পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ও সহিংসতা, বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বাসে হামলার ঘটনায় পরিবহনমালিকেরা যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শনিবার রাত থেকে পরিস্থিতির অবনতি হওয়ায় বেশিরভাগ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকাল পর্যন্ত পদ্মা সেতু হয়ে কয়েকটি রুটে সীমিতসংখ্যক বাস চললেও অধিকাংশ পরিবহন চলাচল করেনি। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বাস চলাচলে ঝুঁকির মুখে ছয় এলাকা
পরিবহনমালিক ও শ্রমিকদের তথ্য অনুযায়ী, পদ্মা সেতু হয়ে বাস চলাচলের পথে ছয়টি স্থান বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এগুলো হলো—গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়াপাড়া ও খুলনা জিরো পয়েন্ট।
এসব এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে গত ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানানো হয়েছে।
পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৭ নভেম্বর থেকে এসব এলাকার কোথাও না কোথাও সংঘর্ষ, সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব কারণে স্বাভাবিক সময়েও এ পথে বাস চলাচল কমিয়ে দিয়েছেন মালিকেরা।
মোল্লারহাট ও জাজিরায় সংঘাতের পর বন্ধ পরিবহন
পরিবহনমালিকদের ভাষ্য, শনিবার (২৮ নভেম্বর) বিকালে মোল্লারহাট সেতুতে সংঘর্ষের পর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ কয়েকটি জেলার দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দিনের বেলায় ঢাকায় ফেরার পথে একটি বাস হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর সন্ধ্যা থেকে ওই পথে বাস চলাচল বন্ধ রাখেন মালিকেরা।
রোববার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকাল ৫টা থেকেই গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না।
বরগুনা থেকে ঢাকাগামী বাসও বন্ধ
অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা থেকেও রাজধানীমুখী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। তবে বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি রোকনুজ্জামান সালাম জানান, শনিবার রাতে বরগুনা থেকে ঢাকাগামী বাস ছেড়ে গেছে এবং ঢাকাসহ বিভিন্ন স্থান থেকেও কিছু বাস ফিরেছে। কিন্তু নিরাপত্তাঝুঁকির কারণে রোববার রাজধানীর সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, বাস ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় পরিবহনমালিকেরা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিদিন চলত দেড় হাজার বাস
পরিবহনমালিক ও শ্রমিকদের হিসাব অনুযায়ী, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার বাস চলাচল করে। বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুরের বাসও এ পথ ব্যবহার করে।
অন্তত ১৫টি বড় পরিবহন কোম্পানিসহ অসংখ্য ছোট প্রতিষ্ঠান এই রুটে বাস পরিচালনা করে। এসব বাসের অধিকাংশ ঢাকার সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়।
বর্তমান পরিস্থিতিতে কিছু পরিবহন বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে সীমিতসংখ্যক বাস চালাচ্ছে। তবে পদ্মা সেতু হয়ে নিয়মিত বাস চলাচল ব্যাহত থাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।












