চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হওয়া বিরোধ পরে প্রধান ফটকের সামনেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ভিডিও ধারণ করায় ‘আমাদের সময়’-এর চুয়েট প্রতিনিধির ওপর হামলার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ আগে বিরোধের সূত্রপাত হয়। পরে শুক্রবার রাতে দুই পক্ষের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আলোচনায় বসলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
জুনিয়রদের সঙ্গে বসা নিয়ে বিরোধের সূত্রপাত
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহখানেক আগে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভৈরব বর্মণ প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী তাদের একজনকে ডেকে নিয়ে যান। পরে ভৈরবের পক্ষ থেকে জুনিয়রদের ওই শিক্ষার্থীর কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে নিষেধ করার ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই পক্ষের শিক্ষার্থীরা আলোচনায় বসেন। শুরুতে আলোচনা চললেও পরে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বায়েজিদ এবং যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন।
প্রধান ফটকের সামনেও মারামারি
শহীদ মিনার এলাকায় সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রইসুলের চশমা ভেঙে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক দফায় মারামারি হয়।
ভৈরব বর্মণ বলেন, পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে তার বিরোধ ছিল। তাদের মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দাহিক ও মো. আব্দুল্লাহ কাজী এবং পানিসম্পদ কৌশল বিভাগের রাকিন ও সিয়াম ছিলেন। তার দাবি, সবাই মিলে ব্যাচের আলোচনায় বসেছিলেন এবং শুরুতে আলোচনা স্বাভাবিকভাবেই চলছিল। পরে অন্য পক্ষের কয়েকজন পরিস্থিতি উত্তপ্ত করে তার বন্ধুদের মারধর করেন। এরপর সংঘর্ষ শুরু হয়।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
পাঁচ শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন
চুয়েট চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। বাকি দুজন অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এদিকে সংঘর্ষের সময় ‘আমাদের সময়’-এর চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন ভিডিও ধারণ করছিলেন। এ সময় ভিডিও করার কারণ জানতে চেয়ে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষ থামাতে এগিয়ে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও মারামারিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
হামলায় জড়িতদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের শনাক্ত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।












