ব্রিটেনের অর্থনৈতিক নীতিতে এক ধরনের বৈপরীত্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। কোনো বড় প্রতিষ্ঠান সংকটে পড়লেই সরকার তাকে বাঁচাতে অর্থায়ন, ঋণ কিংবা ভর্তুকি নিয়ে এগিয়ে আসে। অথচ সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে চাকরি হারানো কর্মীদের জন্য কার্যকর পুনর্বাসন ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রের ততটা তৎপরতা দেখা যায় না। ব্যবসাপ্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রের এই আগ্রহের বিপরীতে কর্মীদের ভবিষ্যৎ যেন অনেকটাই তাদের নিজেদের দায়িত্বে ছেড়ে দেওয়া হচ্ছে।
এই প্রবণতা শুধু সরকারি ব্যয়ের প্রশ্ন নয়; এটি একটি দেশের অর্থনৈতিক দর্শনেরও পরিচয় দেয়। বাজার অর্থনীতিতে কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে তার জায়গায় নতুন উদ্যোগ আসার সুযোগ তৈরি হওয়া উচিত। কিন্তু রাজনৈতিক বিবেচনায় অকার্যকর প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখলে অর্থ, শ্রম ও বিনিয়োগ এমন ব্যবসায় আটকে থাকে, যেগুলো অর্থনীতিতে যথেষ্ট মূল্য সংযোজন করতে পারে না। এতে নতুন শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হয়, উৎপাদনশীলতা কমে এবং সামগ্রিক অর্থনীতি স্থবির হয়ে পড়ে।
ব্যর্থ প্রতিষ্ঠানকে বাঁচানোই সমাধান নয়
ব্রিটেনের পাউন্ডল্যান্ডের ঘটনা এই বিতর্ককে সামনে এনেছে। একসময় এক পাউন্ডের পণ্য বিক্রির জন্য পরিচিত এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান নিজেই এক পাউন্ডে বিক্রি হয়েছিল। পরে সেটি প্রশাসনিক সংকটে পড়ে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। এমনকি একে দেশের প্রধান সড়ক ও স্থানীয় জনজীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরে রক্ষার দাবিও ওঠে।
কিন্তু কোনো প্রতিষ্ঠানের পরিচিতি কিংবা অতীতের জনপ্রিয়তা তার ব্যবসায়িক সক্ষমতার বিকল্প হতে পারে না। ব্রিটেনের খুচরা বাজারে একসময় গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বিএইচএস, উলওয়ার্থস কিংবা হাউস অব ফ্রেজারের মতো প্রতিষ্ঠানের পতনও দেখিয়েছে, পরিচিত নাম চিরকাল টিকে থাকে না। বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে প্রতিষ্ঠানের জায়গা নতুন ব্যবসা নেবে—এটাই অর্থনৈতিক পুনর্গঠনের স্বাভাবিক প্রক্রিয়া।
অকার্যকর প্রতিষ্ঠানকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখার অর্থ হলো পুঁজি ও শ্রমশক্তিকে কম উৎপাদনশীল খাতে আটকে রাখা। এতে সাময়িকভাবে কিছু চাকরি রক্ষা পেলেও দীর্ঘ মেয়াদে নতুন ও ভালো কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হতে পারে। তাই প্রতিষ্ঠানের চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত সেখানে কর্মরত মানুষের ভবিষ্যৎ।
সুইডেনের অভিজ্ঞতা: প্রতিষ্ঠান নয়, কর্মীদের পাশে রাষ্ট্র
ব্রিটেনের এই নীতিগত দুর্বলতা বোঝার জন্য সুইডেনের ট্রোলহাটান শহরের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। শহরটি একসময় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সাবের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। হাজারো মানুষের কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতি এবং শহরের সামাজিক পরিচয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক তৈরি হয়েছিল।
২০০৯ সালে সাব সংকটে পড়লে সুইডিশ সরকার প্রতিষ্ঠানটিকে সরকারি অর্থে বাঁচানোর পথে হাঁটেনি। সরকারের যুক্তি ছিল, একটি বেসরকারি কোম্পানিকে টিকিয়ে রাখতে জনসেবার বাজেট ব্যবহার করা যায় না। সিদ্ধান্তটির তাৎক্ষণিক প্রভাব ছিল কঠিন। শহরটির বেকারত্ব বেড়ে ২১ শতাংশে পৌঁছায়, যা সে সময় সুইডেনের মধ্যে সর্বোচ্চ।
কিন্তু কর্মীদের ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া হয়নি। চাকরি হারানোর পরপরই তাদের দক্ষতা মূল্যায়ন, প্রশিক্ষণের ব্যবস্থা এবং নতুন নিয়োগদাতার সঙ্গে যোগাযোগ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই কর্মীরা পুনঃপ্রশিক্ষণ ও নতুন চাকরির প্রক্রিয়ায় যুক্ত হন। ১৮ মাসের মধ্যে সাবের কারখানার পাঁচজন কর্মীর মধ্যে চারজন প্রশিক্ষণ অথবা নতুন কর্মসংস্থানে ছিলেন।
আজ ট্রোলহাটান উন্নত প্রকৌশলশিল্পের একটি কেন্দ্র। সেখানে বিমান ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান নতুন প্রকৌশলী নিয়োগের জন্য খুঁজছে। সাব নেই, কিন্তু শহরটি তার অর্থনৈতিক পরিচয় হারায়নি। বরং পুরোনো শিল্পের পতনের পর নতুন অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে পেরেছে।
