লন্ডনের মেট্রোপলিটন পুলিশ পূর্ব লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে। ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক সংবর্ধনার পর ১৬ নভেম্বর রাতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ছয়জনকে পরে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা ইমেইলে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে ছয়জনকে ধরা হয়। তাঁদের বয়স ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর। সিসিটিভি ফুটেজ দেখে এবং আরও অনুসন্ধান চালিয়ে তাঁদের শনাক্ত করা হয়েছে। পাবলিক অর্ডার অ্যাক্ট ১৯৮৬-এর ধারা ২ অনুযায়ী সহিংস বিশৃঙ্খলার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা পুলিশ জানায়নি। গ্রেপ্তার ব্যক্তিদের নাম বা রাজনৈতিক পরিচয়ও প্রকাশ করা হয়নি।
ঘটনাটি ঘটে ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডে, মেফেয়ার ভেন্যুর বাইরে। পুলিশ জানায়, ওই রাত ৯টা ৫৯ মিনিটে তারা খবর পায়, হাই রোডে প্রায় ৫০ জন পুরুষ বিশৃঙ্খলায় জড়িয়েছেন। কেউ কেউ সহিংসতায় অংশ নেন, জিনিসপত্র ছোড়েন এবং সম্পত্তির ক্ষতি করেন। পুলিশ পৌঁছানোর পর জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস তিনজন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বলেছে, তাঁদের আঘাত গুরুতর ছিল না। এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার সময় ঘটনাস্থলে এনসিপির কর্মী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিবেদন অনুযায়ী এক পর্যায়ে গাছের ডাল দিয়ে হামলার ঘটনাও ঘটে।
তদন্তের নেতৃত্বে থাকা গোয়েন্দা প্রধান পরিদর্শক স্টিভ মালকাহি বলেন, এই বিশৃঙ্খলায় রেডব্রিজ এলাকার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। কেউ কেউ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন। তিনি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় সংশ্লিষ্টরা সেখান থেকে সরে যায়। এখন দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তাঁর দল কাজ চালিয়ে যাচ্ছে। যাঁদের কাছে ঘটনার সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যাম ফুটেজ আছে, তাঁদের ১০১ নম্বরে যোগাযোগ করতে বলেছে পুলিশ। যোগাযোগের সময় সিএডি ৭০০৪/১৬এনওভি রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে।
একই দিন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেন আওয়ামী লীগের কিছু কর্মী ও সমর্থক। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের লন্ডন সফরে এবং এ বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফরেও ডিম ছোড়া, পথ আটকানোর চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর যুক্তরাজ্যে সফরে যাওয়া জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকেরা একাধিকবার বিক্ষোভ করেছেন। এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা নিয়ে পুলিশের তদন্ত এখনো চলছে।












