দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রথমবারের মতো নিজে নেওয়ার জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন বাজারে আনার ঘোষণা দিয়েছে। ওষুধটির নাম মেডোজেন সাবকিউ। প্রতিষ্ঠানটির দাবি, এটি বাংলাদেশের প্রথম নিজে নেওয়ার জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন এবং এ ধরনের ইনজেকশনের বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। আগে থেকে ভরা ইউনিজেক্ট ডিভাইসে আসা এই ইনজেকশন তিন মাস পরপর নিতে হয়। ঢাকার একটি হোটেলে মঙ্গলবার এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়।
ইনসেপ্টার দাবি অনুযায়ী, মেডোজেন সাবকিউয়ের মাত্রা ১০৪ মিলিগ্রাম। প্রচলিত পেশিতে দেওয়া ১৫০ মিলিগ্রামের ইনজেকশনের চেয়ে এতে সক্রিয় উপাদান প্রায় ৩০ শতাংশ কম লাগে, অথচ গর্ভনিরোধের কার্যকারিতা একই থাকে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা নিয়ন্ত্রণেও এটি ব্যবহার করা যায়। ক্লিনিকে গিয়ে নেওয়া প্রচলিত ইনজেকশনের বিকল্প হিসেবেই এটি বাজারে আনা হয়েছে।
ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির বলেন, পণ্যটির উন্নয়ন শুরু হয়েছিল ২০১১ সালে। এতে ১৩ থেকে ১৪ বছর লেগেছে। বিপুল বিনিয়োগ করতে হয়েছে এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জও পেরোতে হয়েছে। আগে প্রতিষ্ঠানটি ১৫০ মিলিগ্রামের পেশিতে দেওয়ার সংস্করণ তৈরি করে। সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশন পেয়েছে এবং ১০০টির বেশি দেশে সরবরাহ হচ্ছে। পরে তারা ১০৪ মিলিগ্রামের ত্বকের নিচে দেওয়ার সংস্করণ তৈরি করে।
আমদানি-নির্ভরতা কমাতে কোম্পানি মূল সক্রিয় উপাদান মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট দেশেই তৈরির উদ্যোগ নিয়েছে। মুক্তাদির জানান, আমদানি করা কাঁচামালের দাম কেজিপ্রতি প্রায় ৫০০ ডলার থেকে বেড়ে ৮৬০ ডলারের বেশি হয়েছে। নিজস্ব উৎপাদন প্রক্রিয়া তৈরিতে তিন থেকে চার বছর লেগেছে। জীবাণুমুক্ত করার জন্য গামা বিকিরণ কেন্দ্রও গড়া হচ্ছে। তাঁর হিসাবে প্রকল্পে মোট বিনিয়োগ ৬ কোটি থেকে ৭ কোটি ডলার।
শিল্পসংশ্লিষ্টদের হিসাবে, বাংলাদেশে বড়ি ও ইনজেকশন মিলিয়ে ওষুধভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পণ্যের বাজার বছরে প্রায় ১১০ কোটি টাকার। এর প্রায় ৯০ শতাংশ বড়ি, বাকিটা ইনজেকশন। ইনজেকশনের অংশ এখনো কম, তাই নিজে নেওয়ার জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন বাজারে নতুন একটি বিকল্প যোগ করল।
স্ত্রীরোগ বিশেষজ্ঞরা নতুন এই ইনজেকশনকে স্বাগত জানিয়েছেন। অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম বলেন, এটি নারীর জন্মনিয়ন্ত্রণের সুযোগ বাড়াবে এবং এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা সাশ্রয়ী করবে। তাঁর দাবি, বিদ্যমান বিকল্পের তুলনায় চিকিৎসার খরচ ৮০ থেকে ৯০ শতাংশ কমতে পারে। ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম বলেন, তিন মাসের ডোজ ও নিজে নেওয়ার সুযোগে স্বাস্থ্যকেন্দ্রে বারবার যেতে হবে না। তবে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যথাযথ পরামর্শ দেওয়া জরুরি বলে তিনি সতর্ক করেন। ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী বলেন, ইমপ্লান্ট ও আইইউডির জন্য প্রশিক্ষিত সেবাদাতা লাগে, কিন্তু এই ইনজেকশন নিজে নেওয়া যায়। প্রতিদিন বড়ি খাওয়ার ঝামেলাও থাকে না। যেকোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।












