স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য পৃথিবীতে পৌঁছাতে এবং তা বিশ্লেষণ করতে যে সময় লাগে, জরুরি পরিস্থিতিতে সেটিই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা সমুদ্রের ওপর জাহাজ চলাচল পর্যবেক্ষণের ক্ষেত্রে কয়েক ঘণ্টার বিলম্বও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে। এই সময় কমাতে মহাকাশেই তথ্য বিশ্লেষণের প্রযুক্তি নিয়ে কাজ করছেন গবেষক ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রযুক্তিটির নাম ‘কক্ষপথে কম্পিউটিং’।
প্রচলিত ব্যবস্থায় স্যাটেলাইট পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ছবি ও অন্যান্য তথ্য সংগ্রহ করে। এরপর নির্দিষ্ট সময়ে সেগুলো ভূপৃষ্ঠের গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়। সেখানে তথ্য ডাউনলোড, বিশ্লেষণ ও প্রক্রিয়াজাত করার পর ব্যবহারকারীরা তা কাজে লাগাতে পারেন। এই পুরো প্রক্রিয়ায় সময় লাগে। কক্ষপথে কম্পিউটিংয়ের লক্ষ্য হলো, তথ্যের একটি অংশ স্যাটেলাইটের ভেতরেই বিশ্লেষণ করে প্রয়োজনীয় ফলাফলটুকু পৃথিবীতে পাঠানো।
বন্যার তথ্য দ্রুত পৌঁছানোর সুযোগ
বন্যা পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রযুক্তিটি বিশেষভাবে কার্যকর হতে পারে। বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে প্লাবিত রাস্তা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, ডুবে যাওয়া বসতি এবং পানির বিস্তৃতি সম্পর্কে ছবি সংগ্রহ করা হয়। কিন্তু প্রতিটি ছবি পৃথিবীতে পাঠিয়ে বিশ্লেষণ করতে সময় লাগে।
কক্ষপথে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা গেলে স্যাটেলাইট নিজেই অতিরিক্ত মেঘে ঢাকা বা বিশ্লেষণের অনুপযোগী ছবি বাদ দিতে পারবে। একই সঙ্গে যেসব এলাকায় বন্যার পানি দ্রুত বাড়ছে বা পরিস্থিতির পরিবর্তন ঘটছে, সেসব এলাকার ছবিকে অগ্রাধিকার দিতে পারবে। ফলে সব তথ্য পাঠানোর পরিবর্তে জরুরি ও গুরুত্বপূর্ণ তথ্যই আগে পৃথিবীতে পৌঁছাবে।
সমুদ্রপথে জাহাজ শনাক্ত করা, নির্দিষ্ট অঞ্চলে জাহাজের চলাচল পর্যবেক্ষণ এবং কৃষিজমির ফসলের স্বাস্থ্য বিশ্লেষণেও এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। তবে এসব ক্ষেত্রে ছবির মান, স্যাটেলাইটে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা এবং তথ্য আদান-প্রদানের সুযোগ গুরুত্বপূর্ণ।
একাধিক স্যাটেলাইটের সম্মিলিত কাজ
ইউরোপীয় মহাকাশ সংস্থার ফাইস্যাট-১ প্রকল্প দেখিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইটের ছবিগুলোর মধ্য থেকে প্রয়োজনীয় ছবি বাছাই করা সম্ভব। ভবিষ্যতে কম্পিউটিং ও তথ্য সংরক্ষণের সক্ষমতা বাড়লে স্যাটেলাইটে আরও জটিল বিশ্লেষণ করা যাবে।
এমনকি অপটিক্যাল যোগাযোগব্যবস্থার মাধ্যমে এক স্যাটেলাইট অন্য স্যাটেলাইটের সঙ্গে তথ্য ও গণনাসংক্রান্ত কাজ ভাগ করে নিতে পারবে। এতে একাধিক স্যাটেলাইট মিলে কক্ষপথেই একটি সমন্বিত কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তুলতে পারে।
তবে এই প্রযুক্তি পৃথিবীর তথ্যকেন্দ্রের বিকল্প নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার বড় মডেল তৈরি, বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ এবং অন্যান্য জটিল কাজের জন্য পৃথিবীর তথ্যকেন্দ্রের প্রয়োজন থাকবেই। মহাকাশে তৈরি হওয়া তথ্য দ্রুত বিশ্লেষণ বা আকারে ছোট করে পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে কক্ষপথে কম্পিউটিং বেশি কার্যকর হতে পারে।
