হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে হাম নিশ্চিত ও সন্দেহভাজন—দুই ধরনের মৃত্যুর সম্মিলিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর মৃত্যুই সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ নিয়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৮। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা আগের মতোই ১০৫।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে চলতি বছরে সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে।
একই সময়ে পরীক্ষাগারে আরও ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে এ বছর নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৩৭৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।
পরিসংখ্যান বলছে, সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।












