গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি পার্কের ২ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইটেক সিটি পার্কের সামনের সড়কে গাড়িটি দাঁড় করানো ছিল। এ সময় গাড়ির চালক ভেতরে বসে সেটি চালু করার চেষ্টা করলে হঠাৎ পেছনের অংশে আগুন ধরে যায়।
গাড়ি চালু করতে গিয়ে আগুন
প্রাইভেটকারের চালক শফিকুল ইসলাম জানান, তিনি হাইটেক পার্কের সামনের সড়কে গাড়িটি দাঁড় করিয়ে রেখেছিলেন। পরে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য ভেতরে বসার পর হঠাৎ পেছনের অংশে আগুন দেখতে পান।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বুঝতে পারেননি বলে জানান তিনি।
যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের ধারণা
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, হাইটেক সিটি পার্কের সামনে একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।












