গাজীপুরের শ্রীপুরে একযোগে পাঁচটি তৈরি পোশাক ও বস্ত্র কারখানায় হামলা, ভাঙচুর এবং ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে দলবদ্ধ একদল যুবক কারখানাগুলোর প্রধান ফটকে হামলা চালায়। কয়েকটি কারখানার ভেতরেও ঢুকে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা প্রকৃত শ্রমিক নন; শ্রমিকের বেশে বহিরাগত যুবকেরা বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।
সকাল থেকে পাঁচ কারখানায় হামলা
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস, লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা কয়েকটি কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে ভাঙচুরের চেষ্টা করে। হ্যামস গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। ভিক্টোরিয়া গার্মেন্টসের ভেতরে ঢুকতে না পেরে তারা ফটকে ভাঙচুর করে। নোমান হোম টেক্সটাইলের ফটকেও হামলা চালানো হয়।
বন্ধ কারখানাও রেহাই পায়নি
ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী বুধবার কারখানাটি বন্ধ ছিল। সকালে কয়েকজন যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে হামলাকারীরা আবারও সেখানে জড়ো হয়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে হামলাকারীদের কয়েকজন পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান কারখানায় ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
পরিস্থিতি স্বাভাবিক, মহাসড়কে যান চলাচল
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, বুধবার বিভিন্ন কারখানায় যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে, তারা শ্রমিক নয়। বহিরাগত কিছু যুবক কারখানার ফটকে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ সেখানে অবস্থান করতে পারেনি।
তিনি আরও জানান, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।
কারখানাগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।












