মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ত সড়ক ও উঁচু উড়ালপথের নিচে ক্লাং নদীর তীরে এখন দেখা মিলছে একদল উদবিড়ালের। নদীর বালুচরে দল বেঁধে খেলছে তারা, কখনো রোদ পোহাচ্ছে, আবার কখনো পানিতে সাঁতার কাটছে। শহরের কয়েকজন পথচারীর চোখে পড়া এই দৃশ্য এখন পরিবেশকর্মী ও নগরবাসীর মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে। একসময় মারাত্মক দূষণে বিপর্যস্ত ক্লাং নদী ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে কি না, সেই প্রশ্ন সামনে এসেছে।
কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে ছোট ছোট দলে উদবিড়ালের উপস্থিতি নিয়মিত দেখা যাচ্ছে। বিশেষ করে একসময় বিশ্বের অন্যতম দূষিত জলপথ হিসেবে পরিচিত ক্লাং নদীর আশপাশে তাদের বিচরণ নজর কেড়েছে। তবে প্রাণীগুলো নতুন করে শহরে ফিরে এসেছে, নাকি আগে থেকেই শহরের কম দৃশ্যমান এলাকায় বসবাস করছিল—তা এখনো নিশ্চিত নয়।
মসৃণ-লোমের এই উদবিড়াল আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার তালিকায় ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে পরিচিত। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, নদীতে তাদের উপস্থিতি পরিবেশের অবস্থার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। কারণ উদবিড়াল সাধারণত মাছসমৃদ্ধ জলাশয়ে বসবাস করে। আর মাছের উপস্থিতি নদীর খাদ্যশৃঙ্খল ও পরিবেশব্যবস্থার সুস্থতার সঙ্গে সম্পর্কিত।
দূষিত নদী থেকে মাঝারি মানের জলপ্রবাহ
একসময় ক্লাং নদী মালয়েশিয়ার দূষণের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি ছিল। দেশটির নদীর পানি মূল্যায়ন ব্যবস্থায় এটি পঞ্চম শ্রেণির, অর্থাৎ মারাত্মক দূষিত জলপথ হিসেবে চিহ্নিত হয়েছিল। কয়েক বছরের পরিচ্ছন্নতা কার্যক্রমের পর নদীটির অবস্থার উন্নতি হয়েছে। এখন এটি তৃতীয় শ্রেণিতে রয়েছে, যা মাঝারি মাত্রার দূষণ নির্দেশ করে।
মালয়েশিয়ার বন্যপ্রাণী পরিবেশবিদ উ চি ইয়ং মনে করেন, নদীর পরিবেশের এই উন্নতি উদবিড়ালের ফিরে আসার অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। তাঁর মতে, কোনো নদীতে উদবিড়ালের উপস্থিতি থাকলে সেখানে মাছ থাকার সম্ভাবনা থাকে। আর মাছের উপস্থিতি নদীর সামগ্রিক পরিবেশ ও আশপাশের জনগোষ্ঠীর জন্য ইতিবাচক ইঙ্গিত দেয়।
সম্প্রতি নদীর কংক্রিটের পাড়ে রোদ পোহানো কিংবা উঁচু রেলস্টেশনের সামনে সাঁতার কাটার সময় উদবিড়ালগুলোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নদীর পাশের একটি আবাসিক ভবনে থাকা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান উজাং বলেন, প্রাণীগুলোকে শিশুদের মতো খেলতে দেখলে তাঁর ভালো লাগে।
আবাসস্থল সংকটে মানুষের সঙ্গে সংঘাত
তবে শহরের সব এলাকায় উদবিড়ালের উপস্থিতিকে স্বাগত জানানো হচ্ছে না। অভিজাত আবাসিক এলাকা ট্রপিকানা গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্টে গত এক বছরে অন্তত ১২টি বাড়ির মাছের পুকুরে উদবিড়ালের হামলার অভিযোগ উঠেছে।
৮৯ বছর বয়সী বাসিন্দা ইয়ে স্যে মুনের দাবি, ১৫ বছর ধরে যত্নে পালন করা দামি অ্যারোয়ানা মাছ উদবিড়ালের আক্রমণে মারা গেছে। তিনি প্রাণীগুলোকে বিরক্তিকর মনে করলেও তাদের দোষ দিতে চান না। তাঁর বক্তব্য, মানুষের মতো প্রাণীদেরও বেঁচে থাকার জন্য খাবার খুঁজতে হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, পাশের বনভূমি উন্নয়নকাজের জন্য পরিষ্কার করার পর থেকেই উদবিড়ালগুলো আবাসিক এলাকায় আসতে শুরু করেছে। এতে তাদের স্বাভাবিক আবাসস্থল সংকুচিত হচ্ছে। এলাকার নিরাপত্তাকর্মীদের ধারণা, আশপাশের বনাঞ্চলে প্রায় ২৫টি উদবিড়াল রয়েছে।
মালয়েশিয়ায় উদবিড়াল সংরক্ষিত বন্যপ্রাণী। তাই বিশেষজ্ঞরা প্রাণীগুলোকে তাড়িয়ে দেওয়ার বদলে বাড়ির প্রবেশপথ বন্ধ রাখা এবং মাছের পুকুরে জাল বা বেড়া দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
নদীকে আবার প্রাণবন্ত করার উদ্যোগ
কুয়ালালামপুরের সাবেক মেয়র ও নগর উন্নয়নবিষয়ক উপদেষ্টা মাইমুনাহ মোহাম্মদ শরিফ উদবিড়ালের উপস্থিতিকে শহরের জন্য ইতিবাচক সম্পদ হিসেবে দেখছেন। তাঁর মতে, উদবিড়াল পরিচ্ছন্ন নগর পরিবেশের অন্যতম নির্দেশক।
ক্লাং নদী পরিষ্কারে সরকারের ‘রিভার অব লাইফ’ প্রকল্পের আওতায় শত শত বর্জ্য সংগ্রহব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নেদারল্যান্ডসের একটি বেসরকারি সংস্থার সৌরশক্তিচালিত বিশেষ যন্ত্র নদী থেকে কয়েক হাজার টন বর্জ্য সংগ্রহ করেছে।
তবে শুধু নদীতে জমে থাকা ময়লা সরালেই হবে না, বর্জ্য যাতে নদীতে প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থাও জোরদার করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের লক্ষ্য, ক্লাং নদীর পানির মান আরও উন্নত করে এমন পর্যায়ে নেওয়া, যাতে মানুষের শরীরের সংস্পর্শেও পানি ব্যবহার করা যায়।
নগর পরিকল্পনাবিদ ও ক্লাং নদী উৎসবের অন্যতম আয়োজক স্কারলেট কুন সি কি নদীর পাড়ে অপ্রয়োজনীয় কংক্রিটের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে। তাঁর মতে, বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছু এলাকায় কংক্রিটের বাঁধ প্রয়োজন হতে পারে। তবে যেখানে সম্ভব, নদীর পাড়ে গাছপালা ও প্রাকৃতিক আশ্রয়স্থল রাখা উচিত। এতে উদবিড়ালসহ অন্যান্য প্রাণীর বসবাসের সুযোগ বাড়বে।
কুয়ালালামপুরের উদবিড়াল নিয়ে এখনো পর্যাপ্ত তথ্য নেই। তাদের সংখ্যা, চলাচলের পথ ও বসবাসের এলাকা সম্পর্কে জানতে মালয়েশিয়ান অটার নেটওয়ার্ক সাধারণ মানুষের অংশগ্রহণে প্রাণী দেখার তথ্য সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে চায়।
একসময় যে নদীকে স্থানীয় শিক্ষকেরা অস্বাস্থ্যকর ও দূষিত জলপথ হিসেবে পরিচয় করিয়ে দিতেন, সেখানে এখন উদবিড়ালের বিচরণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। নদীর তীরে তাদের উপস্থিতি শুধু বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দিচ্ছে না, বরং শহরের নদীকে আবার প্রকৃতির অংশ হিসেবে ফিরিয়ে আনার সম্ভাবনাও সামনে আনছে।












