স্কুল, হাসপাতাল, অফিস কিংবা বাসায় প্রবেশ করলেই চারপাশের বাতাস কতটা নিরাপদ, তা নিজে থেকেই পরীক্ষা করতে পারবে ভবন। বাতাসে ক্ষতিকর ভাইরাস বা ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করে সংক্রমণের ঝুঁকি নিরূপণ করবে বিশেষ সেন্সর। ঝুঁকি বাড়লে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে বাড়তি বায়ু চলাচল ও বায়ু পরিশোধন ব্যবস্থা। ভবিষ্যতের ভবনগুলোকে এমনই এক ধরনের ‘রোগ প্রতিরোধ ব্যবস্থা’ দেওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা।
স্থাপত্য, অণুজীব ও মানবস্বাস্থ্যের সম্পর্ক নিয়ে গবেষণাকারী বিজ্ঞানী ও প্রকৌশলী জেসিকা গ্রিন সম্প্রতি দুবাই ফিউচার উইক ২০২৬-এর একটি টেড আলোচনায় এ ধারণা তুলে ধরেন। তাঁর মতে, ভবিষ্যতের ভবন শুধু মানুষকে রোদ, বৃষ্টি ও তাপ থেকে সুরক্ষা দেবে না; বরং মানুষের চারপাশের পরিবেশে থাকা জীবাণু শনাক্ত করে সংক্রমণের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখবে।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে এ প্রযুক্তির গুরুত্ব বেশি হতে পারে। কারণ, দেশটির বাসিন্দাদের বড় একটি অংশ বাড়ি, অফিস, স্কুল, হাসপাতাল ও বিপণিবিতানে শীতাতপনিয়ন্ত্রিত আবদ্ধ পরিবেশে দীর্ঘ সময় কাটান।
কীভাবে কাজ করবে ভবনের রোগ প্রতিরোধ ব্যবস্থা
জেসিকা গ্রিনের প্রস্তাবিত প্রযুক্তিতে থাকবে প্রোগ্রামযোগ্য জৈব সেন্সর, ঝুঁকি বিশ্লেষণের সফটওয়্যার এবং ভবনের প্রচলিত শীতাতপনিয়ন্ত্রণ ও বায়ু চলাচল ব্যবস্থা।
এই প্রযুক্তি ভবনের ভেতরের বাতাস নিয়মিত পরীক্ষা করবে। বাতাসে ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা অন্য কোনো ক্ষতিকর অণুজীবের উপস্থিতি শনাক্ত হলে পরিস্থিতি অনুযায়ী সংক্রমণের ঝুঁকি নির্ধারণ করবে।
ঝুঁকি মাঝারি বা বেশি হলে স্বয়ংক্রিয়ভাবে ভবনের বায়ু চলাচল ব্যবস্থাকে নির্দেশ পাঠাবে। তখন বাইরে থেকে আরও বিশুদ্ধ বাতাস প্রবেশ করানো কিংবা বায়ু পরিশোধনের মাত্রা বাড়ানো সম্ভব হবে।
বর্তমানে অনেক ভবনে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকলেও খরচ কমাতে পর্যাপ্ত বায়ু চলাচল বা উন্নত পরিশোধন ব্যবস্থা ব্যবহার করা হয় না। নতুন প্রযুক্তি এ সীমাবদ্ধতা কাটাতে সহায়তা করতে পারে। ফলে নির্দিষ্ট সময়সূচির পরিবর্তে বাতাসের প্রকৃত অবস্থা অনুযায়ী ভবনের ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করা যাবে।
স্কুল ও হাসপাতালে আলাদা নজরদারি
এই প্রযুক্তির ব্যবহার শুধু সাধারণ অফিস বা আবাসিক ভবনে সীমাবদ্ধ থাকবে না। বরং ভবনের ধরন ও ব্যবহারকারীদের স্বাস্থ্যঝুঁকি অনুযায়ী সেন্সরগুলোকে আলাদাভাবে প্রস্তুত করা সম্ভব হবে।
স্কুলে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ জীবাণু শনাক্ত করার ব্যবস্থা রাখা যেতে পারে। অন্যদিকে হাসপাতালে রোগীদের জন্য বিপজ্জনক নির্দিষ্ট ভাইরাস ও ব্যাকটেরিয়া শনাক্ত করতে বিশেষ সেন্সর ব্যবহার করা সম্ভব।
গবেষকেরা এমন প্রযুক্তি নিয়েও কাজ করছেন, যার মাধ্যমে বাতাস থেকে সংগৃহীত জৈব উপাদানকে ঘনীভূত করে সেন্সরের শনাক্ত করার উপযোগী করা যাবে। এতে বাতাসে থাকা নির্দিষ্ট অণুজীব চিহ্নিত করা সহজ হবে।
নতুন কোনো সংক্রামক জীবাণুর আবির্ভাব ঘটলে সেন্সরের শনাক্তকরণ সক্ষমতা হালনাগাদ করার সুযোগও থাকবে। ফলে পরিবর্তিত স্বাস্থ্যঝুঁকির সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিটি ব্যবহার করা সম্ভব হবে।
সংক্রমণের প্রভাব দীর্ঘমেয়াদেও পড়তে পারে
বাতাসবাহিত জীবাণু শনাক্ত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে জেসিকা গ্রিন শ্বাসতন্ত্রের সংক্রমণের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিভিন্ন গবেষণার প্রসঙ্গ তুলে ধরেন।
তাঁর উল্লেখ করা গবেষণাগুলোতে ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে পরবর্তী জীবনে আলঝেইমার রোগ শনাক্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক পাওয়া গেছে। একইভাবে ছোট শিশুদের রাইনোভাইরাস সংক্রমণের সময় শ্বাসকষ্ট বা শোঁ শোঁ শব্দে শ্বাস নেওয়ার সঙ্গে পরবর্তী সময়ে হাঁপানির ঝুঁকির সম্পর্কও উঠে এসেছে।
এ ধরনের গবেষণা থেকে বোঝা যায়, সংক্রমণের প্রভাব শুধু তাৎক্ষণিক অসুস্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। তাই মানুষের বসবাস ও কাজের পরিবেশে জীবাণুর সংস্পর্শ কমানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ।
এক ভবন থেকে পুরো শহরে নজরদারি
জেসিকা গ্রিনের পরিকল্পনা শুধু একটি ভবনের মধ্যে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে বিভিন্ন ভবনকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার সম্ভাবনাও দেখছেন তিনি।
এ ধরনের নেটওয়ার্কের মাধ্যমে এক ভবন থেকে অন্য ভবন, এমনকি বিভিন্ন শহরে বাতাসবাহিত জীবাণুর বিস্তার প্রায় তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যেতে পারে।
এতে গবেষক ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ সংক্রমণের গতিপ্রকৃতি সম্পর্কে দ্রুত ধারণা পাবেন। কোনো এলাকায় জীবাণুর ঝুঁকি বাড়লে আগেভাগে সতর্কতা নেওয়া এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণও সহজ হতে পারে।
গ্রিনের মতে, ভবনকে শুধু ইট, কংক্রিট ও কাচের তৈরি স্থাপনা হিসেবে দেখার সময় শেষ হয়ে আসছে। প্রতিটি ভবনই একটি জটিল জীববৈজ্ঞানিক পরিবেশ, যেখানে অণুজীব, মানুষ এবং বাইরের পরিবেশ প্রতিনিয়ত একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে।
ভবিষ্যতের স্থাপত্য পরিকল্পনায় তাই তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সাশ্রয় ও নান্দনিকতার পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।












