ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট বহনকারী কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন জাহাজটি আটক করেছে। সোডিয়াম পারক্লোরেট এমন একটি রাসায়নিক, যা নির্দেশিত ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহৃত জারক পদার্থ উৎপাদনে কাজে লাগতে পারে।
বেলাওয়ানে নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোডারেল-১) সদস্যরা জাহাজটিতে লাখ লাখ ফাঁকা সিম কার্ডও পেয়েছেন। অধিকতর তদন্তের জন্য জাহাজটি বেলাওয়ান নিউ কনটেইনার টার্মিনালে রাখা হয়েছে।
কোডারেল-১-এর প্রধান রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা বলেন, বিপজ্জনক রাসায়নিকটির বিষয়ে তদন্ত চলছে। এমভি স্টার লাইন কোনো নিয়ম লঙ্ঘন করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার বেলাওয়ানে কোডারেল-১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ডেনি বলেন, “আমরা এখনো এই বিপজ্জনক রাসায়নিকটির বিষয়ে তদন্ত করছি। কারা এর জন্য দায়ী, তা এখনো শনাক্ত করতে পারিনি। তাই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করতে হবে।”
ডেনি জানান, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করে কেআরআই সিগালু-৮৫৭। এটি ৩০ মিটার দীর্ঘ একটি দ্রুতগতির আক্রমণকারী নৌযান। জাহাজটির সন্দেহজনক গতিবিধি এবং বেতার যোগাযোগের জবাব না দেওয়ার কারণে নৌবাহিনীর সন্দেহ হয়।
তিনি বলেন, “জাহাজটির একটি সন্দেহজনক আচরণ ছিল—এটি বেলাওয়ান বন্দরে জ্বালানি নেওয়ার জন্য প্রবেশ করছে বলে ভান করেছিল। আসলে কেআরআই সিগালু-৮৫৭-এর ধাওয়া এড়ানোর জন্যই এটি ছিল একটি কৌশল।”
পরে জাহাজটিকে নিয়ন্ত্রণে নিয়ে অধিকতর পরীক্ষা ও তদন্তের জন্য কোডারেল-১-এর ঘাঁটিতে পাঠানো হয়।
জাহাজের নথিপত্র পরীক্ষা করে নৌবাহিনী জানতে পারে, এটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল। জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টিতে ছিল ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট।
মার্কের পণ্যতালিকায় ইমসিউর সোডিয়াম পারক্লোরেটের প্রতি ১০০ গ্রামের দাম ১৭ লাখ ৪০ হাজার রুপিয়া ধরে জব্দ করা চালানের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার কোটি রুপিয়া।
ডেনি বলেন, “সোডিয়াম পারক্লোরেট একটি বিপজ্জনক রাসায়নিক, যা ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহার করা যায়।”
তিনি আরও বলেন, “রাসায়নিকটি নিজে একটি জারক পদার্থ। এটি অন্য রাসায়নিকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়।”
ডেনির ভাষ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে চার টন সোডিয়াম পারক্লোরেট প্রয়োজন হয়। সেই হিসাবে জব্দ করা ৪০৫ টন রাসায়নিক দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ পাওয়া সম্ভব।
তিনি সতর্ক করে বলেন, সঠিকভাবে সংরক্ষণ না করলে এই রাসায়নিক বিস্ফোরিত হতে পারে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানে সোডিয়াম পারক্লোরেটের সঙ্গে সংশ্লিষ্ট দুটি বিস্ফোরণের ঘটনাও উল্লেখ করেন তিনি।
ডেনি বলেন, “রাসায়নিকটির অপব্যবহার ঠেকাতে এবং বিস্ফোরণের ঝুঁকি এড়াতে আমরা দ্রুত সেটি নিরাপদ হেফাজতে নিয়েছি।”
তিনি আরও বলেন, “ঘনবসতিপূর্ণ বেলাওয়ান বন্দরের মাঝখানে ৪০৫ টন এই রাসায়নিক বিস্ফোরিত হলে কী ঘটতে পারে, তা কল্পনা করুন। অথবা কোনো দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি এটি ব্যবহার করলে কী হতে পারে। বেলাওয়ান পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারত।”
এমভি স্টার লাইন থেকে জব্দ করা রাসায়নিক নিরাপদ অবস্থায় রাখা নিশ্চিত করবেন বলেও জানান তিনি।
মাদক পাচার
অন্যদিকে, গত ৫ নভেম্বর আচেহ প্রদেশের আচেহ তামিয়াং জেলার কুয়ালা রাজা মুদা উপকূলীয় এলাকায় ২০ দশমিক ০৭ কেজি সাবু বা ক্রিস্টাল মেথামফেটামিন পাচারের চেষ্টা ব্যর্থ করেছে লহকসেউমাওয়ে নৌঘাঁটির দ্রুত অভিযানকারী দলের সদস্যরা।
ইন্দোনেশিয়ার নৌবহর কমান্ডের (কোআরমাদা আরআই) প্রধান ভাইস অ্যাডমিরাল দেনিহ হেন্দ্রাতা জানান, স্থানীয় জনগণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
দ্রুত অভিযানকারী দলের সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কুয়ালা রাজা মুদা উপকূলীয় এলাকায় একটি সাদা বস্তার ভেতর অবৈধ মাদক খুঁজে পান। ধারণা করা হচ্ছে, পাচারকারীরা ইচ্ছাকৃতভাবে বস্তাটি সেখানে ফেলে রেখে গিয়েছিল।
শুক্রবার কোডারেল-১/বেলাওয়ানে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে দেনিহ বলেন, “বস্তাটিতে চীনা চা ব্র্যান্ড গুয়ানইনওয়াংয়ের মোড়কে রাখা সাবুর ২০টি প্যাকেট ছিল। সব মিলিয়ে মাদকের ওজন ২০ দশমিক ০৭ কেজি।”
তিনি বলেন, “বিপজ্জনক রাসায়নিক ও সাবু জব্দে নৌবাহিনীর সফল অভিযান ইন্দোনেশিয়ার সামুদ্রিক জলসীমায় নজরদারি ও আইন প্রয়োগ জোরদারের প্রতিশ্রুতির প্রতিফলন।”
দেনিহ আরও বলেন, সমুদ্রপথে আইন প্রয়োগের কাজ শুধু নৌবাহিনীর পক্ষে একা করা সম্ভব নয়। সামুদ্রিক হুমকির ধরন জটিল হওয়ায় এ ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন।












