একটি শিশুকে এমন রোগে আক্রান্ত হয়ে কষ্ট পেতে বা মারা যেতে দেখা কোনো পরিবারের জন্যই মেনে নেওয়া কঠিন, যে রোগ প্রতিরোধের টিকা পাওয়া যায় অল্প খরচে। হাম তেমনই একটি রোগ। ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যকর টিকা থাকা সত্ত্বেও প্রতিবছর হাজার হাজার শিশু এই সংক্রমণে মারা যাচ্ছে। অথচ প্রয়োজনীয় টিকাদান নিশ্চিত করা গেলে হামকে নির্মূল করা সম্ভব। ভারতের সামনে এখন সেই লক্ষ্য অর্জনের বাস্তব সুযোগ রয়েছে।
রোগ নির্মূলের ক্ষেত্রে ভারতের অতীত অভিজ্ঞতা আশাব্যঞ্জক। একসময় গুটিবসন্ত নির্মূলের বৈশ্বিক উদ্যোগে ভারতকে সবচেয়ে কঠিন দেশগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়েছিল। বিশাল জনসংখ্যা, দুর্গম গ্রাম, দুর্বল স্বাস্থ্য অবকাঠামো এবং মানুষের ব্যাপক চলাচলের কারণে দেশটিতে রোগটির বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারত সেই অসম্ভব মনে হওয়া কাজটি সম্পন্ন করে।
১৯৭৫ সালের ২৪ মে আসামের একটি এলাকায় ভারতের সর্বশেষ গুটিবসন্ত রোগী শনাক্ত হন। এরপর দুই বছর ধরে স্বাস্থ্যকর্মীরা পাঁচ লাখের বেশি গ্রাম ও ২৬০টি শহরের প্রায় ১১ কোটি পরিবারে সন্দেহভাজন রোগীর খোঁজ চালান। ১৯৭৭ সালের এপ্রিলে ভারতকে গুটিবসন্তমুক্ত ঘোষণা করা হয়। সোমালিয়ায় সর্বশেষ প্রাকৃতিক সংক্রমণ শনাক্ত হওয়ারও ছয় মাস আগে এই অর্জন আসে। দুই বছর পর বিশ্বজুড়েও গুটিবসন্ত নির্মূলের ঘোষণা দেওয়া হয়।
পরবর্তী সময়ে পোলিওমুক্ত হওয়ার পাশাপাশি গবাদিপশুর সংক্রামক রোগ রিন্ডারপেস্ট নির্মূলের বৈশ্বিক প্রচেষ্টায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারত। এসব অভিজ্ঞতা দেখিয়েছে, সুস্পষ্ট লক্ষ্য, রাজনৈতিক অঙ্গীকার এবং ধারাবাহিক জনস্বাস্থ্য কার্যক্রম থাকলে বড় আকারের সংক্রামক রোগ নির্মূল করা সম্ভব। এবার সেই সক্ষমতা কাজে লাগানোর সময় হাম মোকাবিলায়।
হাম কেন এত বিপজ্জনক
হাম শুধু শিশুদের একটি সাধারণ সংক্রামক রোগ নয়। এটি বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি। আক্রান্ত একজন ব্যক্তি টিকা না নেওয়া ১৫ জনেরও বেশি মানুষের মধ্যে ভাইরাস ছড়াতে পারেন। আক্রান্ত ব্যক্তি কোনো কক্ষ ছেড়ে যাওয়ার পরও বাতাসে ভাইরাসটি প্রায় দুই ঘণ্টা সংক্রমণক্ষম থাকতে পারে।
এই বৈশিষ্ট্যের কারণে হাম নিয়ন্ত্রণে উচ্চমাত্রার টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো এলাকায় টিকাবঞ্চিত শিশুর সংখ্যা কম হলেও সেখান থেকে সংক্রমণের বিস্তার অব্যাহত থাকতে পারে।
সংক্রমণ থেকে বেঁচে যাওয়া শিশুরাও সব সময় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে না। নিউমোনিয়া, অন্ধত্ব, মস্তিষ্কের প্রদাহ এবং রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ার মতো জটিলতা দেখা দিতে পারে। অর্থাৎ হাম থেকে মৃত্যুর ঝুঁকি ছাড়াও দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
বড় কর্মসূচি নয়, প্রয়োজন নিয়মিত সেবা
ভারত হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। এ জন্য প্রতিটি জেলায় দুই ডোজের টিকা গ্রহণের হার ৯৫ শতাংশের বেশি করার পরিকল্পনা রয়েছে। কিন্তু বাস্তবে দেশটি এখনো সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
এর একটি বড় কারণ হলো, জাতীয় পর্যায়ে বড় টিকাদান কর্মসূচি আয়োজন করা আর প্রতিদিনের স্বাস্থ্যসেবা কার্যকর রাখা এক বিষয় নয়। ভারত বৃহৎ নির্বাচন, ধর্মীয় সমাবেশ কিংবা বিশাল জনসমাগম পরিচালনায় দক্ষতা দেখিয়েছে। কিন্তু জনস্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো নিয়মিত সেবা নিশ্চিত করা—যেখানে প্রতিদিন স্বাস্থ্যকর্মীদের মাঠে থাকতে হয়, প্রতিটি শিশুর টিকার হিসাব রাখতে হয় এবং বাদ পড়া পরিবারগুলোর কাছে পৌঁছাতে হয়।
হাম নির্মূলের জন্য শুধু বিশেষ টিকাদান অভিযান যথেষ্ট নয়। নিয়মিত স্বাস্থ্যসেবার আওতায় কোন শিশু টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ পায়নি, তা শনাক্ত করতে হবে। অভিবাসী পরিবার, দুর্গম এলাকার মানুষ এবং স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে। পাশাপাশি কার্যকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দ্রুত সংক্রমণ শনাক্ত করার মতো নজরদারি ব্যবস্থা প্রয়োজন।
টিকাদানে বৈষম্যই বড় বাধা