এই অভিজ্ঞতার মূল শিক্ষা হলো, শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়া মানেই একটি এলাকার অর্থনৈতিক জীবন শেষ হয়ে যাওয়া নয়। দ্রুত পদক্ষেপ, দক্ষতা উন্নয়ন এবং নতুন চাকরির সঙ্গে কর্মীদের যুক্ত করতে পারলে সংকটকে রূপান্তরের সুযোগে পরিণত করা যায়।
ভর্তুকির সংস্কৃতি অর্থনীতিকে দুর্বল করে
ব্রিটেনে এখন বড় প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার প্রবণতা বাড়ছে। জাগুয়ার ল্যান্ড রোভারের সাইবার হামলার পর ঋণের নিশ্চয়তা, টাটা গ্রুপের ব্যাটারি কারখানা এবং পোর্ট ট্যালবটের ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রকল্পে বিপুল সরকারি সহায়তার উদাহরণ রয়েছে। অন্যদিকে, অসুস্থতাজনিত ভাতার সম্ভাব্য ব্যয়ও বাড়ছে। অর্থাৎ প্রতিষ্ঠানকে রক্ষায় সরকারি অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু কাজ হারানো বা শ্রমবাজারের বাইরে চলে যাওয়া মানুষের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দুর্বলতা রয়ে যাচ্ছে।
করোনাকালে ব্রিটেনের কর্মসংস্থান ধরে রাখার নীতি এ সমস্যার আরেকটি দিক তুলে ধরে। লকডাউনের সময় দেশটি কার্যত চাকরির বাজারের স্বাভাবিক পরিবর্তন থামিয়ে দিয়েছিল। বিপরীতে যুক্তরাষ্ট্রে নতুন চাকরি তৈরি ও পুরোনো চাকরি বিলুপ্ত হওয়ার প্রক্রিয়া চলেছে। সেখানে কর্মীরা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়লেও অনেকে নতুন ও তুলনামূলক ভালো বেতনের কাজে যাওয়ার সুযোগ পেয়েছেন।
এর পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের উৎপাদনশীলতা ব্রিটেনের তুলনায় অনেক দ্রুত বেড়েছে। মাথাপিছু মোট দেশজ উৎপাদনের ব্যবধানও আরও বিস্তৃত হয়েছে। এই তুলনা দেখায়, কর্মসংস্থান ধরে রাখাই অর্থনৈতিক সাফল্যের একমাত্র মাপকাঠি হতে পারে না। শ্রমশক্তিকে নতুন ও বেশি উৎপাদনশীল কাজে স্থানান্তরের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।
ব্যর্থতার দায় ও সফলতার স্বাধীনতা
ব্রিটেনের অর্থনৈতিক নীতিতে এখন প্রয়োজন দুটি বিষয়ে ভারসাম্য আনা। প্রথমত, ব্যবসায়িক ব্যর্থতার জন্য মালিক ও পরিচালকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠান লাভজনক অবস্থায় থাকার পরও ঋণদাতাদের দায় এড়াতে পরিকল্পিতভাবে প্রশাসনিক সংকটে পাঠানো হলে তার দায় সংশ্লিষ্ট মালিকপক্ষকে নিতে হবে। পাউন্ডল্যান্ডের ঘটনায় ঋণদাতা ও মালিকপক্ষের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা এ ধরনের জবাবদিহির গুরুত্ব সামনে আনে।
দ্বিতীয়ত, সফল ব্যবসার ওপর কর ও নিয়ন্ত্রণের অতিরিক্ত চাপ কমিয়ে উদ্যোক্তা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বাঁচাতে বারবার সরকারি অর্থ ব্যয় করার বদলে বাজারকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কোনো প্রতিষ্ঠানের ব্যর্থতা যেন কর্মীদের স্থায়ীভাবে বেকারত্ব ও অকার্যকর কল্যাণব্যবস্থার ফাঁদে আটকে না ফেলে, সেটিও নিশ্চিত করা জরুরি।
ব্রিটেনের সাধারণ কর্মীদের প্রকৃত আয় দীর্ঘদিন ধরে স্থবির। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি সমন্বয়ের পর গড় আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ব্যবধান শুধু দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পার্থক্য নয়; এটি তাদের কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদনশীলতা-সংক্রান্ত নীতিরও প্রতিফলন।
রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি প্রতিষ্ঠানকে যেকোনো মূল্যে বাঁচিয়ে রাখা নয়। বরং মানুষের দক্ষতা, কর্মক্ষমতা ও নতুন সুযোগের সঙ্গে যুক্ত থাকার পথ তৈরি করা। সুইডেনের অভিজ্ঞতা দেখায়, একটি শিল্পপ্রতিষ্ঠান হারিয়েও একটি শহর ঘুরে দাঁড়াতে পারে—যদি কর্মীদের পাশে দাঁড়ানোর মতো কার্যকর ব্যবস্থা থাকে।
ব্রিটেনের প্রয়োজন তাই আরও বেশি রাষ্ট্রীয় মালিকানা কিংবা নির্বিচার ভর্তুকি নয়; প্রয়োজন এমন একটি বাজারব্যবস্থা, যেখানে ব্যর্থতার পর নতুন করে শুরু করার সুযোগ থাকবে, সফলতার পুরস্কার মিলবে এবং অর্থনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য কর্মীদের একা বহন করতে হবে না।
ফ্রেজার নেলসনের আরও লেখা
ব্রেক্সিট বিতর্ক : ব্রিটেনের সামনে ইউরোপের বাইরেও বড় বাস্তবতা
ব্রিটেনের রাজনীতিতে নতুন ভূমিকম্প নয়, দীর্ঘ অস্থিরতার নতুন অধ্যায়











