নয়াদিল্লি, ২৫ নভেম্বর (রয়টার্স): ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধ দুটি পৃথক বিষয়।
দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। চলতি সপ্তাহে রয়টার্স এ খবর প্রকাশ করে। তবে বাংলাদেশের সরকার আবারও বলেছে, তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
২০২৪ সালের আগস্টে নিজের শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত প্রাণঘাতী গণ-অভ্যুত্থানের মুখে ঢাকা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
চলতি মাসে স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন তিনি।
বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গত বছর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার করা প্রত্যর্পণ অনুরোধ নয়াদিল্লি তাদের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে।
বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “কোনো নাগরিক ভ্রমণ নথি ব্যবহার করে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা একটি বিষয়।”
তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট দেওয়ার অনুরোধ বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করার পর দেশটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
প্রতিবেদন: তানভি মেহতা












