খুলনায় চাঁদা না পেয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে নগরীর লবণচরা থানা এলাকার একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় এ ঘটনা ঘটে। তবে হামলায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে নগরীর একটি বাজারে অবস্থিত তুষকাঠের মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী চক্র। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
ওই সময় কর্মীরা ঘুমিয়ে থাকায় কেউ গুলিবিদ্ধ হননি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই বাজারের পাশের একটি চানাচুর কারখানাতেও একই সময়ে গুলি চালানো হয়। কারখানার মালিক শামসুর রহমানের কাছেও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুটি প্রতিষ্ঠানে একই সময়ে গুলি চালানোর ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চাঁদা আদায়ের জন্য এ ধরনের হামলা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।












