বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ন্যায়সংগত। জনগণকে হত্যা করতে পারে, এমন কোনো রাজনৈতিক দল জনগণের বন্ধু হতে পারে না। একই সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার সঙ্গে দেশটির অভিবাসন কর্মকর্তাদের বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত একটি প্রতিবাদ মিছিলের আগে বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার সঙ্গে দেশটির অভিবাসন কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টার বৈঠক হয়েছে বলে জানা গেছে। ভারতের কেন্দ্রীয় সরকারের সমর্থন ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে এমন বৈঠক করা কীভাবে সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।
রিজভীর ভাষায়, পেট্রাপোলে আওয়ামী লীগের চার নেতার এই বৈঠক একটি ভয়ংকর নীলনকশার অশুভ ইঙ্গিত।
শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে প্রশ্ন
রাষ্ট্রীয় বিমান চেয়ে শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনার পেছনে কারা শক্তি জোগাচ্ছে এবং কার প্রভাবেই তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়েছেন। আইনের প্রতি প্রকৃত সম্মান থাকলে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রিজভীর অভিযোগ, দেশের বাইরে থেকে অর্থ পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে অগ্নিসংযোগের নির্দেশ দেওয়া হচ্ছে। বিএনপির তিন নেতাকর্মী হত্যার ঘটনাসহ সাম্প্রতিক সহিংসতার জন্য তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার হুঁশিয়ারি
বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও কঠোর অবস্থানের কথা জানান রিজভী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্ত হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে।
আওয়ামী লীগকে গণতন্ত্র হত্যার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি দলটির বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অভিযোগ তোলেন। দলটির কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা প্রস্তুত বলেও জানান।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেনসহ সংগঠন দুটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












