গোপালগঞ্জে ছাত্রদল নেতা মো. সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে পিরোজপুর জেলা ছাত্রদলের মধ্যে। আহত নেতার পাশে দাঁড়াতে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি নিয়েছে সংগঠনটির জেলা শাখা। তবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আহত সাব্বির খান পিরোজপুরে পৌঁছালে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ সময় হাসপাতালে উপস্থিত পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশনা দেন।
ভিডিও কলে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কেন্দ্রীয় সভাপতিকে জানান, তার নির্দেশনা পেলেই হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তিনি কেন্দ্রীয় সভাপতিকে সংগঠনের অভিভাবক উল্লেখ করে বলেন, যেকোনো কর্মসূচিতে অংশ নিতে তারা প্রস্তুত।
সালাউদ্দিন তালুকদার আরও জানান, এর আগেও নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা পেলে ভবিষ্যতেও যেকোনো কর্মসূচিতে অংশ নেবেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনও কেন্দ্রীয় সভাপতিকে জানান, অতীতেও নেতৃত্বের নির্দেশনায় রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন তারা। তার নেতৃত্বে যেকোনো জায়গায় যেতে প্রস্তুত রয়েছেন।
তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, যারা সাব্বিরকে নির্যাতনের ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে এবং প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। ছাত্রদল কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নেবে না।
কেন্দ্রীয় সভাপতি আরও স্পষ্ট করেন, গোপালগঞ্জের সব মানুষ ছাত্রদলের প্রতিপক্ষ নন; তাদের অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহত সাব্বিরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সুস্থ হওয়ার পর তার পাশে থাকার আশ্বাসও দেন তিনি।












