রাঙামাটির বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তে সন্দেহজনক তিনটি ড্রোনের উপস্থিতি ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার রাতে ড্রোনগুলোর গতিবিধি শনাক্ত করে অন্তত ১১ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই রাতে বিলাইছড়ির কয়েকটি নিরাপত্তা স্থাপনার আশপাশেও ড্রোন উড়তে দেখা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে সীমান্তে নিয়মিত টহলের সময় ড্রোনগুলোর উপস্থিতি টের পান বিজিবি সদস্যরা। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আকাশে লাল ও সাদা আলো জ্বলতে থাকা তিনটি ড্রোন দেখা যায়। পরে সতর্ক অবস্থান নিয়ে সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়েন বিজিবি সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে বিজিবি সদস্যদের গুলি ছুড়তে দেখা যায়। গুলির ঝলকানিও ভিডিওতে ধরা পড়ে। তবে গুলিতে কোনো ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, কিংবা সেগুলো পরে কোথায় গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
১৫১ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার
এদিকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ির সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে।
বিলাইছড়ির নিরাপত্তা স্থাপনার আকাশেও ড্রোন
শুধু বাঘাইছড়ি নয়, একই রাতে বিলাইছড়ি জোন সদর, হাজাছড়া সেনা ক্যাম্প ও গাছকটা সেনা ক্যাম্পের অবস্থান এলাকার আকাশেও ড্রোন উড়তে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে।
তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, কারা পরিচালনা করেছে কিংবা এগুলোর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিজিবি, সেনাবাহিনী কিংবা পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব বলেন, বিষয়টি বিজিবির পক্ষ থেকে পুলিশকে এখনো জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের মাধ্যমেই তাঁরা বিষয়টি জেনেছেন।
ড্রোনগুলোর উৎস ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকায় সীমান্তের এই ঘটনাকে ঘিরে পরিস্থিতি এখনো অস্পষ্ট রয়েছে।