স্যাটেলাইট ছাড়াই মহাকাশের কম্পিউটিং ব্যবহারের সুযোগ
বর্তমানে একটি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করতে প্রকৌশল, নকশা, পরীক্ষা, অনুমোদন এবং বিপুল অর্থের প্রয়োজন হয়। ফলে গবেষক, বিশ্ববিদ্যালয় কিংবা ছোট প্রযুক্তি প্রতিষ্ঠানের পক্ষে নিজস্ব স্যাটেলাইট তৈরি করে পরীক্ষা চালানো কঠিন।
ভবিষ্যতে স্যাটেলাইটের কম্পিউটিং সুবিধা সেবাভিত্তিক ব্যবস্থায় পাওয়া গেলে পরিস্থিতি বদলাতে পারে। কোনো গবেষক নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল পরীক্ষা করতে চাইলে তাঁকে আলাদা স্যাটেলাইট তৈরি করতে হবে না। বিদ্যমান স্যাটেলাইটে নির্দিষ্ট সময়ের জন্য কম্পিউটিং সুবিধা ব্যবহার করে ফলাফল বিশ্লেষণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়, নতুন প্রযুক্তি উদ্যোগ এবং মহাকাশভিত্তিক তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এ ধরনের সেবা নির্ভরযোগ্য, নিরাপদ, সহজে ব্যবহারযোগ্য এবং সাশ্রয়ী হতে হবে।
শক্তি, তাপ ও বিকিরণ বড় চ্যালেঞ্জ
মহাকাশে কম্পিউটিং চালু করা পৃথিবীর কম্পিউটার ব্যবস্থার মতো সহজ নয়। অধিকাংশ স্যাটেলাইট সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এবং সূর্যালোক না থাকলে ব্যাটারিতে সঞ্চিত শক্তি ব্যবহার করে। যোগাযোগ, নেভিগেশন, তথ্য সংরক্ষণ ও কম্পিউটিং—সব ব্যবস্থাকেই এই সীমিত শক্তির ভাগ নিতে হয়। শক্তিশালী কম্পিউটার ব্যবহারের অর্থ আরও বেশি বিদ্যুতের চাহিদা।
পৃথিবীর মতো মহাকাশে বাতাস নেই, ফলে যন্ত্রের উৎপন্ন তাপ সহজে বের করে দেওয়ার সুযোগও সীমিত। তাপ স্যাটেলাইটের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে হয় এবং পরে তা মহাকাশে বিকিরণের মাধ্যমে বের হয়ে যায়। পাশাপাশি মহাজাগতিক বিকিরণ ও তাপমাত্রার চরম পরিবর্তন সহ্য করার উপযোগী যন্ত্রাংশ প্রয়োজন।
পৃথিবীতে কোনো যন্ত্রাংশ নষ্ট হলে সহজে বদলানো যায়। কিন্তু স্যাটেলাইটে সেই সুযোগ সীমিত। তাই বিকল্প ব্যবস্থা, ত্রুটি শনাক্তকরণ এবং পুনরুদ্ধারের সক্ষমতা আগে থেকেই রাখতে হয়। সব মিলিয়ে যন্ত্রাংশ, উৎক্ষেপণ, বিদ্যুৎ উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং স্যাটেলাইটের কার্যকাল—প্রতিটি বিষয় প্রযুক্তিটির ব্যয় নির্ধারণে ভূমিকা রাখে।
ভারতের জন্য নতুন সম্ভাবনা
স্যাটেলাইট প্রযুক্তি, উৎক্ষেপণযান এবং মহাকাশভিত্তিক প্রয়োগে ভারত ইতিমধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ২০২৩ সালের ভারতীয় মহাকাশনীতি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে ইন-স্পেস প্রতিষ্ঠার ফলে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সামনে কক্ষপথে কম্পিউটিং নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।
এ খাতে স্থানীয় গবেষণা, পরীক্ষার অবকাঠামো এবং বাস্তব মহাকাশ অভিযানে প্রযুক্তি পরীক্ষার বিনিয়োগ বাড়ানো গেলে দেশটি আন্তর্জাতিক মহাকাশ অবকাঠামো বাজারেও ভূমিকা রাখতে পারে। তবে প্রযুক্তিটির সাফল্য নির্ভর করবে এটি কতটা নির্ভরযোগ্য ও সাশ্রয়ীভাবে বিদ্যমান ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করতে পারে তার ওপর।
স্যাটেলাইট ইতিমধ্যে পৃথিবীকে পর্যবেক্ষণের সক্ষমতা বদলে দিয়েছে। পরবর্তী ধাপে সেই পর্যবেক্ষণের তথ্য কত দ্রুত বিশ্লেষণ করে মানুষের কাজে লাগানো যায়, সেটিই মহাকাশ প্রযুক্তির অগ্রগতির অন্যতম নির্ধারক হয়ে উঠতে পারে।












