গাজীপুরের টঙ্গীতে ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনায় ছয় বছরের এক শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানার পশ্চিম দাড়াইল গ্রামের জাহানারা বেগমের ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
দগ্ধ ব্যক্তিরা হলেন মনিরা আক্তার (৩০), তারিকুল ইসলাম (২৬) ও ছয় বছরের শিশু আরিফুল ইসলাম আরাফাত। তাঁরা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে হঠাৎ একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্য ভাড়াটিয়ারা বাইরে বেরিয়ে আসেন। তবে পালানোর চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। প্রথমে তাঁদের গুশুলিয়ার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দগ্ধ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তবে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজই আগুনের কারণ কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।












