ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের পুরো অংশ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা পৌনে ২টার দিকে মহাসড়কের পাশে পার্ক করা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগানোর পেছনে নাশকতার আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের একজনের দাবি, একটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, লাব্বাইক পরিবহনের বাসটি গত দুই দিন ধরে মহাসড়কের পাশে পার্ক করা ছিল। প্রাথমিকভাবে এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তদের জড়িত থাকার সন্দেহের কথা জানান তিনি।
পুলিশ জানিয়েছে, আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।












