নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গাছ কেটে সড়কের ওপর ফেলে অবরোধ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভুঞা ও বসুরহাট-চৌধুরীহাট সড়কে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
রোববার সকালে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ভিডিওতে কয়েকজনকে সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়। একই রাতে অন্য একটি সড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
বসুরহাট-দাগনভুঞা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভুঞা সড়কে মধ্যরাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিকলীগের নেতা ওয়াসিম ও ফারুক ওরফে হাতকাটা ফারুকের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জনকে সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
ভিডিওতে অংশগ্রহণকারীদের বলতে শোনা যায়, তাঁরা তাঁদের নেতা আবদুল কাদের মির্জার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন এবং তাঁর নেতৃত্বেই কর্মসূচি সফল করেছেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও দেওয়া হয়।
ভিডিওতে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের দৃশ্যও দেখা যায়।
বসুরহাট-চৌধুরীহাট সড়কে গাছ ফেলে অবরোধ
একই রাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে দুর্বৃত্তরা গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে। এতে ওই পথে যানবাহন চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরানোর ব্যবস্থা করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
দুটি সড়কে পৃথক এসব ঘটনায় স্থানীয় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়।
দুজনকে শনাক্ত করেছে পুলিশ
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত দুজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।












