বলিউডের নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘প্রতাপ’ এখন সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটিতে পুলিশের এক দুর্ধর্ষ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ। তাঁর বিপরীতে রয়েছেন এশা দেওল। সিনেমাটির প্রযোজক দুবাইপ্রবাসী প্রদীপ রাংওয়ানি। ফলে বলিউডের নতুন এই সিনেমার সঙ্গে দুবাইয়েরও রয়েছে সরাসরি যোগসূত্র।
সিনেমাটিতে অমিত সাধ অভিনয় করেছেন একজন এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে। ভারতের বিশেষ করে মুম্বাইয়ের পুলিশি ব্যবস্থায় নব্বইয়ের দশকের শেষ দিকে এনকাউন্টার স্পেশালিস্ট শব্দটি ব্যাপক পরিচিতি পায়। অপরাধী চক্র দমনে পুলিশের কিছু কর্মকর্তা বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে অভিযান চালানোর জন্য পরিচিত হয়ে ওঠেন। সেই পটভূমিতেই তৈরি হয়েছে ‘প্রতাপ’-এর গল্প।
এশা দেওল অভিনয় করেছেন পূনম নামের এক নারীর চরিত্রে। তিনি একজন পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার স্ত্রী। এশার ভাষায়, চরিত্রটি আপাতদৃষ্টিতে সাধারণ গৃহিণীর হলেও গল্পের একটি বড় ব্যক্তিগত বিপর্যয়ের পর তাঁকে নিজের জীবন ও পরিচয় নতুন করে উপলব্ধি করতে হয়। সিনেমাটিতে তাঁকে ছোট সন্তানের মায়ের ভূমিকায় দেখা যাবে।
এশা বলেন, চরিত্রটির অভিজ্ঞতা তাঁর কাছে আবেগপূর্ণ ও কিছুটা কঠিন ছিল। একজন গৃহিণীর জীবনে বড় ধাক্কা এলে কীভাবে তাঁর চিন্তাভাবনা ও আত্মপরিচয়ে পরিবর্তন আসে, সেটিই চরিত্রটির গুরুত্বপূর্ণ দিক।
মাতৃত্বে নারীর শক্তি
নারীর শক্তি ও মাতৃত্ব নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন এশা। তাঁর মতে, একজন নারী এমনিতেই শক্তিশালী, কিন্তু মা হওয়ার পর তাঁর মধ্যে আরও দৃঢ়তা তৈরি হয়। মাতৃত্বের মধ্যে একদিকে যেমন সন্তানের জন্য বাঘিনীর মতো আগলে রাখার প্রবণতা থাকে, অন্যদিকে থাকে গভীর কোমলতা।
বাস্তব জীবনেও এশা দুই কন্যাসন্তানের মা। মেয়েরা স্কুলে যাওয়া শুরু করার পর তিনি আবার অভিনয়ে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের শৃঙ্খলাবোধের পেছনে পারিবারিক শিক্ষা ও নৃত্যচর্চার ভূমিকার কথা উল্লেখ করেন এশা। তাঁর মা অভিনেত্রী হেমা মালিনীকে পর্দায় ‘ড্রিম গার্ল’ বলা হলেও বাড়িতে তাঁকে কখনো বিশেষ তারকার মর্যাদায় বিবেচনা করা হয়নি। এশার ভাষায়, তাঁর দাদি ছিলেন বেশ কঠোর, আর মা তুলনামূলকভাবে কিছুটা নমনীয়।
তামিল ব্রাহ্মণ পরিবারে বেড়ে ওঠা এবং নৃত্যচর্চাও তাঁকে নিয়মশৃঙ্খলা শিখিয়েছে। শরীর সুস্থ রাখতে সাধারণ খাবার গ্রহণের পাশাপাশি ধ্যান ও মন্ত্র জপের অভ্যাস গড়ে তুলেছেন তিনি।
সন্তান ও জীবনের অভিজ্ঞতা অভিনয়ে প্রভাব ফেলে কি না, এমন প্রশ্নে এশা জানান, ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজকে তিনি আলাদা রাখেন। অভিনয়ের সময় ব্যক্তিগত আবেগকে চরিত্রের সঙ্গে মিশিয়ে ফেলতে চান না।
অমিত সাধের মধ্যে সানি দেওলের ছায়া?
