স্বর্ণের বাজার থেকে আয়ের বড় অংশ নিজেদের দেশে ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের উচ্চমূল্যের সুবিধা নিতে এবং দুবাইয়ের মতো বৈশ্বিক বাণিজ্যকেন্দ্রের ওপর নির্ভরতা কমাতে দেশগুলো দেশে দেশে গড়ে তুলছে স্বর্ণ পরিশোধনাগার। তবে নতুন এই বিনিয়োগ ঘিরে বড় ধরনের ঝুঁকিও দেখা দিয়েছে। কারণ, অঞ্চলটির সম্ভাব্য পরিশোধন সক্ষমতা স্বর্ণ উৎপাদনের প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে।
ঘানা, গিনি, মালি ও বুরকিনা ফাসো ২০২৪ সাল থেকে নতুন স্বর্ণ পরিশোধনাগার চালু করেছে অথবা এ ধরনের প্রকল্পের ঘোষণা দিয়েছে। এসব প্রকল্পের সম্মিলিত বার্ষিক পরিশোধন সক্ষমতা এক হাজার মেট্রিক টনের বেশি। অথচ পশ্চিম আফ্রিকায় বছরে স্বর্ণ উৎপাদনের পরিমাণ আনুমানিক ৫৮৫ মেট্রিক টন।
এই ব্যবধানের কারণে প্রয়োজনীয় স্বর্ণের জোগান না পেলে অনেক পরিশোধনাগারকে সক্ষমতার তুলনায় কম উৎপাদন নিয়ে চলতে হতে পারে। এতে বিনিয়োগের মুনাফা কমবে, পাশাপাশি সরকারি অর্থায়নেও চাপ তৈরি হতে পারে।
উৎপাদনের তুলনায় পরিশোধনাগার বেশি
স্বর্ণ পরিশোধনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পর্যাপ্ত কাঁচামাল সংগ্রহ। আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে স্বর্ণ পরিশোধনের অতিরিক্ত সক্ষমতা রয়েছে। নতুন কারখানাগুলো একই উৎস থেকে দায়িত্বশীলভাবে সংগৃহীত স্বর্ণ সংগ্রহের প্রতিযোগিতায় নামলে সংকট আরও বাড়তে পারে।
আফ্রিকার বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ ঘানার অবস্থাও এ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। দেশটিতে কয়েকটি পরিশোধনাগার প্রয়োজনের তুলনায় কম সক্ষমতায় পরিচালিত হলেও ২০২৭ সালে বছরে ৬০০ মেট্রিক টন পরিশোধনের ক্ষমতাসম্পন্ন নতুন একটি কারখানা চালুর পরিকল্পনা রয়েছে।
ঘানার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনের প্রধান ড্যান ক্রাম্পাহের মতে, নতুন আরেকটি পরিশোধনাগার নির্মাণের পক্ষে যথেষ্ট অর্থনৈতিক যুক্তি নেই। উৎপাদনের তুলনায় অতিরিক্ত সক্ষমতা তৈরি হলে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়াও কঠিন হয়ে উঠতে পারে।
সরকারের লক্ষ্য শুধু মুনাফা নয়
তবে পশ্চিম আফ্রিকার সরকারগুলো পরিশোধনাগার নির্মাণকে কেবল ব্যবসায়িক মুনাফার হিসাব দিয়ে বিচার করতে চাইছে না। তাদের কাছে এর অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বও রয়েছে।
স্থানীয়ভাবে স্বর্ণ পরিশোধনের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক খনিশ্রমিকদের কার্যক্রমকে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সম্ভব বলে মনে করছেন নীতিনির্ধারকেরা। একই সঙ্গে দেশের ভেতরে উৎপাদিত স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে।
ঘানা ইতিমধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে অভ্যন্তরীণ উৎস থেকে স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছে। আফ্রিকার অন্য দেশগুলোও এ ধরনের উদ্যোগ অনুসরণ করার কথা ভাবছে।
তবে স্থানীয় পরিশোধনাগার স্থাপন করলেই যে ব্যবসা লাভজনক হবে, তার নিশ্চয়তা নেই। বড় পরিসরে উৎপাদন চালাতে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত অবকাঠামো, দক্ষ জনবল ও পর্যাপ্ত মূলধন। অনেক দেশেই এসব সুবিধার ঘাটতি রয়েছে।
আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলে স্বর্ণ বিক্রিতে বাধা
নতুন পরিশোধনাগারগুলোর আরেকটি বড় সমস্যা আন্তর্জাতিক স্বীকৃতি। বিশেষ করে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলবিএমএ) ‘গুড ডেলিভারি’ স্বীকৃতি না থাকলে বড় ব্যাংক, আন্তর্জাতিক ব্যবসায়ী ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে স্বর্ণ বিক্রি করা কঠিন হতে পারে।
এই স্বীকৃতি বিশ্বের প্রধান স্বর্ণ বাণিজ্য নেটওয়ার্কে প্রবেশের গুরুত্বপূর্ণ শর্ত। ফলে স্থানীয়ভাবে পরিশোধিত স্বর্ণের মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলে তা বাজারে কম দামে বিক্রি হওয়ার ঝুঁকি রয়েছে।
গিনিতে নতুন পরিশোধন নীতির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে খনিশ্রমিকেরা ইতিমধ্যে স্বর্ণ মজুত করতে শুরু করেছেন। স্থানীয়ভাবে পরিশোধনের নিয়ম চালুর পর পরিশোধন ফি, অর্থ পরিশোধের শর্ত ও বিপণনব্যবস্থা নিয়ে স্পষ্টতা না থাকায় ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গিনির খনিমন্ত্রী বোনা সিলা অবশ্য স্থানীয় স্বর্ণশিল্প নিয়ে আশাবাদী। তাঁর লক্ষ্য, স্বর্ণের উৎস শনাক্তকরণ, পরিশোধন ও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভকে ঘিরে একটি সমন্বিত শিল্পব্যবস্থা গড়ে তোলা। নতুন একটি পরিশোধনাগার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এলবিএমএ-স্বীকৃত প্রতিষ্ঠান পরিচালনা করবে বলেও জানিয়েছেন তিনি।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর সামনে এখন মূল চ্যালেঞ্জ কেবল পরিশোধনাগার নির্মাণ নয়; বরং উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা নির্ধারণ, আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং বিশ্ববাজারে নির্ভরযোগ্য প্রবেশাধিকার তৈরি করা। তা না হলে স্থানীয় শিল্প গড়ার উদ্যোগই শেষ পর্যন্ত অতিরিক্ত বিনিয়োগ ও কম মুনাফার বোঝা হয়ে উঠতে পারে।












