ভারতের স্বেচ্ছানির্বাসন থেকে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে ভারত থেকে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে আনার অবস্থানও স্পষ্ট করেছে সরকার।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক চাপ, শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ।
কেন দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার প্রাণঘাতী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। দীর্ঘ শাসনামলে বিরোধীদের ওপর দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ উঠেছিল তাঁর সরকারের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে নিহতের সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ৪০০ হতে পারে।
সরকার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হন তারেক রহমান, যিনি শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রয়াত খালেদা জিয়ার ছেলে।
যেভাবে দেশে ফিরতে চান শেখ হাসিনা
শেখ হাসিনা দেশে ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছেন। ২০২৪ সালে বাংলাদেশের একটি উড়োজাহাজেই তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল—এ যুক্তিও তুলে ধরেছেন তাঁর পক্ষের একজন মুখপাত্র।
দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকি থাকলেও আদালতে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা। তাঁর বক্তব্য, মামলাগুলোর মুখোমুখি হলে সেগুলোর বৈধতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও তাঁর দেশে ফেরার পর সামনে আসার সাহস পেতে পারেন বলে মনে করেন তিনি।
গত জুলাইয়ে এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, নিজের জন্মভূমিতেই তিনি মৃত্যুবরণ করতে চান। তাঁর বাবা-মায়ের কবর এবং পরিবারের রক্তের স্মৃতি এই দেশের মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে সরকারের অবস্থান ভিন্ন। মন্ত্রী হুমাইউন কবির বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারিতে ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও জানিয়েছেন, তাঁর সঙ্গে কোনো সমঝোতায় যাবে না সরকার।
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নতুন বিরোধ
গত ৯ নভেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার কয়েক মাস পর অন্তর্বর্তী সরকার তাঁর এসব পরিচয়পত্র বাতিল করেছিল।
আবেদনে বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার যুক্তি তুলে ধরা হয়। তবে জবাবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।
এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ভারতের অবস্থানও গুরুত্বপূর্ণ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি। তবে এর আগে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করার কথা জানিয়েছিল ভারত।
আওয়ামী লীগের বিক্ষোভ, প্রাণহানি ও সংঘর্ষ
পাসপোর্টের আবেদন সামনে আসার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থকেরা বিক্ষোভ করেন। শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ক্ষমতাসীন বিএনপির দুই সদস্য নিহত হন। গোপালগঞ্জে দলটির দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী এসব সহিংসতাকে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে দেশের একাংশের মানুষের দাবি, শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
শেখ হাসিনা অবশ্য দেশে থাকা দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন। তাঁর মতে, নেতৃত্বের অনুপস্থিতিতে দলের কর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
প্রত্যাবর্তনে বাংলাদেশের সামনে কী ঝুঁকি
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর ফেরার সম্ভাবনা রাজনৈতিকভাবে সংবেদনশীল। এ দিনটিকে ঘিরে বড় ধরনের সমাবেশ বা জনসমর্থনের প্রদর্শনী হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
এমনিতেই রাজনৈতিক পালাবদলের পর অর্থনীতি ও শিল্প খাত পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ হলেও রাজনৈতিক অস্থিরতার প্রভাব কাটিয়ে উঠতে শিল্প খাতকে লড়াই করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও বিদ্যুতের সংকট এবং জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে।
এর পাশাপাশি দেশে হাম ও অন্যান্য রোগের বিস্তার এবং পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করেছে।
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর সমর্থকেরা নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা, বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক সমাবেশ নিয়ন্ত্রণের মতো কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে সরকারকে।
ফলে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার বিষয় নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন এবং নিরাপত্তা পরিস্থিতির জন্যও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে।












