কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ঘিরে বিশ্বজুড়ে বিনিয়োগের যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছিল তামা, টিন ও রুপার বাজারেও। ডেটা সেন্টার নির্মাণ, উন্নত কম্পিউটিং অবকাঠামো এবং প্রযুক্তি খাতের সম্প্রসারণের প্রত্যাশায় এসব ধাতুর দাম দ্রুত বেড়েছিল। কিন্তু এখন এআইনির্ভর শেয়ারবাজারে ধসের প্রভাবে সেই উত্থানের গল্প উল্টো দিকে মোড় নিয়েছে। বিনিয়োগকারীরা ধাতুর বাজার থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন, আর তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে বাজারদর।
তবে এই মূল্যপতনকে ধাতুর বাজারের প্রকৃত অবস্থার প্রতিফলন মনে করলে বড় ভুল হবে। কারণ আর্থিক বাজারে বিক্রির চাপ বাড়লেও বাস্তব বাজারে গুরুত্বপূর্ণ কয়েকটি ধাতুর সরবরাহ পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ। কোথাও গুদামে মজুত প্রায় শেষ, কোথাও সরবরাহ এক অঞ্চলে কেন্দ্রীভূত, আবার কোথাও স্বল্পমেয়াদি চাহিদা মেটাতে ক্রেতাদের অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে। অর্থাৎ বাজারের পর্দায় যে দুর্বলতা দেখা যাচ্ছে, সরবরাহব্যবস্থার ভেতরের বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত।
বিনিয়োগের উন্মাদনা থেকে আতঙ্কের বিক্রি
নভেম্বর মাসে লন্ডন মেটাল এক্সচেঞ্জের (এলএমই) ছয়টি প্রধান শিল্পধাতুর সূচক প্রায় ১৫ শতাংশ কমেছে। সূচকটি বছরের শুরুতে থাকা অবস্থানেরও নিচে নেমে গেছে। এআই খাতের বিনিয়োগ নিয়ে অতিরিক্ত আশাবাদের জায়গা দখল করেছে শক্তিশালী ডলার, সুদের হার বৃদ্ধির আশঙ্কা এবং চীনের দুর্বল অভ্যন্তরীণ অর্থনীতির উদ্বেগ।
এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে ধাতুর চাহিদা বাড়বে—এই ধারণা বিনিয়োগকারীদের বড় অঙ্কের অর্থ বাজারে টেনেছিল। এখন সেই প্রত্যাশা নিয়ে সংশয় তৈরি হওয়ায় তামা, টিন ও রুপার পাশাপাশি অন্যান্য ধাতুও বিক্রির চাপে পড়েছে।
সমস্যা হলো, বাজারে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত সব সময় বাস্তব পণ্যের সরবরাহ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। বিশেষ করে যখন বিপুল পরিমাণ অর্থ প্রযুক্তিনির্ভর বিনিয়োগের প্রবণতা অনুসরণ করে, তখন বাজারের মূল্য ওঠানামা বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির তুলনায় অনেক বেশি তীব্র হয়ে উঠতে পারে।
অ্যালুমিনিয়ামে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় চাপ
অ্যালুমিনিয়ামের বাজারে এই বৈপরীত্য সবচেয়ে স্পষ্ট। এলএমইতে অ্যালুমিনিয়ামের নগদ সরবরাহের দাম তিন মাস পর সরবরাহযোগ্য ধাতুর তুলনায় অস্বাভাবিকভাবে বেড়েছে। গত সোমবার এই ব্যবধান প্রতি টনে ৪০৫ ডলারে পৌঁছায়। অথচ একই সময়ে মূল অ্যালুমিনিয়ামের দাম ১৩ মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
১৯৯০ সালের পর এত তীব্র সরবরাহসংকট আর দেখা যায়নি। স্বল্পমেয়াদে ধাতু সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয়ও বেড়েছে। এক রাতের জন্য অবস্থান ধরে রাখার খরচ কোনো কোনো ক্ষেত্রে প্রতি টনে ৩২ ডলার পর্যন্ত উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এলএমইকে লেনদেনসংক্রান্ত ঋণ ও সরবরাহ নির্দেশনায় পরিবর্তন আনতে হয়েছে।
এর মূল কারণ গুদামে ধাতুর ঘাটতি। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলে উৎপাদন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতে এলএমইর মজুত থেকে বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এক্সচেঞ্জে ব্যবহারযোগ্য মজুত নেমে এসেছে মাত্র ২ লাখ ৫ হাজার ৩০০ টনে। অবশিষ্ট ধাতুর বড় অংশ রাশিয়ার, যা বাজারজাত করাও তুলনামূলক কঠিন।
সরবরাহ বাড়াতে নতুন উৎপাদকদের ধাতুর ব্র্যান্ড অনুমোদনের প্রক্রিয়া দ্রুত করছে এলএমই। ইন্দোনেশিয়ার একটি নতুন উৎপাদকের আবেদনও প্রক্রিয়াধীন।
তামার বাজারে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব
তামার বাজারে সংকটের চিত্র কিছুটা আলাদা। এখানে প্রধান সমস্যা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপের আশঙ্কা। শুল্কের প্রভাব এড়াতে বিশ্বের বিপুল পরিমাণ সহজলভ্য তামা যুক্তরাষ্ট্রে চলে গেছে। ফলে অন্য বাজারগুলোতে সরবরাহ কমে গিয়ে প্রতিযোগিতা বেড়েছে।
