বইয়ের দাম বাড়ছে, কমছে মানুষের ক্রয়ক্ষমতা। কাগজের মূল্যবৃদ্ধি ও পারিবারিক ব্যয়ের চাপের কারণে অনেকের কাছেই বই কেনা এখন বিলাসিতার মতো হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে বইয়ের দোকানগুলোর ওপরও। ইরানের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শহর তাবরিজেও একের পর এক পুরোনো বইয়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। কোথাও বইয়ের তাক সরিয়ে জায়গা নিচ্ছে অন্য ব্যবসা। এমন পরিস্থিতিতে বই কেনার সামর্থ্য বাড়ানো এবং স্থানীয় বইয়ের দোকানগুলোকে টিকিয়ে রাখতে ‘কিতাবইয়ার তাবরিজ’ নামে একটি উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ।
এই কর্মসূচির মূল লক্ষ্য দুটি—নাগরিকদের বই কেনায় আর্থিক সহায়তা দেওয়া এবং শহরের পুরোনো বইয়ের দোকানগুলোতে ক্রেতা ফিরিয়ে আনা। প্রথম পর্যায়ে ১৭টি পুরোনো বইয়ের দোকানকে যুক্ত করে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। এবার দ্বিতীয় ধাপেও তা চালিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বইয়ের দাম বাড়ায় সংকটে বইয়ের দোকান
তাবরিজ দীর্ঘদিন ধরেই ইরানের সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। শহরটির বইয়ের দোকানগুলো একসময় শিক্ষার্থী, লেখক, গবেষক ও সংস্কৃতিমনস্ক মানুষের নিয়মিত মিলনস্থল ছিল। কিন্তু বই ও কাগজের দাম বৃদ্ধি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং পাঠাভ্যাসের সীমাবদ্ধতা এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক ভিত্তিকে দুর্বল করে দিয়েছে।
ইরানের প্রকাশনা প্রতিষ্ঠান শায়েস্তের পরিচালক মোহাম্মদ জারেয়ি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে কিতাবইয়ারের মতো উদ্যোগ পাঠক ও বই ব্যবসায়ী—উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর মতে, কয়েক বছর বিরতির পর নতুন কাঠামোয় কর্মসূচিটি চালু হওয়ায় বইপ্রেমী মানুষ এবং এই খাতের ব্যবসায়ীরা উপকৃত হতে পারেন।
তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগের গুরুত্ব শুধু কম দামে বই কেনার সুযোগ তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। বই উৎপাদন, সরবরাহ এবং পাঠকের হাতে পৌঁছে দেওয়ার সামগ্রিক ব্যবস্থাতেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
প্রথম ধাপে অংশ নেন ৩ হাজার ৩৮৮ জন
তাবরিজ সিটি করপোরেশনের সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচিটির প্রথম পর্যায়ে অংশ নেন ৩ হাজার ৩৮৮ জন নাগরিক। তাঁদের বই কেনার জন্য যুক্ত ছিল ১৭টি বইয়ের দোকান। এই পর্যায়ে মোট বই বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ কোটি ইরানি তুমান।
তাবরিজের ডেপুটি মেয়র এবং সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া সংস্থার প্রধান আমির নাসিরবিগি জানিয়েছেন, প্রথম পর্যায়ে নাগরিক ও বই বিক্রেতাদের সাড়া পাওয়ায় দ্বিতীয় ধাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন নেওয়া হয় ১২ থেকে ২৪ আবান পর্যন্ত। ২৪ আবান থেকে শুরু হওয়া কর্মসূচিটি ৯ আজার পর্যন্ত চলার কথা, যা ইরানি বর্ষপঞ্জি অনুযায়ী হজরত ফাতেমা জাহরার জন্মবার্ষিকীর সঙ্গে মিলে যায়।
প্রথম পর্যায়ে যাঁদের কেনাকাটার জন্য বরাদ্দ করা অর্থের কিছু অংশ অবশিষ্ট রয়েছে, তাঁরাও দ্বিতীয় ধাপে তা ব্যবহার করতে পারবেন। এ জন্য তাঁদের কিতাবইয়ারের ওয়েবসাইটে গিয়ে নতুন পর্যায়ে অংশগ্রহণের আগ্রহ নিশ্চিত করতে হবে।
নারী-পুরুষের অংশগ্রহণ সমান
প্রথম পর্যায়ের অংশগ্রহণকারীদের মধ্যে নারী ও পুরুষের অনুপাত ছিল সমান—৫০ শতাংশ করে। বয়সের হিসাবে ৩৬ থেকে ৫০ বছর বয়সীরা সবচেয়ে বেশি বই কিনেছেন। এরপর ছিল ১৮ থেকে ২৫ এবং ২৬ থেকে ৩৫ বছর বয়সী পাঠকেরা।
এলাকাভিত্তিক হিসাবে শহরের ২, ১, ৩, ৪ ও ৫ নম্বর অঞ্চলের বাসিন্দারা পর্যায়ক্রমে সবচেয়ে বেশি অংশ নেন। বইয়ের দোকানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্রেতা পেয়েছে দেহখোদা, শায়েস্তে, সার্ভ, হামেদ ও কাফ।
নিবন্ধন ও সক্রিয়করণ কোড সংগ্রহের জন্য নির্ধারিত ওয়েবসাইট ketabyartabriz.ir।
বইমেলার অভাবও আলোচনায়
প্রথম পর্যায়ে অংশ নেওয়া তাবরিজের বাসিন্দা মোহাম্মদ হায়দারি মনে করেন, বই কেনায় নাগরিকদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে কর্মসূচিটি কার্যকর ভূমিকা রেখেছে। তাঁর মতে, কয়েক বছর ধরে শহরে বইমেলা না হওয়ায় পাঠকদের জন্য নতুন বই ও প্রকাশনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও কমেছে। কিতাবইয়ার সেই শূন্যতা কিছুটা পূরণ করতে পেরেছে।
তবে বই কেনার জন্য আর্থিক সহায়তা এবং বইমেলার সুযোগ এক বিষয় নয়। বইমেলা পাঠকদের নতুন প্রকাশনা, প্রকাশক ও বিভিন্ন সাহিত্যধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। ফলে কিতাবইয়ারের পাশাপাশি নিয়মিত বইমেলার আয়োজনের প্রয়োজনীয়তাও সামনে এসেছে।
সাময়িক উদ্যোগ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি সহায়তা
প্রথম পর্যায়ে প্রায় ৭ কোটি তুমানের বই বিক্রি এবং ১৭টি বইয়ের দোকানের অংশগ্রহণ কর্মসূচিটির গ্রহণযোগ্যতার একটি চিত্র তুলে ধরেছে। তবে বইয়ের দোকানগুলোর দীর্ঘমেয়াদি টিকে থাকা শুধু এ ধরনের সাময়িক উদ্যোগের ওপর নির্ভর করতে পারে না।
বইয়ের দাম নিয়ন্ত্রণ, প্রকাশকদের সহায়তা, নিয়মিত বইমেলার আয়োজন এবং পাঠাভ্যাস বাড়ানোর কর্মসূচি—সবকিছুর সমন্বয় প্রয়োজন। তাবরিজের বইয়ের দোকানগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ।
কিতাবইয়ার সেই লক্ষ্য অর্জনের একটি পদক্ষেপ। এখন দেখার বিষয়, এই কর্মসূচি কতটা ধারাবাহিকভাবে চালানো যায় এবং বই কেনার অভ্যাস ফিরিয়ে আনার পাশাপাশি পুরোনো বইয়ের দোকানগুলোকে কতটা অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারে।









