শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে প্রকাশ্যে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে মহাসড়কের কোন অংশে মিছিলটি হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মিছিলের ছবি ও ভিডিও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। সেখানে দেখা যায়, সাদা কাপড়ের ব্যানারে লাল কালিতে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা, তোমার অপেক্ষায় বাংলাদেশ’। ব্যানারে নাসির মোড়লের নাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর পরিচয়ও উল্লেখ করা হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের হাতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও নাসির মোড়লের ছবি সংবলিত বড় ফেস্টুন দেখা যায়।
মিছিলের একটি ভিডিওতে এক কর্মীকে অভিযোগ করতে শোনা যায়, তাঁদের কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করেছেন।
নাসির মোড়ল তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, মিছিলের আগেই তাঁদের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের এ দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
পোস্টে তিনি আরও লেখেন, শেখ হাসিনার কর্মীরা আত্মগোপনে না থেকে প্রকাশ্যেই রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এর আগে থানা ঘেরাওয়ের কর্মসূচি পালনের কথা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই সেই কর্মসূচি পালনের কথাও জানান।
এদিকে মিছিলের বিষয়ে জানতে চাইলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কোথায় মিছিল করেছেন, সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত নয় বলেও জানান তিনি।












