কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার সংবাদমাধ্যমের সামনে এক জটিল বাস্তবতা তৈরি করেছে। একদিকে এআই বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের সক্ষমতা নিয়ে হাজির হয়েছে; অন্যদিকে এই প্রযুক্তির বিকাশে সংবাদমাধ্যমের তৈরি প্রতিবেদন, গবেষণা ও তথ্যভান্ডার ব্যবহৃত হচ্ছে, অথচ সেসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও আর্থিক প্রাপ্তি নিয়ে প্রশ্ন বাড়ছে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেবল নিজেদের কনটেন্ট সুরক্ষিত রাখা নয়, বরং সেই কনটেন্টকে কাজে লাগিয়ে নতুন সেবা, ব্যবসায়িক মডেল ও পাঠকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।
তথ্যের বাজারে সংবাদমাধ্যমের প্রভাব টিকিয়ে রাখতে হলে তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে এআই কোম্পানিগুলোই ঠিক করে দেবে কোন তথ্য কীভাবে ব্যবহৃত হবে, কোন বিষয় গুরুত্ব পাবে এবং পাঠকের কাছে তথ্য পৌঁছানোর পথ কী হবে। এতে সংবাদমাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতা ও জনস্বার্থে কাজ করার ক্ষমতা দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে।
কনটেন্ট ব্যবহারের অধিকারই একমাত্র লড়াই নয়
এআই মডেল প্রশিক্ষণে সংবাদমাধ্যমের কপিরাইটযুক্ত উপাদান ব্যবহারের প্রশ্নটি এখন বড় বিরোধের জায়গা হয়ে উঠেছে। নিউইয়র্ক টাইমসের করা মামলায় ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে দায়ের করা অভিযোগসংক্রান্ত নথি প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনুমতি ছাড়া সংবাদ ও অন্যান্য সৃজনশীল উপাদান ব্যবহারের অভিযোগ উঠেছে।
প্রকাশকেরাও পাল্টা পদক্ষেপ নিচ্ছেন। নিউজগার্ডের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পাঠকসম্পৃক্ত ৬৭ শতাংশ সংবাদ ওয়েবসাইট এখন তাদের পুরোনো কনটেন্টে প্রবেশের ক্ষেত্রে এআই ক্রলারদের বাধা দিচ্ছে। পাশাপাশি মামলা ও কনটেন্ট ব্যবহারের বিনিময়ে অর্থ আদায়ের উদ্যোগ বাড়ছে।
তবে কনটেন্টে প্রবেশাধিকার বন্ধ করা মূলত আত্মরক্ষামূলক কৌশল। এতে সংবাদমাধ্যমের নিজস্ব আর্কাইভের সম্ভাবনা কাজে লাগানো হয় না। দীর্ঘদিন ধরে সংগৃহীত প্রতিবেদন, গবেষণা, স্থানীয় তথ্য ও পাঠকের অভিজ্ঞতা এমন সম্পদ, যা কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান সহজে নিজস্বভাবে তৈরি করতে পারে না। এই সম্পদকে নতুন সেবায় রূপান্তর করতে পারলে সংবাদমাধ্যম এআইয়ের বাজারে কেবল তথ্য সরবরাহকারী হয়ে থাকবে না; বরং নিজস্ব পণ্য ও সেবার মালিক হতে পারবে।
আর্কাইভ থেকে নতুন সেবা
বিশ্বের কয়েকটি স্বাধীন সংবাদমাধ্যম ইতিমধ্যে এই সম্ভাবনা কাজে লাগাতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার কৃষিবিষয়ক প্রকাশনা ফুড ফর এমজানসি আট বছরের কনটেন্ট আর্কাইভ ব্যবহার করে তৈরি করেছে ‘এগ্রিপালস ৩৬০’। এটি এমন একটি এআইভিত্তিক ব্যবস্থা, যার মাধ্যমে ক্ষুদ্র ও বাণিজ্যিক কৃষকেরা দিনরাত কৃষিকাজসংক্রান্ত পরামর্শ পেতে পারেন।
প্রতিষ্ঠানটির হাজার হাজার নিবন্ধ থেকে তথ্য নিয়ে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন প্রযুক্তির মাধ্যমে চ্যাটবটটি প্রশ্নের উত্তর দেয়। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপেও এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। একই প্রযুক্তি দিয়ে টিকটকের জন্য ভিডিও তৈরি এবং নিউজলেটারের পাঠকদের আগ্রহ বিশ্লেষণের কাজও করা হচ্ছে।
এ উদ্যোগের বাণিজ্যিক দিকও রয়েছে। ফুড ফর এমজানসি বিজ্ঞাপনদাতাদের জন্য ‘সলিউশন মোমেন্টস’ নামে একটি নেটিভ বিজ্ঞাপন ব্যবস্থা তৈরি করেছে। পাশাপাশি এআইনির্ভর কারিগরি নির্দেশনা ও নির্দিষ্ট পাঠকগোষ্ঠীর জন্য নিউজলেটারে প্রচারণা চালাতে বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে পরীক্ষামূলক স্পনসরশিপের উদ্যোগ নিচ্ছে।
