বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন বাংলাদেশের ৪১ জেলে ও মাঝিমাল্লা। কারও বন্দিজীবন কেটেছে প্রায় নয় মাস, কারও দুই বছরেরও বেশি। বন্দিশালায় প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা কৃষিকাজ ও নির্মাণশ্রমে বাধ্য করা হতো তাঁদের। কাজ করতে অস্বীকৃতি জানালে চলত শারীরিক নির্যাতন। সারাদিনের পরিশ্রমের বিনিময়ে মিলত মাত্র একবেলা খাবার। দীর্ঘদিনের সেই দুর্বিষহ অভিজ্ঞতা শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তাঁরা।
২৬ নভেম্বর বিকেলে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটসংলগ্ন সীমান্ত এলাকায় আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ৪১ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে আরাকান আর্মি। পরে বিজিবি তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। ফেরত আসা সবাই বাংলাদেশি নাগরিক।
সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায়
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে আয়োজিত সংবাদ সম্মেলনে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হন।
বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বন্দিশালায় শ্রম, খাবার মাত্র একবেলা
ফেরত আসা জেলেদের একজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেন (৬০)। প্রায় নয় মাস বন্দি থাকার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাঁদের ধাওয়া করে আটক করেন।
আবুল হোসেনের ভাষ্য, বন্দিশালায় প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিকের কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে মারধর করা হতো। সারাদিনের জন্য খাবার দেওয়া হতো মাত্র একবেলা। দেশে ফিরে বিজিবির কাছ থেকে নয় মাস পর পেট ভরে খাবার পেয়েছেন বলেও জানান তিনি। তাঁর দাবি, বন্দিশালায় রোহিঙ্গাসহ আরও অর্ধশতাধিক জেলে আটক রয়েছেন।
একইভাবে বন্দিদশা থেকে ফেরা টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা মো. শাহেদ জানান, প্রায় নয় মাস তাঁকে আটকে রাখা হয়েছিল। এ সময় তাঁদের দিয়ে ১৫০টির বেশি ঘর নির্মাণের কাজ করানো হয়। প্রতিদিন আট ঘণ্টা পর্যন্ত কৃষিকাজে শ্রম দিতে হতো। কাজ করতে অস্বীকৃতি জানালে নির্যাতনের শিকার হতে হতো বলে অভিযোগ করেন তিনি।
চলতি বছরে ফিরেছেন ৩২৩ জেলে
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনো যারা আটক রয়েছেন, তাঁদেরও ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে। ফেরত আসা জেলেদের যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে পাঠানো হবে।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট জেলেদের নিরাপদে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।