‘প্রতাপ’-এ অমিত সাধের মারকুটে পুলিশ কর্মকর্তার চরিত্রে এশার ভাই সানি দেওলের অভিনীত চরিত্রগুলোর কিছুটা ছাপ রয়েছে বলে মনে হতে পারে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে এশা হাসতে হাসতে বলেন, অমিত অসাধারণ অভিনেতা এবং তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ ছিল। সানি দেওলের বড় ভক্ত হলেও অমিতের নিজস্ব অভিনয়জগৎ ও পরিচিতি রয়েছে।
অন্যদিকে অমিত সাধ নিজের চরিত্রকে মজা করে পুলিশের বাহিনীর ‘মাইক টাইসন’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, চরিত্রটির মধ্যে প্রচণ্ড শক্তি ও আক্রমণাত্মক মনোভাব রয়েছে।
সিনেমার প্রচারণায় অংশ নিতে গিয়ে অমিত বলেন, পুরো দলের মধ্যে দারুণ ইতিবাচক পরিবেশ রয়েছে। বিশেষ করে দুবাইয়ের প্রযোজকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাঁর ভালো লেগেছে।
সিনেমার ট্রেলারে একটি দৃশ্যে অমিতের চরিত্রকে দেয়ালের সঙ্গে কথা বলতে দেখা যায়। বাস্তব জীবনেও তিনি দেয়াল, পোকামাকড়, বাতাস ও প্রকৃতির সঙ্গে কথা বলেন বলে মজা করে জানিয়েছেন।
কঠিন শৈশব থেকে জীবনের শিক্ষা
সশস্ত্র বাহিনীর পরিবেশে বেড়ে উঠেছেন অমিত সাধ। তাঁর মতে, শৈশবের কঠোর প্রশিক্ষণ তাঁকে জীবনের জটিলতা মোকাবিলায় সাহায্য করেছে। বাবা-মায়ের কাছ থেকে পাওয়া নৈতিক শিক্ষা ও মূল্যবোধও তাঁর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
একসময় তিনি অনেক মারামারি করতেন বলেও স্বীকার করেন অমিত। তবে পরে উপলব্ধি করেছেন, অন্যকে মারধর করা শক্তির পরিচয় নয়। বরং অন্যায়ের বিরুদ্ধে বুদ্ধি ও বিবেক দিয়ে লড়াই করাই প্রকৃত সাহস। সমাজের অবিচার ও পরিবেশের ক্ষতির বিরুদ্ধে অবস্থান নেওয়াকেই তিনি এখন বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।
পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যের চরিত্রে আগে অভিনয় করলেও ‘প্রতাপ’-এ কঠোর পুলিশ কর্মকর্তার পাশাপাশি তাঁর রোমান্টিক দিকও তুলে ধরা হয়েছে। অমিতের মতে, সিনেমাটিতে তাঁর চরিত্রের কিছু কোমল মুহূর্ত রয়েছে। সহশিল্পী এশা তাঁর চরিত্রে মর্যাদা ও আন্তরিকতা যোগ করেছেন।
নতুন কাজ নিয়ে ব্যস্ত দুই তারকা
‘প্রতাপ’-এর পর অমিত সাধকে দেখা যাবে ‘শুভ লাভ’ নামের একটি ওয়েব সিরিজে উপস্থাপক হিসেবে। স্টার্টআপ ও বিনিয়োগজগতের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি।
অন্যদিকে এশা দেওল চুক্তিবদ্ধ হয়েছেন ‘মালামাল উইকলি ২’ সিনেমায়। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ভৌতিক-কমেডি সিনেমা ‘ঘুঙঘট’ এবং একটি তেলেগু সিনেমা। তেলেগু সিনেমাটিতে সঞ্জয় দত্তের সঙ্গে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে দক্ষিণ ভারতীয় সাজেও দেখা যাবে তাঁদের।
তামিল সিনেমায় আবার কবে অভিনয় করবেন—এমন প্রশ্নে এশা জানান, তেলেগু সিনেমাটি মুক্তির পর হয়তো তামিল চলচ্চিত্র নির্মাতারাও তাঁকে নতুন কাজের প্রস্তাব দেবেন।












