সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে একযোগে অংশ নিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সংলাপের স্থান নিয়ে দলটির স্পষ্ট অবস্থান—সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ কোনো স্থানে আয়োজন করতে হবে। সংলাপে অংশ নেওয়ার ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নকে প্রধান শর্ত হিসেবে দেখছে জামায়াত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলটির অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
১১ দলের পক্ষ থেকেই সংলাপে বসতে চায় জামায়াত
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিরোধী দল হিসেবে সরকারের সঙ্গে দলটির যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, তা নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য জোটগতভাবেই সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচনার দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলের সঙ্গে সংলাপ হলে সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থাকবে বলেও তাদের জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে দলটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াত তাদের জানিয়েছে, ১১ দলীয় ঐক্য একসঙ্গেই আলোচনায় বসতে চায়।
সংলাপের স্থান প্রসঙ্গে তিনি বলেন, সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে আলোচনা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ অবস্থানে দলটি অনড় রয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রধান শর্ত
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, সাধারণ বৈঠক ও রাজনৈতিক সংলাপ এক বিষয় নয়। সংলাপে বিভিন্ন দাবি উত্থাপন এবং সেগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছানোর সুযোগ থাকতে হবে। এ ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নই তাঁদের প্রধান শর্ত।
তাঁর মতে, জুলাই সনদ বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব। সরকারের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই সংলাপ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলের ব্যানারে আলোচনা
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে। প্রথম দিন বিএনপি ও জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জামায়াত সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাতেও এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নেবে। দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার জোটগতভাবে আলোচনায় বসার কথা রয়েছে।
সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ এবং নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে।












