২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নীতিমালা অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই কোর্সের জন্য একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
‘২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি নীতিমালা’ অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মিলিয়ে ন্যূনতম ৮.৫০ থাকতে হবে। তবে দুর্গম এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী এবং পার্বত্য জেলার অক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০ হলেই আবেদন করা যাবে। এ ক্ষেত্রে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা প্রার্থীদের জন্য ইংরেজি ভাষায় পৃথক প্রশ্নপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে। এইচএসসি বা সমমানের পাঠ্যসূচির ভিত্তিতে তৈরি প্রশ্নের উত্তর দিতে পরীক্ষার্থীরা সময় পাবেন ১ ঘণ্টা ১৫ মিনিট। বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, চিকিৎসা পেশার উপযোগিতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে প্রার্থীকে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।
ভর্তির আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। একজন প্রার্থী কেবল একবারই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজন হলে পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে সর্বোচ্চ দুইবার।
বিদেশি শিক্ষাব্যবস্থার অধীনে ও-লেভেল, এ-লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ মূল্যায়ন ও সমমান নির্ধারণ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
ভর্তি পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল যুক্ত করে চূড়ান্ত মেধাস্কোর নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাওয়া জিপিএর আট গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাওয়া জিপিএর ১২ গুণ যোগ করা হবে।
তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট নম্বর থেকে তিন নম্বর কাটা হবে। আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে পাঁচ নম্বর কর্তনের বিধান রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৬
শিক্ষাবর্ষ: ২০২৬-২৭
মোট নম্বর: ১০০
পরীক্ষার সময়: ১ ঘণ্টা ১৫ মিনিট
আবেদনের ন্যূনতম সম্মিলিত জিপিএ: ৮.৫০
পাস নম্বর: ৪০
ভুল উত্তরে নম্বর কর্তন: ০.২৫
আবেদনপ্রক্রিয়া: অনলাইন
পছন্দক্রম পরিবর্তনের সুযোগ: সর্বোচ্চ দুইবার












