চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা প্রধান ফটকের সামনেও ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে এক জুনিয়রকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। প্রায় এক সপ্তাহ আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী তাদের একজনকে ডেকে নিয়ে যান। বিষয়টি নিয়ে ভৈরবের পক্ষ থেকে আপত্তি জানানো হলে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
পরে জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এর জের ধরে শুক্রবার রাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন। এ সময় মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আরেকটি ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ভৈরব বর্মণ বলেন, তার সঙ্গে পাঁচজনের বিরোধ তৈরি হয়েছিল। তাদের মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক, পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. আবদুল্লাহ কাজী ছিলেন। তার ভাষ্য, শুরুতে ব্যাচের শিক্ষার্থীরা আলোচনায় বসেছিলেন। আলোচনা ভালোভাবেই চলছিল। কিন্তু একপর্যায়ে অপর পক্ষের শিক্ষার্থীরা পরিস্থিতি উত্তপ্ত করে তার বন্ধুদের মারধর করেন। এরপরই সংঘর্ষ শুরু হয়।
চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন চিকিৎসকের পরামর্শ না নিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর
সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য এবং দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন। সংঘর্ষ থামাতে এগিয়ে আসা ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী মিসবাহকে আটকে ভিডিও ধারণের কারণ জানতে চান। পরে তাঁর ওপর চড়াও হয়ে মারধর করা হয়।
হামলাকারীদের পরিচয় শনাক্তের বিষয়ে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হবে। শনাক্তের পর তাঁদের পরিচয় প্রকাশ করা হবে।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মাসুম রানা প্রামাণিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত না থাকায় বিস্তারিত জানাতে পারেননি। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ও প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উপাচার্যকে ঘিরে চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এ কারণে উপাচার্য ও প্রক্টর কার্যালয়ে আসছেন না বলে জানা গেছে।











