দুবাইয়ের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন আল ফাহিদি ফোর্ট নতুন রূপে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ১৭৮৭ সালে নির্মিত এই দুর্গটি দীর্ঘ সংস্কার ও আধুনিকায়নের পর একটি সমৃদ্ধ জাদুঘর হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। এখানে রয়েছে ৭০০টির বেশি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ছয়টি প্রদর্শনী গ্যালারি এবং ইতিহাস জানার নানা আধুনিক ও ইন্টারঅ্যাকটিভ ব্যবস্থা। প্রায় ২৪০ বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি জাদুঘরটি দুবাইয়ের সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিরক্ষাব্যবস্থার বিবর্তনও তুলে ধরবে।
দুবাইয়ের সবচেয়ে পুরোনো ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত আল ফাহিদি ফোর্ট একসময় ছিল নগরীর নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কয়েক শতাব্দী ধরে দুর্গটির দেয়াল প্রত্যক্ষ করেছে একটি ছোট উপকূলীয় জনপদ থেকে দুবাইয়ের আন্তর্জাতিক বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্রে পরিণত হওয়ার ইতিহাস।
১৭৮৭ সালে নির্মিত দুর্গটি বিভিন্ন সময়ে প্রতিরক্ষাকেন্দ্র, শাসক পরিবারের আবাসস্থল এবং নগর প্রশাসনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৭১ সালে এটি দুবাইয়ের প্রথম জাদুঘরে রূপান্তরিত হয়। এবার ব্যাপক সংস্কারের পর নতুনভাবে সাজানো জাদুঘরটি দুবাইয়ের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনায় আরও বিস্তৃত ভূমিকা রাখবে। পুনরায় চালুর সময় প্রতিষ্ঠানটি তার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদ্যাপন করছে।
ছয়টি গ্যালারিতে ইতিহাসের বিস্তৃত সংগ্রহ
নতুন জাদুঘরে ৭০০টির বেশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ছয়টি প্রধান গ্যালারিতে সাজানো হয়েছে। এসব সংগ্রহের মধ্যে রয়েছে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, প্রাচীন অস্ত্র, ইসলামি বর্ম, ঐতিহাসিক দলিল, পুরোনো ছবি এবং বিভিন্ন সময়ের মানুষের মুখে সংরক্ষিত ইতিহাস।
দুর্গের সংগ্রহশালার অন্যতম আকর্ষণ অস্ত্রের প্রদর্শনী। এখানে ইসলাম-পূর্ব যুগের অস্ত্র রয়েছে, যার মধ্যে সবচেয়ে পুরোনোটির বয়স আট হাজার বছরেরও বেশি। পাশাপাশি এমন কিছু ইসলামি অস্ত্রও প্রদর্শিত হচ্ছে, যেগুলো আগে কখনো জনসাধারণের সামনে উপস্থাপন করা হয়নি। উনিশ ও বিশ শতকের অস্ত্রও রয়েছে এই সংগ্রহে।
এসব নিদর্শনের মাধ্যমে শুধু দুর্গের প্রতিরক্ষাব্যবস্থা নয়, বরং আশপাশের অঞ্চল ও বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে দুবাইয়ের ঐতিহাসিক যোগাযোগের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
আধুনিক প্রযুক্তিতে সংরক্ষিত প্রাচীন স্থাপত্য
ঐতিহাসিক দুর্গটির সংস্কারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আধুনিক জাদুঘরের সুবিধা তৈরি করা, অথচ মূল স্থাপত্যের কোনো ক্ষতি না করা। এ জন্য সংস্কারকাজ চলাকালে দুর্গ ও আশপাশের ঐতিহাসিক এলাকায় বিশেষ পর্যবেক্ষণ প্রযুক্তি স্থাপন করা হয়েছিল। এর মাধ্যমে নির্মাণকাজের সময় কম্পন শনাক্ত এবং ভবনের কাঠামোগত ক্ষতির আশঙ্কা পর্যবেক্ষণ করা হয়।
আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিক পরামর্শকদের সহায়তায় সংস্কার পরিকল্পনা তৈরি করা হয়। নির্মাণকাজে ব্যবহৃত পর্যবেক্ষণব্যবস্থাটি আন্তর্জাতিক উদ্ভাবন পুরস্কারও পেয়েছে।
