রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁকে ওজন মাপার বাটখারা দিয়ে পিটিয়ে আহত করার পাশাপাশি গালে ছুরিকাঘাত করে। গুরুতর আহত ব্যবসায়ী মো. সুমন (৪০) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের কালাচাঁদপুর মাদ্রাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
বাটখারা দিয়ে আঘাত, গালে ছুরিকাঘাত
আহত সুমনের বড় ভাই শাহিনের ভাষ্য অনুযায়ী, মিন্টু, তালহাত, ইয়াসিন ও তাফসিরসহ কয়েকজন ব্যক্তি তাঁর ভাইকে ঘিরে ধরে হামলা চালায়। এ সময় তাঁকে ওজন মাপার বাটখারা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাঁর গালে ছুরিকাঘাত করা হয়।
শাহিন অভিযোগ করেন, হামলাকারীরা সুমনের কাছে থাকা নগদ ৬ হাজার টাকা ও গলায় পরা একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। এ ছাড়া তাঁর ব্যবহৃত ভিভো মুঠোফোনটিও ভেঙে ফেলে।
অবস্থার অবনতি, ঢামেকে ভর্তি
ঘটনার পর স্বজনেরা সুমনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।
অভিযোগ পেলে তদন্তের কথা পুলিশের
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
অন্যদিকে গুলশান থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।












