ঢাকা থেকে পিরোজপুরে যাওয়ার পথে গোপালগঞ্জে একটি বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে পিরোজপুরে পৌঁছালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
আহত নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
সাব্বিরের অভিযোগ, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
বাসের সহযাত্রীর সঙ্গে কথোপকথনের পর সন্দেহ
সাব্বির জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের রাজনৈতিক পরিচয় জানান। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন।
ওই ব্যক্তি তার ফেসবুক পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও জানতে পারেন। এরপর ওই যাত্রী বাসের পেছনের দিকে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন বলে দাবি সাব্বিরের।
বাস থামিয়ে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ
সাব্বিরের ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাকে জোর করে নামিয়ে নিয়ে যায়। দলটির কয়েকজনের কাছে অস্ত্র ছিল বলে অভিযোগ করেন তিনি।
পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
সাব্বির আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার পিঠে অস্ত্র ঠেকিয়ে বিএনপি ও ছাত্রদল সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিতে বাধ্য করেন। সেই বক্তব্য ভিডিও ধারণ করে তার নিজের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। এ সময় তার মুঠোফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।
পালিয়ে পিরোজপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি
একপর্যায়ে হামলাকারীদের কাছ থেকে পালাতে সক্ষম হন সাব্বির। একটি মাঠ পেরিয়ে বিকল্প পথ দিয়ে মূল সড়কে ফিরে এসে অন্য একটি বাসে ওঠেন তিনি।
রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সিও অফিস মোড় থেকে তাকে উদ্ধার করেন। পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হাসপাতালে যান। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও ভিডিও কলে সাব্বিরের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।
শরীরে আঘাতের চিহ্ন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক কে এম আসিফ আহাম্মেদ জানান, সাব্বিরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও কালশিটে দাগ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার জানান, খবর পাওয়ার পর তারা হাসপাতালে গিয়ে সাব্বিরের চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের সঙ্গে কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












