দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয়ের প্রভাব
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়।
আগের সমন্বয়ের পর বেড়েছে আন্তর্জাতিক দাম
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়নি।
সংগঠনটির বক্তব্য, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপের কারণে দেশে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। আসন্ন পবিত্র রমজান সামনে রেখে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বর্তমান আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় তারা।
কৃত্রিম সংকট ও বেশি দামে বিক্রি ঠেকাতে নির্দেশনা
সভায় বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বে থাকা খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