গুয়াতেমালায় সংবাদমাধ্যম ওজোকনমিপিস্তো এবং তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সোসিয়েদাদ.ইনফো তৈরি করেছে ‘পিন লোকাল’। সরকারি ব্যয়ের তথ্যভান্ডার বিশ্লেষণ করে এটি পাঠকদের জন্য ব্যক্তিগত চাহিদাভিত্তিক সাপ্তাহিক নিউজলেটার তৈরি করে। দেশটির ২২টি প্রশাসনিক অঞ্চলের জন্য প্রাসঙ্গিক সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য খুঁজে বের করে এআই ব্যবস্থা; তবে অনুসন্ধান ও প্রতিবেদন তৈরির দায়িত্ব সাংবাদিকদেরই থাকে। ভবিষ্যতে একই প্রযুক্তি দিয়ে নির্দিষ্ট সরকারি চুক্তির ওপর কাস্টমাইজড প্রতিবেদন বিক্রির সুযোগও তৈরি হতে পারে।
পাঠকের মতামতও গুরুত্বপূর্ণ তথ্যসম্পদ
আর্জেন্টিনার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান চেকেয়াদো পাঠকদের প্রতিদিন আসা হাজার হাজার মন্তব্য বিশ্লেষণে ব্যবহার করছে ‘নুনচি’ নামের একটি এআই টুল। এটি মন্তব্যের আবেগ, উদ্দেশ্য ও গুরুত্ব অনুযায়ী সেগুলো শ্রেণিবদ্ধ করে। এমনকি হাস্যরস ও ব্যঙ্গের ভাষাও শনাক্ত করার জন্য ব্যবস্থাটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সম্পাদকেরা দিনে দুবার স্ল্যাকের মাধ্যমে পাঠকদের আলোচনায় উঠে আসা বিষয়, পুনরাবৃত্ত প্রশ্ন এবং যেসব বিষয় নিয়ে এখনো প্রতিবেদন তৈরি হয়নি, তার সারসংক্ষেপ পান। ফলে পাঠকের আগ্রহ কোন দিকে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করে সংবাদ পরিকল্পনা করা সহজ হচ্ছে।
কলম্বিয়ার সংবাদমাধ্যম কুয়েস্তিওন পাবলিকাও নিজস্ব অনুসন্ধানী কাজের পরিধি বাড়াতে প্রযুক্তি ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি ছয়টি মডেল কনটেক্সট প্রোটোকল সার্ভার তৈরি করেছে, যা ১৩টি সরকারি ক্রয়সংক্রান্ত তথ্যভান্ডার, জাতীয় ব্যবসায়িক নিবন্ধন এবং নিজস্ব প্রতিবেদন আর্কাইভের সঙ্গে সংযুক্ত। এর মাধ্যমে ৯০ লাখ কোম্পানিসংক্রান্ত নথি অনুসন্ধানের সুযোগ তৈরি হয়েছে।
প্রযুক্তি ব্যবহারে স্বাধীনতা জরুরি
এই উদ্যোগগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের তথ্যভান্ডারকে ভিত্তি করে এআই তৈরি করছে, স্থানীয়ভাবে মডেল পরিচালনার সক্ষমতা বাড়াচ্ছে এবং যাচাইযোগ্য নিজস্ব তথ্য ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কমিউনিটিভিত্তিক, উন্মুক্ত ও বাণিজ্যিক ব্যবহারের সম্ভাবনাও পণ্য তৈরির শুরু থেকেই বিবেচনায় রাখছে।
সংবাদমাধ্যমের জন্য এই পথ সহজ নয়। প্রযুক্তি উন্নয়ন, তথ্যের নিরাপত্তা, দক্ষ জনবল এবং নতুন ব্যবসায়িক মডেল তৈরিতে বিনিয়োগ প্রয়োজন। কিন্তু এসব সক্ষমতা ছাড়া কেবল আইনি লড়াই বা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি স্বাধীনতা নিশ্চিত করা কঠিন।
এআইয়ের যুগে সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ শুধু তাদের প্রকাশিত প্রতিবেদন নয়; বরং সেই প্রতিবেদন তৈরির পদ্ধতি, তথ্যের নির্ভরযোগ্যতা, স্থানীয় জ্ঞান এবং পাঠকের সঙ্গে গড়ে ওঠা আস্থা। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপুল তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে, কিন্তু কোন তথ্য গুরুত্বপূর্ণ, কোনটি যাচাইযোগ্য এবং কোনটি জনস্বার্থে প্রকাশ করা প্রয়োজন—সেই সিদ্ধান্তের জায়গায় সাংবাদিকতার ভূমিকা অপরিহার্য।
তাই সংবাদমাধ্যমের সামনে এখন দুটি পথ। তারা চাইলে এআই কোম্পানির জন্য কেবল তথ্যের জোগানদাতা হয়ে থাকতে পারে, অথবা নিজেদের আর্কাইভ, দক্ষতা ও পাঠকসম্পর্ক কাজে লাগিয়ে নতুন তথ্যসেবা ও প্রযুক্তির মালিক হতে পারে। দ্বিতীয় পথটি কঠিন, কিন্তু সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ আয়—তিনটিই রক্ষার জন্য এই সক্ষমতা গড়ে তোলা জরুরি।