জাদুঘরের প্রদর্শনী ও দর্শনার্থীদের সুবিধা বাড়াতে মাটির নিচে নতুন জায়গা তৈরি করা হয়েছে। এতে ঐতিহাসিক দুর্গের মূল স্থাপত্য অক্ষুণ্ন রেখেই প্রদর্শনীর পরিসর বাড়ানো সম্ভব হয়েছে।
পুরোনো স্থাপত্যের ঐতিহ্য অক্ষুণ্ন
সংস্কারের পরও আল ফাহিদি ফোর্টের মূল স্থাপত্যশৈলী আগের মতোই সংরক্ষণ করা হয়েছে। এর পুরু দেয়াল, প্রতিরক্ষামূলক বুরুজ, ভেতরের খোলা আঙিনা এবং ঐতিহ্যবাহী চলাচলের পথ কয়েক শতাব্দী আগের স্থানীয় নির্মাণপ্রযুক্তির পরিচয় বহন করে।
দুর্গটির উল্লেখযোগ্য স্থাপত্যের একটি হলো মুরাব্বা টাওয়ার। প্রবল প্রতিরক্ষাব্যবস্থার জন্য নির্মিত এই টাওয়ারের দেয়াল প্রায় দুই মিটার পুরু। প্রবাল পাথর ও জিপসাম দিয়ে তৈরি স্থাপনাটি সে সময়ের স্থানীয় কারিগরদের নির্মাণদক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার পরিচয় দেয়।
দুর্গের আশপাশের পুরোনো সড়ক, বাজার ও ঐতিহাসিক স্থাপনাগুলোকেও দর্শনার্থীদের অভিজ্ঞতার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর ফলে জাদুঘরটি শুধু একটি ভবনের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরোনো দুবাইয়ের বৃহত্তর ঐতিহ্যকে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
পর্যটক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন
নতুন জাদুঘরে দর্শনার্থীদের জন্য আরবি ও ইংরেজি ভাষায় প্রশিক্ষিত গাইডের মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিভিন্ন কর্মশালা, শিক্ষামূলক কার্যক্রম, মৌসুমি আয়োজন এবং শীতকালীন শিবির পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বিশেষ করে শিশু-কিশোরদের কাছে ইতিহাসকে আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম ব্যবহার করা হবে। স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্ব বাড়িয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিদর্শন এবং জাদুঘরের সংগ্রহ নিয়ে গবেষণার সুযোগও তৈরি করা হবে।
স্থাপত্যবিদ্যার শিক্ষার্থীদের দুর্গটির নির্মাণকৌশল, দেয়াল ও ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণায় উৎসাহিত করা হবে।
দুবাই কালচারের অধীন আল ফাহিদি ফোর্ট ও বিশেষায়িত জাদুঘরগুলোর পরিচালক আয়েশা খানসাহিব জানান, এই জাদুঘরের সংগ্রহে প্রতিবেশী অঞ্চল ও বিভিন্ন সংস্কৃতির সঙ্গে দুবাইয়ের দীর্ঘদিনের সম্পর্কের প্রতিফলন রয়েছে। সহনশীলতা, সাংস্কৃতিক বিনিময় এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের ঐতিহ্য তুলে ধরাও জাদুঘরের অন্যতম লক্ষ্য।
অতীত ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন
আল ফাহিদি ফোর্টের নতুন যাত্রা দুবাইয়ের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটন ও শিক্ষা খাতেও নতুন সম্ভাবনা তৈরি করবে। সংস্কারের আগে জাদুঘরটি প্রতিদিন হাজারো পর্যটক আকর্ষণ করত। নতুন আয়োজনের মাধ্যমে সেই আগ্রহ আবারও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
একসময় যে দুর্গ দুবাইয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্মিত হয়েছিল, সেটিই এখন নগরীর ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় তুলে ধরার গুরুত্বপূর্ণ কেন্দ্র। আধুনিক প্রযুক্তি ও ঐতিহাসিক স্থাপত্যের সমন্বয়ে আল ফাহিদি ফোর্টের পুনরায় যাত্রা দুবাইয়ের দ্রুত পরিবর্তনের মধ্যেও নিজের শিকড় ধরে রাখার একটি উল্লেখযোগ্য উদাহরণ।












