রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া আরও ৯ শিশুকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত মোট ৪৩ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মেলানিয়ার উদ্যোগে শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এটি সপ্তম ঘটনা। সর্বশেষ এই দফায় ইউক্রেন ও রাশিয়ার শিশুদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে শিশুদের পরিচয়, বয়স কিংবা তারা কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এক বিবৃতিতে মেলানিয়া বলেন, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের পূর্ণ সহযোগিতায় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। যুদ্ধের বিভীষিকা কেন তাদের জীবনে নেমে এসেছে, তা কোনো শিশুর পক্ষেই বোঝা সম্ভব নয়। ভৌগোলিক অবস্থান ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে শিশুদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
তিনি বলেন, সংঘাত ও বিভক্তির প্রভাব থেকে শিশুদের রক্ষা করা এবং তাদের স্বাভাবিক জীবনের আনন্দ ফিরিয়ে দেওয়া প্রাপ্তবয়স্কদের নৈতিক দায়িত্ব।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুদ্ধ ও সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তা মেলানিয়ার অন্যতম প্রধান উদ্যোগে পরিণত হয়েছে। চলতি বছরের শুরুতে এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও সভাপতিত্ব করেন তিনি।
২০২৫ সালের আগস্টে মেলানিয়ার এই উদ্যোগের শুরু। ওই সময় আলাস্কায় এক শীর্ষ বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি চিঠি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।
এরপরের এক বছরে যুদ্ধের কারণে স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া প্রায় তিন ডজন শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করেন মেলানিয়া। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের নেতার সঙ্গেই সরাসরি যোগাযোগের পথ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
গত অক্টোবরে দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে ছয় দিনের যুদ্ধবিরতি কার্যকরে আলোচনায় সহায়তা করেন মেলানিয়া। চলতি মাসের শুরুতে এ উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউসে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের একত্র করেন তিনি।
দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের ওই স্থানীয় যুদ্ধবিরতি ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কার্যকর ছিল। এ সময় প্রায় ৮০০ মানুষ শহরটি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পান। যারা শহরে থেকে গিয়েছিলেন, তাদের জন্য পৌঁছে দেওয়া হয় খাবার, পানি ও অন্যান্য মানবিক সহায়তা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর ওই অঞ্চলে এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি হিসেবে বিবেচনা করা হয়।












