চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে দফায় দফায় মশাল মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকায় এসব মশাল মিছিল বের করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারার বৈরাগ, বারশত, বারখাইন, বটতলী, রায়পুর ও হাইলধরসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসব কর্মসূচিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরাও অংশ নেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মিছিলের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
১১ ইউনিয়নে মশাল মিছিল
আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির সমর্থনে উপজেলার বিভিন্ন এলাকায় মশাল মিছিল বের করা হয়। রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট এবং বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকাতেও একাধিক মিছিলের খবর পাওয়া গেছে।
মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
হাইলধরে মুখোমুখি দুই পক্ষ, ভাঙচুর
পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয়ে ওঠে উপজেলার হাইলধর ইউনিয়নে। সেখানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া।
এ সময় কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যান।
স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় মশাল মিছিলের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের পাল্টা কর্মসূচিও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব মিছিলের চিত্র উঠে এসেছে।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি বলেন, নাশকতার চেষ্টার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।












