গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন দেশের বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে।
অভিনেতা সুজাত শিমুল জানিয়েছেন, গত পাঁচ থেকে ছয় দিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন মামুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা নিতে হয়েছিল এই অভিনেতাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফিরে আবারও অভিনয়ে যুক্ত হন তিনি। তবে এবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হলো।
পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবন
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি সুপরিচিত। দেশের নাট্যাঙ্গনে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৯৭২ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। স্বাধীনতার পর বাংলাদেশের মঞ্চনাটককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’ দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর সাংস্কৃতিক কর্মকাণ্ডের শুরু। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও সক্রিয় হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তাঁর লেখা প্রথম টেলিভিশন নাটকের নাম ‘চেনামুখ’। পরবর্তী সময়ে মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়প্রতিভার পরিচয় দেন।
‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’ তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
দেশের নাটক ও চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের কারণে মামুনুর রশীদ সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ মর্যাদার আসনে রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।












