দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন। এতে চলমান হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে। মৃতদের মধ্যে শিশুর সংখ্যাই উল্লেখযোগ্য।
এক দিনে আক্রান্ত ১ হাজার ৩৫১ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৭৩ জন। একই সময়ে ৭৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।
আড়াই লাখের বেশি মানুষের মধ্যে উপসর্গ
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় পরীক্ষার মাধ্যমে ২৬ হাজার ৫৫৪ জনের হাম শনাক্ত হয়েছে।
নতুন মৃত্যুর পাশাপাশি আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমের গুরুত্ব আরও বেড়েছে।