চীনের সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে নভেম্বরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় এই সংকট প্রকট হয়। বিক্রেতাদের চুক্তি সমন্বয়ের জন্য প্রয়োজনীয় মজুত ছিল মাত্র ২ হাজার ২৭০ টন। ফলে স্বল্প অবস্থানে থাকা ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়তে হয়। একপর্যায়ে নভেম্বর ও ডিসেম্বরের চুক্তির দামের ব্যবধান প্রতি টনে ১০ হাজার ইউয়ান ছাড়িয়ে যায়।
চীনে আমদানি করা তামার চাহিদা বোঝার গুরুত্বপূর্ণ সূচক ইয়াংশান প্রিমিয়ামও রেকর্ড ৫০০ ডলারে পৌঁছেছে। এই উচ্চ মূল্য চীনের বাজারে তামার তীব্র প্রয়োজনের ইঙ্গিত দেয়। এখন শূন্যস্থান পূরণে তামার চালান সাংহাইয়ের পথে রয়েছে। তবে ডিসেম্বরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পর্যাপ্ত ধাতু পৌঁছাবে কি না, সেটিই বড় প্রশ্ন।
টিন ও জিঙ্কেও সরবরাহের অস্বাভাবিকতা
এআই প্রযুক্তির সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায় টিনের বাজারেও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছিল। কম্পিউটার হার্ডওয়্যারের সার্কিট বোর্ড সংযুক্ত করতে ব্যবহৃত এই ধাতুর দাম মার্চ থেকে প্রযুক্তি খাতের শেয়ারের মতো আচরণ করেছে।
কিন্তু মাত্র তিন সপ্তাহে টিনের দাম প্রতি টনে ৫১ হাজার ডলারের বেশি থেকে কমে ৩৭ হাজার ৯০০ ডলারে নেমেছে। অথচ লন্ডন ও সাংহাই—দুই বাজারেই সরবরাহ সংকুচিত। উভয় এক্সচেঞ্জের সম্মিলিত মজুত ফেব্রুয়ারির ২২ হাজার ৬০০ টন থেকে কমে ৮ হাজার ৪০০ টনের সামান্য ওপরে দাঁড়িয়েছে।
জিঙ্কের বাজারেও একই ধরনের বৈপরীত্য রয়েছে। এআই ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধির আলোচনায় এই ধাতু উল্লেখযোগ্যভাবে না থাকলেও সামগ্রিক বিক্রির চাপে এর দাম কমেছে। জুন থেকে এলএমইতে নগদ সরবরাহের দাম তিন মাস পর সরবরাহযোগ্য জিঙ্কের তুলনায় বেশি রয়েছে। গত সপ্তাহে এই ব্যবধান প্রতি টনে ১৭৭ দশমিক ৫০ ডলারে পৌঁছায়।
এর পেছনে রয়েছে ভৌগোলিকভাবে বিভক্ত সরবরাহব্যবস্থা। চীনে জিঙ্কের উদ্বৃত্ত থাকলেও বিশ্বের অন্যান্য অঞ্চলে এই ধাতুর ঘাটতি অব্যাহত রয়েছে।
ভবিষ্যতের বাজারে অস্থিরতাই বড় ঝুঁকি
ধাতুর বাজারে আর্থিক বিনিয়োগ এবং বাস্তব চাহিদার মধ্যে সংঘাত নতুন নয়। তবে এবার ব্যবধানটি অস্বাভাবিকভাবে বড়। বিনিয়োগকারীরা বেরিয়ে যাচ্ছেন, আর বাজারের নিম্নমুখী প্রবণতা অনুসরণকারী তহবিলগুলো সেই বিক্রির চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।
অন্যদিকে বাস্তব সরবরাহব্যবস্থা যুদ্ধ, উৎপাদন ব্যাহত হওয়া, শুল্কের আশঙ্কা এবং ভৌগোলিক ভারসাম্যহীনতার কারণে চাপে রয়েছে। লন্ডন ও সাংহাইয়ের বাজারে স্বল্পমেয়াদি সরবরাহের উচ্চ প্রিমিয়াম সেই সংকটেরই প্রতিফলন।
এআই, পরিচ্ছন্ন জ্বালানি এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিকাশে শিল্পধাতুর গুরুত্ব যে বেড়েছে, তা এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। কিন্তু এই গুরুত্বের সঙ্গে বিনিয়োগের অতিরিক্ত উন্মাদনা যুক্ত হলে বাজারে বড় ধরনের মূল্যবিকৃতি তৈরি হতে পারে।
এ বছরের অভিজ্ঞতা সেই ঝুঁকিরই সতর্কবার্তা। প্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা আপাতত ধাতুর বাজার থেকে সরে গেলেও এআই অবকাঠামোর সম্প্রসারণের প্রত্যাশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। নতুন করে বিনিয়োগের ঢেউ ফিরলে ধাতুর বাজার আবারও উত্তপ্ত হতে পারে। তখনও মূল প্রশ্ন থাকবে—আর্থিক বাজারের মূল্যবৃদ্ধি বাস্তব সরবরাহের সক্ষমতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।
অ্যান্ডি হোমের আরও লেখা
ব্যাটারি ধাতুর দাম ফিরছে, কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজার কি সেই গতি ধরে রাখতে পারবে?
লিথিয়ামের ঘুরে দাঁড়ানো: নতুন উত্থান নাকি সাময়িক স্বস্তি?
অ্যালুমিনিয়ামের বাজারে নতুন ভূকম্প: মধ্যপ্রাচ্যের যুদ্ধ কীভাবে বদলে দিচ্ছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা











