ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্তবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার ও আটকের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
আটক ও গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। এসব কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেবে।
তিনি বলেন, নিরাপত্তাঝুঁকি শুধু বাহিনীর বাইরের দিক থেকে আসছে কি না, তা নয়; পুলিশের ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও নজরদারির আওতায় রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যেসব অভিযোগে চার পুলিশ কর্মকর্তা আটক
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চার কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি। তাঁরা হলেন ২৫তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অনুরোধ ছিল। অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তাঁকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নজরদারি
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ডিসেম্বরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।












