কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোথাও পাওয়া গেলে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী। একই সঙ্গে ডিসেম্বর মাসজুড়ে এলাকায় এলাকায় পাহারা বসিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মোংলা পৌর ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
জুলফিকার আলী বলেন, বিএনপি অনেক দিন ধৈর্য ধরেছে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের পরও নেতাকর্মীরা শান্ত ও নমনীয় অবস্থানে ছিলেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘাত ও বিশৃঙ্খলা তৈরি করলে তার জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসাদ সৃষ্টি ও নৈরাজ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। বিএনপি, যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় পাহারা বসাতে হবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় প্রবেশের সংযোগস্থলেও নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবি
সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশে বহু মানুষ হত্যাকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি।
মানিকের অভিযোগ, ভারতে অবস্থানরত শেখ হাসিনা পাচার করা অর্থ ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে যৌক্তিক বলে দাবি করেন। এ সময় গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাও তুলে ধরেন তারা।
শহরে বিক্ষোভ মিছিল
এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদারসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












