রুশ সাহিত্যের কালজয়ী লেখক নিকোলাই গোগোলের অসমাপ্ত উপন্যাস ‘ডেড সোলস’-এর হারিয়ে যাওয়া দ্বিতীয় খণ্ড এবার লিখে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গোগোলের লেখার ধরন, ভাষা ও সাহিত্যিক বৈশিষ্ট্য অনুসরণ করে তৈরি হয়েছে উপন্যাসটির নতুন সংস্করণ। তবে এআইয়ের এই উদ্যোগে পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি হলেও সাহিত্যবোদ্ধাদের সবাই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না।
১৮৫২ সালে মৃত্যুর কয়েক দিন আগে মানসিক ও আধ্যাত্মিক সংকটে ভুগছিলেন গোগোল। নিজের সৃষ্টিশীলতা নিয়ে গভীর হতাশার মধ্যে তিনি ‘ডেড সোলস’-এর দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপির একটি অংশ আগুনে পুড়িয়ে ফেলেন। ফলে উপন্যাসটি আর সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তিন খণ্ডে উপন্যাসটি লেখার পরিকল্পনা থাকলেও অক্ষত অবস্থায় টিকে আছে কেবল প্রথম খণ্ড।

এবার সেই অসমাপ্ত কাহিনির শূন্যস্থান পূরণের চেষ্টা করেছে রাশিয়ার প্রযুক্তি ও ব্যাংকিং প্রতিষ্ঠান সবার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘গিগাচ্যাট’। এআইয়ের তৈরি নতুন বইটির নাম দেওয়া হয়েছে ‘ডেড সোলস: রিভাইভাল’।
প্রকল্পটিতে ভাষাবিদ, প্রকৌশলী ও ইতিহাসবিদেরা যুক্ত ছিলেন। প্রকল্পের দায়িত্বে থাকা ভ্লাদিস্লাভ অত্রোশেঙ্কোর ভাষ্য, গোগোলের সাহিত্যিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি লেখার ধরন তৈরি করতে এআইয়ের প্রায় চার মাস সময় লেগেছে।
রয়টার্সকে তিনি বলেন, সৃজনশীল দিক, বিশেষ করে কাহিনি নির্মাণে এআই বেশ ভালো কাজ করেছে। বইটি পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে এবং ইতিমধ্যে বেস্টসেলার হয়েছে বলেও দাবি করেন তিনি।
অত্রোশেঙ্কোর মতে, রুশ সাহিত্যের অন্যতম জটিল লেখনিশৈলী ও সাহিত্যিক প্রকাশভঙ্গি অনুসরণ করে এমন পরীক্ষা আগে হয়নি। সে বিবেচনায় বইটির নিজস্ব সাহিত্যিক মূল্য রয়েছে।
ব্যঙ্গ ও অন্ধকার হাস্যরসের অনন্য লেখক
বর্তমান ইউক্রেনের ভূখণ্ডে জন্ম নেওয়া গোগোল তাঁর প্রধান সাহিত্যকর্মগুলো লিখেছেন রুশ ভাষায়। ব্যঙ্গ, সামাজিক অসংগতি এবং অন্ধকার হাস্যরসের অসাধারণ প্রয়োগের জন্য তিনি বিশ্বসাহিত্যে বিশেষভাবে পরিচিত। রাশিয়া ও ইউক্রিয়া—দুই দেশই তাঁকে নিজেদের গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করে।

‘ডেড সোলস’-এর প্রথম খণ্ডে গোগোল সৃষ্টি করেছিলেন বিচিত্র সব চরিত্র। এর কেন্দ্রীয় চরিত্র প্রতারক চিচিকভ। মৃত কৃষিদাসদের নাম সরকারি নথিতে জীবিত থাকার সুযোগ কাজে লাগিয়ে সে একটি আর্থিক প্রতারণার পরিকল্পনা করে। জমিদারদের কাছ থেকে এসব মৃত কৃষিদাসের নাম কিনে নিজের আর্থিক অবস্থান শক্তিশালী করাই ছিল তার উদ্দেশ্য।
পরবর্তী দুই খণ্ডে চিচিকভের নৈতিক পরিবর্তন ও আত্মিক পুনর্জাগরণের চিত্র তুলে ধরতে চেয়েছিলেন গোগোল। কিন্তু সৃষ্টিশীলতা ও ধর্মীয় বিশ্বাসের দ্বন্দ্বে তিনি সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি।
পাঠকের আগ্রহ, সাহিত্যবোদ্ধাদের সংশয়
মস্কোয় গিগাচ্যাটের তৈরি বইটির প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেওয়া ইগর নামের এক পাঠক মনে করেন, নতুন সংস্করণটি মূল উপন্যাসের আবহ অনেকটাই ধরে রাখতে পেরেছে।

তাঁর মতে, গোগোলের অনুরাগীদের জন্য এটি একটি নতুন সুযোগ। তাঁরা মূল উপন্যাসের সঙ্গে নতুন সংস্করণটির তুলনা করতে পারবেন এবং চিচিকভের অভিযানের পরিণতি সম্পর্কে ধারণা পাবেন।
তবে সবাই এই উদ্যোগকে স্বাগত জানাননি। মস্কোর গোগোল জাদুঘরে আসা লারিসা নামের এক দর্শনার্থী মনে করেন, এআইয়ের পক্ষে গোগোলের হারিয়ে যাওয়া সৃষ্টির প্রকৃত সাহিত্যিক গভীরতা পুনর্নির্মাণ করা সম্ভব নয়। নতুন বইটি তাঁকে আকৃষ্ট করেনি, এমনকি পড়ার আগ্রহও নেই বলে জানান তিনি।
গোগোল বিশেষজ্ঞ আর্তিওম নিকিতিনের সংশয় আরও মৌলিক। তাঁর মতে, এআইয়ের এই যুক্তি মেনে নিলে যেকোনো বিখ্যাত সাহিত্যকর্মের পরবর্তী পর্ব কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা সম্ভব হবে। কিন্তু একজন লেখকের আগের সৃষ্টির ধারাবাহিকতা থেকেই তাঁর পরবর্তী লেখা কেমন হতো, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না।
নিকিতিনের বক্তব্য, কোনো লেখকের ভাষা, লেখার ধরন কিংবা কাহিনির গতিপথ জানা থাকলেই তিনি পরবর্তী সময়ে কী লিখতেন, তা অনুমান করা সম্ভব নয়।
গিগাচ্যাটের এই পরীক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহিত্যিক সক্ষমতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তবে প্রযুক্তি দিয়ে কোনো লেখকের ভাষাশৈলী অনুকরণ করা আর তাঁর সৃজনশীল চিন্তা ও শিল্পবোধ পুনর্নির্মাণ করা যে এক বিষয় নয়, বিতর্কের কেন্দ্রে রয়েছে সেই প্রশ্নই।












