদের প্রত্যাশা বাড়লেও বড় কোনো অগ্রগতির বিষয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। তাঁদের ধারণা, দুই দেশের বাণিজ্য আলোচনা এখনো চলমান। ফলে আসন্ন বৈঠক থেকে তাৎক্ষণিক বড় ধরনের সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম।












