দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে মার্কেটে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দেওয়া হবে।
রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।
সভা শেষে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তগুলোর বিস্তারিত জানানো হয়।
সোলার প্যানেল স্থাপনে ঋণ, মান নিয়ন্ত্রণে জোর
বিদ্যুৎ সাশ্রয় এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে যেসব মার্কেট কর্তৃপক্ষ সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে চায়, তাদের জন্য সরকার ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দেবে।
তবে সৌরবিদ্যুৎ প্যানেলের মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছে দোকান মালিক সমিতি। তাদের দাবি, প্যানেল স্থাপন ও সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআইয়ের সনদ বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে। নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপনের ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।
প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ
সভায় দেশের বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা নিয়েও উদ্বেগ তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। তাদের দাবি, দেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সাধারণ মানুষ এসব ঘটনাকে লোডশেডিং মনে করলেও সমিতির মতে, এর বড় অংশই সরবরাহব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে হয়ে থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে থাইল্যান্ডের সঙ্গে তুলনা করে বলা হয়, দেশটিতে একজন গ্রাহক বছরে গড়ে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েন। বিপরীতে বাংলাদেশে প্রতিদিন তিনবার বিভ্রাট হলে একজন গ্রাহককে বছরে ১ হাজার ৯৫ বার এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
এ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রিপেইড মিটারের চার্জ নিয়ে অসন্তোষ
প্রিপেইড বিদ্যুৎ মিটারে টাকা রিচার্জের পর গ্রাহকেরা পুরো অর্থ দেখতে পান না—এমন অভিযোগও সভায় তুলে ধরে সমিতি। তাদের বক্তব্য, বিদ্যুৎ ব্যবহারের খরচ ছাড়াও পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়। এতে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হচ্ছে।
মিটারের ভাড়া বাতিল করা হলেও এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র না থাকায় কোথাও কোথাও এখনো ভাড়া কাটা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
সমিতির প্রস্তাব, মোবাইল ফোনে রিচার্জের মতো প্রিপেইড মিটারে গ্রাহক যত টাকা জমা দেবেন, মিটারে যেন সেই পুরো অর্থই প্রদর্শিত হয়। অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করার প্রস্তাব মন্ত্রী গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সার্ভিস লাইনের তার চুরি বন্ধের দাবি
সভায় বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির বিষয়টিও তুলে ধরা হয়। সমিতির অভিযোগ, বিভিন্ন এলাকায় শত শত বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংযোগ লাইনের তার চুরি হচ্ছে। এতে গ্রাহকদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে।
এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে ঋণ দেবে সরকার।












