পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও দেশটির জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার (২৮ নভেম্বর) করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন তাঁর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল।
ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি সম্মান জানান।
ছয় দিনের সরকারি সফরে বাংলাদেশি প্রতিনিধিদল
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে দলটি এরই মধ্যে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে করাচিতে পৌঁছেছে।
প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও তাঁদের সঙ্গে রয়েছেন।
সিন্ধু প্রাদেশিক পরিষদে স্বাগত
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।
করাচি বিমানবন্দরে প্রতিনিধিদলকে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে অভ্যর্থনা জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।
সংসদীয় ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আলোচনা
সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশি প্রতিনিধিদলের।
এসব আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পাবে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে আয়োজিত এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সংসদীয় পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।












