মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় গ্রামীণ ব্যাংকের যশলং শাখার সামনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাংকের দরজার সামনে আগুন লাগানো হয়। এতে পাশে রাখা একটি মোটরসাইকেলের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাংকটির ব্যবস্থাপক কামাল হোসেন জানান, বুধবার মধ্যরাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংকের দরজার সামনে আগুন লাগিয়ে দেয়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাশে রাখা একটি মোটরসাইকেলের কিছু অংশ পুড়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, কেউ হয়তো গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে ব্যাংকে আগুন লাগেনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