ভারতের জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপের পঞ্চম পর্যায়ের তথ্যের ভিত্তিতে প্রায় ৪৪ হাজার শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় টিকাদানের বড় ধরনের ঘাটতি উঠে এসেছে। ২৪ থেকে ৩৫ মাস বয়সী শিশুদের মধ্যে ১১ দশমিক ৫ শতাংশ কোনো হাম প্রতিরোধী টিকাই পায়নি। আরও ২৯ দশমিক ৮ শতাংশ শিশু নির্ধারিত দুই ডোজের পরিবর্তে মাত্র এক ডোজ পেয়েছে।
দেশটির আটটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে কোনো টিকা না পাওয়া শিশুর হার জাতীয় গড়ের চেয়ে বেশি। ২৬টি জেলায় ৩০ শতাংশের বেশি শিশু হাম প্রতিরোধী টিকার কোনো ডোজই পায়নি।
অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্যও এই পরিস্থিতিকে প্রভাবিত করছে। সবচেয়ে দরিদ্র পরিবারের শিশুদের টিকা না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে ধনী পরিবারের শিশুদের তুলনায় ৬৬ শতাংশ বেশি। যেসব মায়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তাঁদের সন্তানদের টিকা না পাওয়ার সম্ভাবনা ১২ বছরের বেশি শিক্ষিত মায়েদের সন্তানদের তুলনায় ৫৪ শতাংশ বেশি।
এই তথ্যের অর্থ হলো, সবার জন্য একই ধরনের কর্মসূচি চালু করলেই সমান ফল পাওয়া যাবে না। কোন এলাকায়, কোন জনগোষ্ঠীর মধ্যে এবং কী কারণে শিশুরা টিকার বাইরে থেকে যাচ্ছে, তা শনাক্ত করে সুনির্দিষ্ট উদ্যোগ নিতে হবে। কোনো এলাকায় হাম ছড়িয়ে পড়লে শুধু আক্রান্তদের চিকিৎসা বা সংক্রমণ নিয়ন্ত্রণে সীমাবদ্ধ না থেকে আশপাশের এলাকায় টিকাদানের ঘাটতিও খুঁজে বের করা জরুরি।
সফল কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগাতে হবে
ভারতের অতীতের একটি উদ্যোগ দেখিয়েছে, পরিকল্পিতভাবে টিকাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব। নরেন্দ্র মোদি সরকারের শুরুর দিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার নেতৃত্বে মিশন ইন্দ্রধনুষ চালু করা হয়েছিল। এই কর্মসূচির লক্ষ্য ছিল নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়া শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবার আওতায় আনা।
বিশেষ করে যেসব জেলায় টিকাদানের হার কম ছিল, সেখানে কর্মসূচিটির জোরালো সংস্করণ বাস্তবায়ন করা হয়। মূল্যায়নে দেখা যায়, উদ্যোগটির পর পূর্ণ টিকাদানের হার ৫০ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৬৯ শতাংশে পৌঁছায়। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে এই হার ২০১৫-১৬ সালের ৬২ শতাংশ থেকে ২০১৯-২১ সালে ৭৬ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়।
এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাম নির্মূলের জন্য আরও লক্ষ্যভিত্তিক কর্মসূচি নেওয়া সম্ভব।
নির্মূলের পরও নজরদারি জরুরি
হাম নির্মূল করাই শেষ কথা নয়; সেই অবস্থান ধরে রাখাও কঠিন। সম্প্রতি যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে সংক্রমণ চলতে থাকায় হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। এর আগে কানাডা, মেক্সিকো ও বলিভিয়াও সাম্প্রতিক বছরগুলোতে এই স্বীকৃতি হারিয়েছে।
তাই ভারতকে শুধু টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জন করলেই চলবে না, রোগের সংক্রমণ শনাক্তকরণ, টিকার সংরক্ষণ ও পরিবহনব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিও শক্তিশালী করতে হবে।
হাম নির্মূলের উদ্যোগ সফল না হলেও এই বিনিয়োগের সুফল অন্য শিশুস্বাস্থ্য কর্মসূচিতেও পাওয়া যাবে। রোটাভাইরাস, নিউমোকক্কাল সংক্রমণ এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি-এর মতো রোগ প্রতিরোধেও উন্নত টিকাদানব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।
ভারত অতীতে প্রমাণ করেছে, বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সক্ষমতা রয়েছে। এখন প্রয়োজন সেই সক্ষমতাকে ধারাবাহিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবায় রূপ দেওয়া। অল্প খরচের একটি টিকা যে রোগ থেকে শিশুকে রক্ষা করতে পারে, সেই রোগে কোনো শিশুর মৃত্যু মেনে নেওয়ার কারণ নেই। হাম নির্মূল তাই শুধু একটি স্বাস্থ্যগত লক্ষ্য নয়; এটি প্রতিটি শিশুর বেঁচে থাকার অধিকার নিশ্চিত করারও দায়িত্ব।












