চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে আসা একটি পণ্যবাহী জাহাজ থেকে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। শক্তিশালী জারক রাসায়নিকটি শিল্পকারখানায় ব্যবহারের পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতেও কাজে লাগে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর দাবি, জব্দ করা রাসায়নিক দিয়ে সর্বোচ্চ ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ পাওয়া সম্ভব।
এ ছাড়া জাহাজটিতে বিপুলসংখ্যক অনিবন্ধিত ফাঁকা ফোরজি সিম কার্ডও পাওয়া গেছে। তবে রাসায়নিক ও সিম কার্ডের মালিক, বাংলাদেশে আমদানিকারক কিংবা চালানের চূড়ান্ত গ্রহীতার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বেলাওয়ান উপকূলে জাহাজ আটক
এমভি স্টার লাইন নামের জাহাজটি কোমোরোসের পতাকাবাহী। গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটি আটক করা হয়। এটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাচ্ছিল।
ইন্দোনেশীয় সংবাদমাধ্যম ওয়াসপাদা ডট আইডির প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি নেওয়ার জন্য জাহাজটি বেলাওয়ান জলসীমায় থামলে নৌবাহিনীর নজরে আসে। নির্ধারিত নৌপথের বাইরে জাহাজটির চলাচল এবং সন্দেহজনক গতিবিধি দেখে টহলরত নৌযান কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা সেটিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।
প্রাথমিক যোগাযোগের পর জাহাজের কাগজপত্র ও পণ্যসংক্রান্ত তথ্যে অসংগতি পাওয়া যায়। পরে আঞ্চলিক নৌ কমান্ডের সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে জাহাজটিতে তল্লাশি চালানো হয়।
২০ নভেম্বর বেলাওয়ানে সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জব্দের বিস্তারিত জানান।
১৫ কনটেইনারে ৪০৫ টন রাসায়নিক
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টিতে পাওয়া যায় সোডিয়াম পারক্লোরেট। সব মিলিয়ে রাসায়নিকটির পরিমাণ ৪০৫ টন।
সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী জারক পদার্থ। শিল্প ও পরীক্ষাগারে ব্যবহারের পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট, বিস্ফোরক এবং আতশবাজি তৈরিতে এটি ব্যবহৃত হয়। রাসায়নিকটি নিজে বিস্ফোরক বা জ্বালানি নয়, তবে নির্দিষ্ট পরিস্থিতিতে আগুন জ্বলার প্রক্রিয়াকে তীব্র করতে পারে। বিপুল পরিমাণে সংরক্ষণ ও পরিবহনে তাই বিশেষ সতর্কতা প্রয়োজন।
নৌবাহিনীর দাবি, জব্দ করা চালানের পরিমাণ দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ সরবরাহ করা সম্ভব। একই জাহাজে ৫৪টি প্যালেটে রাখা লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি সিম কার্ডও পাওয়া গেছে।
নথিতে অসংগতি, নিবন্ধন স্থগিত
জাহাজটির নিবন্ধন ও চলাচলসংক্রান্ত নথিতেও অসংগতি পেয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কাগজপত্রে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার নম্বর ৮৩৫৬৯৬২, সরকারি নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ করা হয়েছে।
নথিতে মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত দেখানো হলেও নিবন্ধনের অবস্থা স্থগিত বলে উল্লেখ ছিল। জাহাজটির নথি জাল কি না, নৌচলাচলের অনুমতিপত্র বৈধ ছিল কি না এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মানা হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। রেডিও যোগাযোগের জবাব না দেওয়ার অভিযোগও রয়েছে।
আমদানিকারকের পরিচয় এখনো অজানা
জাহাজটির ৮ নভেম্বর দুপুরে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত গন্তব্যে যাওয়ার আগে ইন্দোনেশিয়ার জলসীমায় অনির্ধারিত বিরতি এবং পরে আটকের ঘটনায় চালানটির মালিকানা ও গন্তব্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর আগেই আটক হওয়ায় আমদানিকারকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সাধারণত আমদানি-সংক্রান্ত জেনারেল ম্যানিফেস্টে পণ্যের বিবরণ ও আমদানিকারকের তথ্য থাকে। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী এখনো জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান, পণ্যের মালিক কিংবা বাংলাদেশে চালানটির সম্ভাব্য গ্রহীতার নাম প্রকাশ করেনি। জাহাজে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও চলছে।












